পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ে গিয়ে প্রধানমন্ত্রী অতীতের মতো আবারও পার্বত্য জনগণের ভূমির অধিকার নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন। এই আশ্বাস তাঁর নেতৃত্বাধীন সরকারের ১৯৯৭ সালে পার্বত্য চুক্তি স্বাক্ষরের সময় থেকেই দেওয়া হলেও এর বাস্তবায়ন হয়নি। পাহাড়িদের ভূমিবঞ্চনার প্রতিকার করবে যে প্রতিষ্ঠান, সেই ভূমি কমিশনই কার্যকর নয়। ফলে পাহাড়িদের জমি ও বসতি বেহাত হয়ে যাচ্ছে।
২০০৯ সালে একজন অবসরপ্রাপ্ত বিচারককে ভূমি কমিশনের চেয়ারম্যান নিয়োগ করা হয়। কার্যত ভূমি বিরোধ নিষ্পত্তির বদলে তিনি পাহাড়িদের ভূমিবঞ্চনাকে আরও বিস্তৃত করেন বলে অভিযোগ। সম্প্রতি সরকার নতুন আরেকজনকে কমিশনের চেয়ারম্যান করেছে বটে, কিন্তু এই কমিশনকে কার্যকর করার জন্য যে আইন ও প্রতিষ্ঠান থাকা দরকার, তা অনুপস্থিত। কমিশনের বরাদ্দ অপ্রতুল, লোকবল নেই। এ ধরনের প্রতিষ্ঠান পাহাড়িদের স্বার্থ রক্ষার বদলে দখলদারদের হাতিয়ার হিসেবেই ব্যবহৃত হবে।
প্রধানমন্ত্রী পার্বত্য চুক্তির ৭২টি ধারার মধ্যে ৪৮টি বাস্তবায়িত হয়েছে বলে দাবি করেছেন। পাহাড়িদের হারানো ভূমি ফেরত না পাওয়া, বাঙালি ব্যক্তি ও প্রতিষ্ঠান কর্তৃক জমি আত্মসাৎ করার ঘটনা উল্টো চিত্রই হাজির করে। এখনো ভূমি প্রশাসন ও পুলিশ প্রশাসনের দায়িত্ব পার্বত্য জেলা পরিষদের হাতে অর্পণ করা হয়নি। জেলা পরিষদগুলো চলছে সরকার মনোনীত ব্যক্তিদের দ্বারা। আঞ্চলিক পরিষদগুলোর নির্বাচনের জন্য ভোটার তালিকা সংশোধনের সুস্পষ্ট নির্দেশনা ছিল চুক্তিতে। অথচ কোনো সরকারই এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেয়নি। এখনো আমলাতন্ত্র এবং রাজনৈতিক-ব্যবসায়িক স্বার্থগোষ্ঠীই পার্বত্য চট্টগ্রামের ভাগ্যবিধাতা হয়ে আছে। এর ফলে যে প্রত্যাশা নিয়ে পাহাড়িরা শান্তি চুক্তি করেছিল, তা অপূর্ণই রয়ে গেছে।
ভূমির ওপর পাহাড়িদের অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি আশা করা যায় না। অতএব, অবিলম্বে ভূমি কমিশনকে কার্যকর করে ভূমি সমস্যার সমাধানসহ পার্বত্য চুক্তির পূর্ণ বাস্তবায়ন জরুরি। প্রধানমন্ত্রীর আশ্বাসের বাস্তবায়নই দেখতে চায় পার্বত্য চট্টগ্রামবাসী।