পাবনায় একই দিনে পাঁচজন নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমে খবর এল, ১১ মে তিন সহোদরকে একদল মানুষ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে তুলে নিয়ে গেছে। পরে জানা গেল, একই দিনে সেখান থেকে আরও দুজনকে একই কায়দায় তুলে নিয়ে যাওয়া হয়েছে। স্থান পাবনার ফরিদপুর উপজেলা। গত ১৪ দিনেও এই নিখোঁজ পাঁচজনের হদিস মেলেনি। কারও সন্তান, স্বামী ও ভাই যদি ১৪ দিন ধরে নিখোঁজ থাকে, তাহলে তাদের মনের কী অবস্থা হয়, তা ভুক্তভোগী মাত্রই জানে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথারীতি বলছে, তারা কিছু জানে না। আমাদের বক্তব্য হচ্ছে, এই ঘটনার সঙ্গে যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্পৃক্ততা না থাকে তবে তাঁদের কে বা কারা তুলে নিয়ে গেছে, সেটা বের করার দায়িত্ব তাদেরই। একই সঙ্গে নিখোঁজ হওয়া ব্যক্তিদের সহি সালামতে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়াও তাদের কাজ।
একই দিনে তুলে নেওয়া হয় পাবনার আরও দুজনকে নিখোঁজ ব্যক্তিদের বিরুদ্ধে কোনো মামলা বা অভিযোগ থাকলেই তঁাদের এভাবে নিখোঁজ হয়ে যাওয়ার বিষয়টি বৈধ হয়ে যায় না। সে ধরনের অভিযোগ থেকে থাকলে তাঁদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়াই আইনের শাসন কার্যকর থাকার লক্ষণ। দীর্ঘদিন ধরে আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ করছি যে এ ধরনের ঘটনার পর অনেকে ‘নিখোঁজ’ই থেকে যাচ্ছেন। কোনো কোনো ক্ষেত্রে লাশ মিলছে। এই হত্যাকাণ্ডগুলোর কোনো বিহিত বা বিচার হচ্ছে না।
পরিবারগুলোর দাবি অনুযায়ী এই পাঁচজনকে যেভাবে তুলে নিয়ে যাওয়া হয়েছে তা স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরের বাইরে থাকা বিস্ময়কর। আর ঘটনার এত দিন পরও যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এর কোনো কূলকিনারা না করতে পারে, তবে সেটা তাদেরই ব্যর্থতা। আমরা আশা করব, নিখোঁজ পাঁচজনের খোঁজ আইনশৃঙ্খলা বাহিনী খুব শিগগির নিশ্চিত করতে পারবে। তাঁদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, তাহলে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমেই এসবের বিহিত হোক।