পাশ্চাত্য সেনা প্রত্যাহার ও আফগানিস্তানের ভবিষ্যৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রেসিডেন্ট বারাক ওবামার পুনর্নির্বাচনের পর এটা তো ধরেই নেওয়া যায় যে আফগানিস্তান থেকে পাশ্চাত্য সেনা প্রত্যাহারের চিন্তাভাবনা অপরিবর্তিত রবে। আফগানিস্তানে পাশ্চাত্যের সামরিক হস্তক্ষেপের প্রথম বছরগুলোতে ধারণা ছিল যে যুদ্ধক্ষেত্রে সাফল্যের ওপরই নির্ভর করবে এই প্রত্যাহারের সময়সূচি। কিন্তু যুক্তরাষ্ট্রের শিকাগোতে ২০ ও ২১ মে ২০১২-তে ন্যাটোভুক্ত দেশগুলোর সম্মেলনের পর এটা এখন স্পষ্ট যে এই সেনা প্রত্যাহার যুদ্ধে সাফল্যভিত্তিক না হয়ে আসলে হবে সময় অর্থাৎ ক্যালেন্ডারভিত্তিক। অবস্থা যা-ই হোক না কেন, এই সেনা প্রত্যাহার কার্যকর হবে ২০১৪ সালের মধ্যেই। ঘোষণায় অবশ্য বলা হয়েছে যে আফগানিস্তানের শতকরা ৭৫ ভাগ মানুষ অচিরেই আফগানিস্তানের নিজস্ব নিরাপত্তা বাহিনীর (এএনএসএফ) নিয়ন্ত্রিত এলাকার মধ্যে বসবাস করবে। এই আশাটি আফগানিস্তানের বর্তমান ঘটনাপ্রবাহের নিরিখে নেওয়াতেই অবাস্তব মনে হয়।২০১২ সালের মে মাসের শিকাগো ঘোষণার গালভরা কথার মধ্যে অনেক ফাঁক রয়ে গেছে। যেমন, বলা হয়নি যে মূল সেনাবাহিনী প্রত্যাহারের পর আফগানিস্তানে কোনো বিদেশি সেনা থাকবে কি না এবং থাকলে তাদের সংখ্যা কত হবে? অবশ্য এ নিয়ে আফগান সরকারের সঙ্গে আলাপ-আলোচনার অবকাশ রয়েছে। তবে এই সেনারা যে সম্মুখসমরে অবতীর্ণ না হয়ে প্রশিক্ষক এবং পথপ্রদর্শকের আঞ্চলিক নিরাপদ ভূমিকায় অবস্থান করবে, এই বিষয়টি স্পষ্ট। তবে কি ধরে নেওয়া যেতে পারে যে তাদের ভূমিকা প্রধানত হবে নজরদারি, গুপ্ত অবলোকন (ৎeconnaissance), তালেবানবিরোধী কর্মকাণ্ডে নেপথ্য সহায়তা এবং হয়তো বা ড্রোন বিমানের আক্রমণের মাধ্যমে তালেবানদের ঘাঁটিতে আঘাত হানার?আফগানিস্তানের সাড়ে তিন লাখ সদস্যবিশিষ্ট জাতীয় নিরাপত্তা বাহিনীর অর্থায়নের বিষয়টিতেও ঘোষণাটি অস্পষ্ট। এটা আশা করা বাতুলতাই হবে যে ভবিষ্যতে বছরের পর বছর ধরে যুক্তরাষ্ট্রের কংগ্রেস আফগান বাহিনীর বিপুল খরচ বহন করে যেতে আগ্রহী থাকবে। এটা আশা করাও বাতুলতা যে বিভিন্ন নৃতাত্ত্বিক গোষ্ঠী নিয়ে গঠিত এই বাহিনীটি কোনো এক জাদুমন্ত্রবলে ক্রমান্বয়ে শক্তি সঞ্চয় করবে। বরং এই আশঙ্কা তো রয়েই যায় যে এই বাহিনীটি সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন চাপে, গোষ্ঠীগত আনুগত্যে তাদের অস্ত্রসম্ভার নিয়েই বিচ্ছিন্ন হয়ে ছড়িয়ে পড়বে আফগানিস্তানের নগরে-প্রান্তরে।