পাল্টাপাল্টি জনসমাবেশের ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল ৫ জানুয়ারি সরকারের দুই বছর পূর্তির দিনে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে পাল্টাপাল্টি জনসমাবেশ অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধী দল বিএনপি। এর ফলে শান্তিশৃঙ্খলার ব্যাপারে জনমনে যে উদ্বেগ দেখা দিয়েছে, তা দূর করার দায়িত্ব সংশ্লিষ্টদের নিতে হবে।
গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, বিএনপি জনসমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদনপত্র জমা দিয়েছে গত ৩১ ডিসেম্বর। আর আওয়ামী লীগ জনসমাবেশের ঘোষণা দিয়েছে ২ জানুয়ারি। এ খবর সত্য হলে আওয়ামী লীগের তরফ থেকে প্রতিপক্ষ বিএনপির কর্মসূচিতে বাগড়া দেওয়ার ইচ্ছাই প্রকাশিত হয়। এটা দৃষ্টিকটু। এ ধরনের মানসিকতা রাজনৈতিক সংস্কৃতির পক্ষে অত্যন্ত ক্ষতিকর। এমনকি আওয়ামী লীগের পক্ষ থেকে আগে আবেদন করা হয়ে থাকলেও ক্ষমতাসীন দল হিসেবে তাদের উচিত বিএনপিকে শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে দেওয়া।
তবে ডিএমপির কমিশনার আছাদুজ্জামান মিয়া এই পরস্পরবিরোধী কর্মসূচির ঘোষণা সম্পর্কে সংবাদমাধ্যমকে যা বলেছেন, তাতে ধারণা করা হচ্ছে, কোনো দলই হয়তো অনুমতি পাবে না। তিনি বলেছেন, ‘সাংঘর্ষিক কোনো কর্মসূচি, যেখানে জননিরাপত্তা বিঘ্নিত হতে পারে’, তার অনুমতি দেওয়া হবে না। জনশৃঙ্খলার স্বার্থে পুলিশ কর্তৃপক্ষের এমন অবস্থানই স্বাভাবিক, কিন্তু এটাও কোনো সমীচীন সমাধান নয়। শান্তিশৃঙ্খলা বজায় রেখে রাজনৈতিক কর্মসূচি পালনের অধিকার সব রাজনৈতিক দলের সংবিধান প্রদত্ত অধিকার। এই অধিকারচর্চা নিশ্চিত করা গণতান্ত্রিক সরকারের দায়িত্ব এবং সেই দায়িত্ব পালনে সরকারকে সহযোগিতা করা ক্ষমতাসীনসহ সব রাজনৈতিক দলের কর্তব্য।
সাংঘর্ষিক কর্মসূচি ঘোষণা করে রাজনৈতিক প্রতিপক্ষের কর্মসূচিতে বাগড়া দেওয়ার কৌশল যদি একটা দৃষ্টান্তপূর্ণ হাতিয়ার হিসেবে গৃহীত হয়, তাহলে গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি বিকাশের পক্ষে তা হবে অত্যন্ত ক্ষতিকর। তাই গত বছরের ঘটনাপ্রবাহের পুনরাবৃত্তি যাতে না ঘটে, সে ব্যাপারে সরকার ও ক্ষমতাসীন দলের মনোযোগী হওয়া উচিত। বিএনপিকেও নিশ্চিত করতে হবে, অনুমতি পেলে তারা তাদের কর্মসূচি পরিপূর্ণ শান্তিশৃঙ্খলার সঙ্গে পালন করবে।