পার্বত্য এলাকায় স্বাস্থ্যসেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমতলের তুলনায় তিন পার্বত্য জেলায় করোনার প্রাদুর্ভাব কম। সমতলের যেকোনো জেলায় যেখানে করোনায় আক্রান্তের সংখ্যা কয়েক হাজার কিংবা তারও বেশি, সেখানে গড়ে পার্বত্য জেলাগুলোতে হাজারের নিচে। এর কারণ হিসেবে বলা হয়, পাহাড়ি তথা ক্ষুদ্র জাতিসত্তার মানুষের জীবনযাপনের পদ্ধতি তাদের রোগ প্রতিরোধক্ষমতা অনেক বাড়িয়ে দেয়। এ ছাড়া স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রেও তারা অধিকতর যত্নশীল। এটি খুবই উৎসাহব্যঞ্জক বিষয়।

কিন্তু সমস্যা হলো পার্বত্য এলাকায় স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় সামগ্রীর সরবরাহ অপ্রতুল। বৃহস্পতিবার বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্ক ও বাংলাদেশ নারী প্রগতি সংঘ করোনার বাস্তবতায় পার্বত্য চট্টগ্রামের নারী ও কিশোরীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষাবিষয়ক এক আলোচনা সভায় বাংলাদেশের তিন পার্বত্য জেলায় যৌন ও প্রজনন–স্বাস্থ্যসেবার করুণ চিত্র তুলে ধরা হয়। প্রজননস্বাস্থ্য সমস্যার সঙ্গে যুক্ত আছে ভৌগোলিক অবস্থান, স্বাস্থ্যসেবা ও শিক্ষাপ্রতিষ্ঠানের স্বল্পতা, সামাজিক প্রথা, আদিবাসীদের প্রথাগত নিয়মনীতি, জীবনযাত্রার মান ও অর্থনৈতিক অবস্থা। যাতায়াত সমস্যাসহ প্রান্তিক অবস্থানের কারণে পার্বত্য চট্টগ্রামের নারী ও কিশোরীদের স্বাস্থ্যসেবা পাওয়া কঠিন। যথাযথ চিকিৎসাসুবিধা না পাওয়া এবং প্রয়োজনীয় উপকরণের অভাবে তাঁরা ঝুঁকিতে আছেন। তাঁদের অধিকাংশই মাসিক ঋতুস্রাবের সময় ঝুঁকিপূর্ণ উপকরণ ব্যবহার করছেন। তাই তাঁদের জন্য স্যানিটারি উপকরণ ও ওষুধ নিয়মিত সরবরাহ করা একান্ত প্রয়োজন। এই মহামারিকালে পার্বত্য চট্টগ্রামে অনলাইনভিত্তিক স্বাস্থ্যসেবা পাওয়ার জন্য মোবাইল সার্ভিসের দোকানগুলোকে অনলাইন স্বাস্থ্যসেবাকেন্দ্র হিসেবে ব্যবহার করা, ওয়ার্ড পর্যায়ে একজন করে নারীকে স্বাস্থ্য ও ধাত্রীবিদ্যায় প্রশিক্ষণ দেওয়া উচিত। ওই অঞ্চলের অধিবাসীদের ন্যূনতম স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারকে এসব পরামর্শ দেওয়া হয়েছে সেদিনের আলোচনায়। সরকারের উচিত এগুলো গুরুত্বসহকারে আমলে নেওয়া। প্রতিটি স্বাস্থ্যকেন্দ্রে প্রয়োজনীয় ওষুধ, অপারেশনের যন্ত্রপাতি ও অন্যান্য উপকরণের জোগান বাড়ানোও বিশেষ প্রয়োজন।

পার্বত্য চুক্তি অনুযায়ী স্থানীয় স্বাস্থ্য বিভাগ পরিচালিত হয় জেলা পরিষদের তত্ত্বাবধানে। ফলে স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনায় জনগণের অংশীদারত্ব বেড়েছে। সমস্যা হলো সাধ আছে, সাধ্য নেই। পার্বত্য এলাকায় স্বাস্থ্যসেবায় যে অর্থ বরাদ্দ করা হয়, তা প্রয়োজনের তুলনায় অনেক কম। ওই অঞ্চলে ম্যালেরিয়া ও হামের প্রকোপ বেশি। নিরাপদ পানির অভাবে পানিবাহিত রোগেরও বিস্তার ঘটে থাকে। এ কারণে প্রতিটি ইউনিয়নে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র এবং ওয়ার্ডভিত্তিক কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করা প্রয়োজন।

আশা করি, কর্তৃপক্ষ বিষয়টির প্রতি সুদৃষ্টি দেবে।