পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত সোমবার মন্ত্রিসভার বৈঠকে ‘পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধন) আইন, ২০১৬’-এর যে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে, তা বিলম্বে হলেও সেখানকার ভূমিবিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে ইতিবাচক ফল দেবে বলে আশা করি। মূল আইনে ভূমি কমিশনে চেয়ারম্যানের সিদ্ধান্তই ছিল চূড়ান্ত। সংশোধনীতে সেটি পরিবর্তন করে চেয়ারম্যানসহ সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার বিধান রাখা হয়েছে। পাঁচ সদস্যের এই কমিশনে কোরাম হওয়ার ক্ষেত্রে চেয়ারম্যানসহ দুজন সদস্যের স্থলে তিনজন উপস্থিত থাকার কথাও বলা হয়েছে সংশোধনীতে। এ ছাড়া পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির পক্ষ থেকে যেসব সুপারিশ করা হয়েছিল, তারও অধিকাংশ গ্রহণ করা হয়েছে।
সে ক্ষেত্রে ভূমি কমিশন সক্রিয় করার ক্ষেত্রে আর বাধা আছে বলে মনে হয় না। একাধিক পাহাড়ি নেতা সংশোধনীকে স্বাগত জানিয়ে দ্রুত ভূমিবিরোধ নিষ্পত্তির তাগিদ দিয়েছেন। মন্ত্রিপরিষদ সচিবও সংসদ অধিবেশনের অনুপস্থিতিতে অধ্যাদেশের মাধ্যমে অবিলম্বে এটি আইনে পরিণত করার কথা বলেছেন।
১৯৯৭ সালের ২ ডিসেম্বর তৎকালীন আওয়ামী লীগ সরকারের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির চুক্তির ফলে পাহাড়ে কয়েক দশকের সংঘাতের অবসান ঘটে। গত ১৮ বছরে পার্বত্য চুক্তির অনেক ধারা বাস্তবায়িত হয়েছে। কিন্তু পাহাড়িদের মূল যে দাবি ভূমির ওপর তাদের অধিকার প্রতিষ্ঠা, তার সুরাহা করা যায়নি নানা জটিলতার কারণে। আশা করা যায়, ভূমি কমিশন আইনের সংশোধনীর পর বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হকের নেতৃত্বাধীন কমিশন দ্রুত কাজ শুরু করবে। বর্তমানে ভূমিবিরোধ নিয়ে চার হাজারের বেশি মামলা আছে। সেগুলো নিষ্পত্তি করাই হবে তাদের প্রধান কর্তব্য।
পাহাড়িদের দাবি, চুক্তি সই হওয়ার পরও তাদের অনেক জমি বেদখল হয়ে গেছে। আইনি সুরক্ষা না পেলে আরও জমি হাতছাড়া হওয়ার শঙ্কা রয়েছে। এ কথা সত্য যে পাহাড়ে এখন মোটামুটি শান্তি বজায় আছে। কিন্তু ভূমিবিরোধের নিষ্পত্তি ছাড়া সেখানে স্থায়ী শান্তি ও টেকসই উন্নয়ন অধরাই থেকে যাবে।