যথাসময়ে ব্যবস্থা না নিলে মাদকের বিস্তার বা নেশায় আসক্ত হওয়া লোকজনের সংখ্যা কীভাবে বাড়তে পারে এবং পরিস্থিতি কোথায় গিয়ে ঠেকতে পারে, তার অন্যতম দৃষ্টান্ত সম্ভবত পাবনা ও ঈশ্বরদী। এখানকার মাদকের সমস্যা এখন আর কোনো একটি নির্দিষ্ট শ্রেণি, পেশা বা বয়সে আটকে নেই। এক দিনে এই পরিস্থিতি হয়নি, বোঝা যায় এই সমস্যা সংশ্লিষ্ট সব মহলের কার্যকর নজরদারির বাইরে ছিল।
সম্প্রতি প্রথম আলোর উদ্যোগে এই অঞ্চলে যে গোলটেবিল বৈঠক ও মুক্ত আলোচনা হয়েছিল, সেখানে স্থানীয় নাগরিক সমাজের তরফে মাদককে ১ নম্বর সামাজিক সমস্যা হিসেবে তুলে ধরা হয়েছিল। এ বিষয়কে বিবেচনায় নিয়ে প্রথম আলোর পক্ষ থেকে প্রতিবেদন তৈরি করতে গিয়েও দেখা গেল পরিস্থিতি কতটা ভয়াবহ পর্যায়ে গিয়ে ঠেকেছে। সাধারণ ছাত্র, মেধাবী ছাত্র, বেকার তরুণ, ব্যবসায়ী, গাড়িচালক বা শ্রমিক থেকে শুরু করে সব পর্যায়েই নেশা ছড়িয়ে পড়েছে। আছে কিশোরী ও তরুণী, এমনকি ছিন্নমূল শিশুরাও।
পাবনা শহরটি এই অঞ্চলের শিক্ষা শহর হিসেবে পরিচিত। এক এডওয়ার্ড কলেজেই পড়ে প্রায় ২৬ হাজার শিক্ষার্থী। সব মিলিয়ে শহরে প্রায় ৫০ হাজার শিক্ষার্থী পড়াশোনা করে। যে অঞ্চলে শিক্ষা শহরের অবস্থান, সেখানে মাদকের এমন ব্যাপক বিস্তার সত্যিই দুর্ভাগ্যজনক। এটা পরিষ্কার যে পাবনা জেলার মাদক পরিস্থিতি এখন এমন জায়গায় গিয়ে ঠেকেছে, এটা সামাল দেওয়া সহজ কাজ নয়। যারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত, তারা দীর্ঘদিনে নিজেদের শিকড় যথেষ্ট গভীরে গেড়েছে।
স্থানীয় প্রশাসন বর্তমানে মাদকের বিরুদ্ধে কিছু ব্যবস্থা নেওয়া শুরু করেছে। এটা জরুরি এবং আমরা চাই আরও জোরালো ও ধারাবাহিকভাবে তা অব্যাহত থাকুক। কিন্তু এর সঙ্গে যা জরুরি, তা হচ্ছে মাদকের বিরুদ্ধে জনমত ও সামাজিক সচেতনতা সৃষ্টি। সেখানকার নাগরিক সমাজ ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলোকে এ ব্যাপারে এগিয়ে আসতে হবে।