এই সম্ভাব্য পরিণতি তাদের গণনায় না নিয়েই যেন পাশ্চাত্য শক্তিবর্গ আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। দ্বিতীয় মহাযুদ্ধের শুরুতে হিটলারের অগ্রযাত্রার মুখে মিত্র সেনাদের পিছু হটবে ‘সসম্মানে পশ্চাদপসরণ’ বলে আখ্যায়িত করা হতো। সেই অর্থে পাশ্চাত্য বাহিনীর আফগানিস্তান থেকে প্রত্যাহার সসম্মানে ঘটুক, এটা পাশ্চাত্যের কাম্য। তবে তফাত এই যে দ্বিতীয় মহাযুদ্ধে মিত্রশক্তি অবশেষে বিজয়ী হয়েছিল। আফগানিস্তানে এই সংঘাতে পাশ্চাত্য বাহিনীর বিজয় লাভের বাসনায় প্রত্যাবর্তনের কথা আপাতত ভাবাই যায় না। আফগানিস্তানে ইতিহাসের ধূসর সময়ের আলেকজান্ডারের, খ্রিষ্টপূর্ব ৩২৬ থেকে, সেই অঞ্চলে বসবাসরত পশতুন, তাজিক, উজবেক, হাজারা সমন্বিত উপজাতীয় গোষ্ঠী বহির্বিশ্বের আনাগোনা প্রত্যক্ষ করেছে। মোগলদের সময় থেকে ১৭০০ সালে আহমদ শাহ আবদালি, ঊনবিংশ শতাব্দীর ব্রিটিশ, আর বিংশ শতাব্দীতে তদানীন্তন সোভিয়েত ইউনিয়নের আগমন আর প্রত্যাগমন, তাদের জাতীয় আর গোষ্ঠীগত অভিজ্ঞতার অন্তর্গত। একবিংশ শতাব্দীতে আফগানিস্তানে জড়িয়ে পড়ল ন্যাটোসহ যুক্তরাষ্ট্র। প্রশ্ন তো রয়েছেই যে ২০০১ সালে বুশের বোমাবাজি এবং ২০১১ সালের ৩০ হাজার সেনার সার্জসহ ওবামার সেনারা কি আফগানিস্তানে স্থায়ী এবং উল্লেখযোগ্য কিছু অর্জন করতে পেরেছে? অ্যাবোটাবাদে বিন লাদেন নিধনে হয়তো বা যুক্তরাষ্ট্রের ৯/১১-এর প্রতিশোধ নেওয়ার ‘তৃপ্তি’ রয়েছে, হয়তো বা তা ওবামাকে নির্বাচনে বিজয়ী হতে সহায়ক হয়েছে। কিন্তু তা আফগানিস্তান ভূখণ্ডের চলমান সংঘাতে কোনো প্রভাবই ফেলেনি। বরং আফগানিস্তানে বিন লাদেনের উপস্থিতি ঐতিহ্যবাহী পশতুন আতিথেয়তা বোধের জন্য বিব্রতকর ছিল। আজ আর তা নেই। এদিকে আফগান নিরাপত্তা বাহিনীর, অন্তত একাংশের মনোভাব এ থেকেই বোঝা যায় যে এই বছরেই তারা ৫১ জন আমেরিকান আর ন্যাটো সেনাকে মুখোমুখি হত্যা করেছে। এই ঘটনাগুলোকে ‘গ্রিন’ বনাম ‘ব্লু’-এর সংঘর্ষ বলে আখ্যায়িত করা হচ্ছে। আফগানদের উর্দির রং ‘গ্রিন’ অর্থাৎ সবুজ আর ন্যাটো বাহিনীর তা ব্লু অর্থাৎ নীল।২০০১ সালে আফগানিস্তানের ওপর বুশ সাহেবের নির্মম বোমাবাজি (সেই বছরে এ নিয়ে প্রথম আলোতে আমার বেশ কটি নিবন্ধ ছাপা হয়েছিল) আর প্রধানত তাজিক-উজবেক আর হাজারো গোষ্ঠীর সেনাদের নিয়ে গঠিত ‘নর্দান অ্যালায়েন্স’ এবং ন্যাটো সেনাদের তৎপরতার মুখে তালেবানদের ক্ষমতাকেন্দ্র ছেড়ে চলে যেতে হলো। কিন্তু পরাজিত যে তারা হয়নি তার প্রমাণ হলো ২০০৩ সাল থেকেই তার পুনর্বার সুসংহত হয়ে পাশ্চাত্য এবং তাদের সহযোগী আফগান সেনাদের ঘাঁটিতে হামলা হানছে। এই হামলার ব্যাপ্তি সংখ্যা এবং সাফল্য দিন দিনই বৃদ্ধি পাচ্ছে। এদিকে গত এক দশকে আফগানিস্তানে সত্যিকার অর্থে কোনো রাজনৈতিক অবকাঠামো গড়ে ওঠেনি। গণতন্ত্রের নামে তথাকথিত দুটি নির্বাচনে প্রেসিডেন্ট কারজাই জয়ী হয়েছেন বটে, কিন্তু পাশ্চাত্য সমর্থিত এই বিজয় পরিবর্তনের কোনো দৃশ্যমান প্রভাব ফেলেনি। দুর্নীতিতে