পার্কে হকার পুনর্বাসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) গুলিস্তানের শহীদ মতিউর শিশুপার্কে হকারদের অস্থায়ী পুনর্বাসনের যে উদ্যোগ নিয়েছে, তা একধরনের খামখেয়ালিপূর্ণ পদক্ষেপ ছাড়া আর কিছুই নয়। আড়াই হাজারের বেশি হকারকে এই পার্কে পুনর্বাসনের ব্যবস্থা করা হলে পার্কটি যে তার অস্তিত্ব হারাবে তা সহজেই অনুমেয়।
গত বৃহস্পতিবার রাজধানীর গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালায় ডিএসসিসি। ওই দিন উচ্ছেদকে কেন্দ্র করে ডিএসসিসির কর্মকর্তা-কর্মচারী ও ছাত্রলীগের সঙ্গে হকার ও পাতাল মার্কেটের দোকানিদের দফায় দফায় সংঘর্ষ হয়। এ ঘটনার পরিপ্রেক্ষিতেই ডিএসসিসি শহীদ মতিউর শিশুপার্কের একাংশে হকারদের বসানোর সিদ্ধান্ত নেয়। বলা হচ্ছে এটা অস্থায়ী ব্যবস্থা এবং পরে পর্যায়ক্রমে তাদের অন্যত্র সরিয়ে নেওয়া হবে।
এমন একটি সিদ্ধান্ত নেওয়ার আগে ডিএসসিসির দুবার ভেবে দেখা দরকার ছিল। এখন গুলিস্তান এলাকার বিভিন্ন রাস্তা দখল করে রেখেছেন হকারেরা, নানা উদ্যোগ নিয়েও তাঁদের সরানো যাচ্ছে না। সাময়িকভাবে হলেও পার্কে পুনর্বাসনের ব্যবস্থা করা হলে পরে যে তাঁদের সেখান থেকে সরানো যাবে সেই নিশ্চয়তা কই? এমনিতেই পার্কটির অবস্থা খুব একটা ভালো নয়। পার্কের ভেতরে দেয়ালঘেঁষা হাঁটার রাস্তাটি ময়লা-আবর্জনা আর প্রস্রাবের দুর্গন্ধে ভরা। পলিথিন দিয়ে অস্থায়ী বসতি বানিয়ে বসবাস করছে বেশ কয়েকটি পরিবার। এখানে অনেকে প্রকাশ্যে মাদকদ্রব্য বেচাকেনা করে। পার্কের মাঝে পুকুর, এর পানিতে ভাসছে ময়লা-আবর্জনা; আরেকটি কৃত্রিম পুকুরও আবর্জনায় ভরা। পার্কের বিভিন্ন জায়গায় আগাছা বড় হয়ে অনেকটা জঙ্গলের রূপ নিয়েছে। ইতিহাসবিদ ও নগর পরিকল্পনাবিদেরা বলছেন, বিলুপ্তির হাত থেকে রক্ষা পেয়ে কোনোমতে টিকে থাকা এই পার্কে হকারদের পুনর্বাসন করা হলে এর ঐতিহ্য ও প্রাকৃতিক পরিবেশ ধ্বংস হয়ে যাবে
ইতিহাসবিদ ও নগর পরিকল্পনাবিদদের সঙ্গে সুর মিলিয়ে আমরাও বলতে চাই, এই পার্কে হকারদের অস্থায়ী পুনর্বাসন করা চলবে না। ডিএসসিসির উচিত পার্কটির সংস্কার করে জনসাধারণের ব্যবহার উপযোগী করে তোলা। ডিএসসিসির শুভবুদ্ধির উদয় হোক—এটাই আমাদের প্রত্যাশা।