উচ্চমাত্রার ঝুঁকি সত্ত্বেও পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র আজকের দুনিয়ার জোরালো বাস্তবতা। নিরাপদ জ্বালানি, দামসাশ্রয়ী ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে সক্ষম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দিকে তাই অনেক দেশকে নতুন করে তাকাতে হচ্ছে। বাংলাদেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা বিবেচনায় নিয়ে সরকার পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের দিকে এগোচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এ ধরনের উচ্চ প্রযুক্তির বিদ্যুৎকেন্দ্র স্থাপন ও পরিচালনার সক্ষমতা কি বাংলাদেশ অর্জন করেছে বা তা অর্জনে সঠিক পথে এগোচ্ছে?
পাবনার রূপপুরে যে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র হচ্ছে, তার নির্মাতা রাশিয়া। পরামর্শ পাওয়া যাবে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) কাছ থেকে। কিন্তু এ ধরনের একটি বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তার সব দায়দায়িত্ব বাংলাদেশকেই নিতে হবে।
ভূমিকম্প প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নিতে হবেকোনো দেশে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের ক্ষেত্রে আইএইএ যে আটটি প্রশ্ন বিবেচনায় নিতে বলে, তার এক নম্বরে রয়েছে জনবল। প্রয়োজনীয় জনবল না থাকলে, তবে বাকি প্রশ্নগুলো বিবেচনায় নেওয়ারই সুযোগ নেই। বিশেষজ্ঞরা বলছেন, এই দিকটিতে বাংলাদেশ আদৌ কোনো গুরুত্ব দেয়নি। প্রথম বিদ্যুৎকেন্দ্র নির্মাণকারী দেশে অভিজ্ঞ জনবল থাকবে না, এটাই স্বাভাবিক। কিন্তু ২০০৯ সালে যখন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নিয়ে কার্যকরভাবে যাত্রা শুরু হলো, তখন থেকে উদ্যোগ নেওয়া হলেও এত দিনে কিছু জনবল তৈরি করা যেত। রাশিয়ার সঙ্গে দর–কষাকষির জন্যও তো সক্ষম জনবল দরকার। প্রয়োজনীয় জনবল তৈরি না করে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দিকে এগোনো কতটুকু যৌক্তিক হচ্ছে?
বিবেচনায় নেওয়ার মতো আরও কিছু গুরুত্বপূর্ণ দিক রয়েছে। এ ধরনের একটি ব্যয়বহুল ও বড় প্রকল্পের ক্ষেত্রে ‘ফিন্যান্সিয়াল ক্লজ’ বা পুরো আর্থিক বিবরণী বলে যে বিষয় থাকে, এ ক্ষেত্রে তার কোনো অস্তিত্ব নেই। ফলে অস্বচ্ছতা, অনিয়ম ও দুর্নীতির সুযোগ থেকে যায়। এ ছাড়া এই প্রকল্পে যে প্রযুক্তি ব্যবহারের কথা বলা হচ্ছে, তার কিছু কারিগরি ত্রুটি-বিচ্যুতি ধরা পড়েছে। নির্মাতা রুশ প্রতিষ্ঠানের কাছেই এর উন্নত ও পরবর্তী সংস্করণ রয়েছে, ফলে নতুন প্রযুক্তির দিকে যাওয়া উচিত কি না, সেটাও বিচার-বিবেচনা জরুরি।