পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২০ বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৯৯৭ সালের ২ ডিসেম্বর পার্বত্য চুক্তি সইয়ের ঐতিহাসিক মুহূর্ত। ছবি: সংগৃহীত
১৯৯৭ সালের ২ ডিসেম্বর পার্বত্য চুক্তি সইয়ের ঐতিহাসিক মুহূর্ত। ছবি: সংগৃহীত

 অস্বীকার করার উপায় নেই যে চুক্তি সইয়ের পর পার্বত্য চট্টগ্রামে যুদ্ধাবস্থার অবসান হয়েছে। যোগাযোগব্যবস্থার উন্নয়ন ঘটেছে। অনেক শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপিত হয়েছে। তবে প্রশ্ন উঠেছে, এসব উন্নয়ন পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে কতটা আস্থা তৈরি করতে পেরেছে? চুক্তি সইয়ের পরও দীর্ঘদিন এলাকাটি মুঠোফোন নেটওয়ার্কের বাইরে রাখা হয়েছিল। তত্ত্বাবধায়ক সরকারের আমলে পাহাড়ের মানুষ প্রথম এই সুবিধা পায়। উন্নয়নের নামে নির্বিচারে পাহাড়-বন ধ্বংস করার পরিণাম যে কতটা ভয়াবহ হতে পারে, তার আলামত পাওয়া গেছে বিগত বর্ষা মৌসুমে পাহাড়ধসে শতাধিক মানুষের মৃত্যুর মধ্য দিয়ে।

  যেকোনো চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বিরোধ দেখা দিলে আলোচনার মাধ্যমেই তা নিষ্পত্তি করতে হয়। কিন্তু এখানে সরকার ও জনসংহতি সমিতির মধ্যে আলোচনা করে সমস্যা সমাধানের উদ্যোগ দেখা যায় না। প্রথম আলোর একটি খবরের শিরোনাম ছিল, ‘পাল্টাপাল্টি করেই ২০ বছর পার’। দেশবাসী আর পাল্টাপাল্টি দেখতে চায় না। আলোচনার মাধ্যমেই সব বিরোধের নিষ্পত্তি করতে হবে। সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে স্থানীয় প্রশাসন। বিশেষ করে তিন পার্বত্য জেলায় যাঁরা কাজ করেন, তাঁদের মানসিকতা পরিবর্তনের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। স্থানীয় বাস্তবতা, পাহাড়ি জনগণের জীবনযাপন ও তাদের সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল থেকেই প্রশাসন পরিচালনা করলে অনেক সমস্যারই সমাধান সম্ভব। উন্নয়ন প্রকল্প বা পরিকল্পনায় পাহাড়ের আদি বাসিন্দাদের স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে।

 আবার জনসংহতি সমিতিরও উচিত সবকিছুতে সন্দেহ না করে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠার উদ্যোগকে ইতিবাচকভাবে দেখতে হবে। তারা এসব প্রতিষ্ঠানের বিরোধিতা না করে বরং সেখান থেকে কীভাবে নিজেরা উপকৃত হতে পারে, সে ব্যাপারে তাদের ন্যায্য দাবিদাওয়া তুলে ধরতে পারে। জনসংখ্যার ভারসাম্য নিয়ে পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে যে ভয় ও শঙ্কা আছে, তা দূর করতে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত। পার্বত্য অঞ্চলের শান্তি ও সমৃদ্ধির জন্য চুক্তি পুরোপুরি বাস্তবায়নের বিকল্প নেই।