আদিবাসীদের বিশ্বাস ভঙ্গ ঘটিয়ে আবারও তিন পার্বত্য জেলা পরিষদে সরকারি দলের বাছাই করা লোকদের নিয়ে আসা হলো। সরকারি পরিভাষায় এর নাম তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, যা দুই দশকের বেশি সময় ধরে চলে আসছে।
এই পুনর্গঠন প্রক্রিয়ায় কোনো ভোটাভুটির ব্যাপার নেই। জেলা পরিষদগুলো কয়েক বছর পর পর ফ্যাক্সের অপেক্ষায় থাকে। ঢাকা থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ফ্যাক্সযোগে নতুন চেয়ারম্যান ও সদস্যদের নাম ঘোষণা করে। তাই স্থানীয়রা রসিকতা করে এর নাম দিয়েছেন ফ্যাক্স চেয়ারম্যান। জাতীয় রাজনীতিতে পরস্পরের বিরুদ্ধে অবস্থান নেওয়া আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে এ ব্যাপারে অদ্ভুত মিল লক্ষ করা গেছে। এটি পাহাড়ি জনগণের প্রতি উপহাস বৈকি। এভাবে অনির্বাচিত ব্যক্তিদের দিয়ে অনির্দিষ্টকালের জন্য স্থানীয় সরকার সংস্থা গড়ে তোলা হয়েছে, তা বাংলাদেশ সংবিধানের ১১ ও ৫৯ অনুচ্ছেদের সুস্পষ্ট লঙ্ঘন। এই অনুচ্ছেদে আছে, প্রত্যেকটি ‘প্রশাসনিক একাংশ’ (তিন পার্বত্য জেলা পরিষদ আইন দ্বারা প্রশাসনিক একাংশ হিসেবে নির্দিষ্ট রয়েছে) কেবলমাত্র নির্বাচিত জনপ্রতিনিধি সমন্বয়ে পরিচালিত হবে।
তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠনদুঃখজনক হলেও সত্য, জেনারেল এরশাদের শাসনামলে তিন পার্বত্য জেলা পরিষদে ১৯৮৯ সালের ২৫ জুন প্রথম ও শেষবারের মতো পাহাড়ের মানুষ ভোট দিয়ে তিন বছর মেয়াদে তাঁদের স্থানীয় সরকার প্রতিনিধি নির্বাচিত করতে পেরেছিলেন। এরপর এই তিনটি পরিষদে সরকারি দলের আশীর্বাদপুষ্ট লোকেরাই বিভিন্ন পদে অধিষ্ঠিত হয়ে আসছেন। দুঃখের বিষয়, ১৯৯৭ সালে পার্বত্য চুক্তি সইয়ের পর এ রকম অচলাবস্থা অবসানের যে সম্ভাবনা দেখা গিয়েছিল, তা কাজে লাগানোরও কোনো উদ্যোগ নেই।
আমরা মনে করি, পার্বত্য চুক্তি বাস্তবায়নের রাজনৈতিক জটিলতা থেকে নির্বাচিত জনপ্রতিনিধি সমন্বয়ে জেলা পরিষদ গঠনের সাংবিধানিক বাধ্যবাধকতা আলাদা করা উচিত। কারণ, কথিত পুনর্গঠনে কেবল সংবিধানই নয়, সুপ্রিম কোর্টের একটি রায়েরও লঙ্ঘন ঘটছে। এর অবসান হওয়া দরকার।