আকণ্ঠ নিমগ্ন কারজাই সাংবিধানিক কারণে তৃতীয়বারের মতো প্রার্থী হতে পারছেন না। এদিকে ২০১৪ সালে অর্থাৎ পাশ্চাত্য সেনাদের প্রত্যাহারের বছরে অথবা তার আগেই আফগানিস্তানের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্য কোনো ‘কারজাই’ প্রেসিডেন্টের আসনে বসবেন, তা পাশ্চাত্যের জন্য কোনো ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে হয় না। অর্থাৎ ২০০১ সাল থেকে আজ পর্যন্ত বিভিন্ন ঘটনাপ্রবাহের মধ্যেও আফগানিস্তান যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়ে গেছে। জাতি গঠন অথবা গণতন্ত্রের নির্ভরযোগ্য একটি অবকাঠামো তৈরির ক্ষেত্রে কোনো উল্লেখযোগ্য সাফল্যই আসেনি। এই এক দশকের সংঘাতে ব্যয় হয়েছে হাজার হাজার মিলিয়ন ডলার, নিহত হয়েছে দুই হাজারেরও বেশি মার্কিন আর ন্যাটো সেনা, আহত ও পঙ্গু হয়েছে হাজার হাজার, প্রাণ হারিয়েছে নারী আর শিশুসহ শত শত বেসামরিক আফগান। আর এসবের মধ্যে আফগানিস্তান কোনো সৃষ্টির নয়, ধ্বংসেরই মুখ দেখেছে বারবার। আজ পাশ্চাত্য সেনাদের চলে যাওয়ার মুখে আফগানিস্তানের গোষ্ঠীনির্ভর এলাকাভিত্তিক ‘ওয়ার লর্ড’রা এতই শঙ্কিত যে তাঁরা নিজ নিজ বাহিনীর পুনর্গঠন শুরু করেছেন। তাঁদের মধ্যে কারজাই মন্ত্রিসভার মন্ত্রীরাও রয়েছেন। তাঁদের অজুহাত হচ্ছে এই বাহিনীগুলো তালেবানবিরোধী সংগ্রামে আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীকে সহায়তা করবে। কিন্তু অনেকের কাছে তা তাদের নিজেদের ঘর গোছানো, এমনকি সম্ভাব্য গৃহযুদ্ধের প্রস্তুতি বলে মনে হচ্ছে।পাশ্চাত্য বাহিনী চলে যাওয়ার পর আফগানিস্তানে যা ঘটবে তার মূলত দুটি মাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। প্রথমটি অভ্যন্তরীণ এবং দ্বিতীয়টি আঞ্চলিক তথা আন্তর্জাতিক। অভ্যন্তরীণ বিবর্তনে পাশ্চাত্যের আশা তো এই যে তাদের প্রশিক্ষণ আর সহায়তায় আফগান নিরাপত্তা বাহিনী, কারজাইয়ের উত্তরসূরির নেতৃত্বে তালেবানদের মোকাবিলা করবে। এদিকে পাশ্চাত্য শক্তিবর্গ তালেবানদের সঙ্গে আলাপ-আলোচনার যে উদ্যোগ নিয়েছিল, তা নিষ্ফলই হয়েছে বলে মনে হচ্ছে। বরঞ্চ তালেবানদের অবাধ বিচরণে আফগানিস্তানের দক্ষিণ-পূর্ব তালেবান অধ্যুষিত এলাকাগুলোর সঙ্গে পাকিস্তানের পাখতুনখাওয়া অঞ্চলের সীমানা নির্ধারণ আজ অসম্ভব। আফগানিস্তান আর পাকিস্তানের সেই অঞ্চল আজ তালেবানময়। তালেবানবিরোধী এই সংগ্রাম আফগানিস্তানের কোনো কোনো ওয়ার লর্ড আফগান বাহিনীকে সহায়তা দিতেও পারেন। তবে তা স্থায়ী অথবা ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা কম। এদিকে ওয়ার লর্ডদের নিজেদের মধ্যে ক্ষমতা বিস্তারের লড়াইয়ের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। চাপের মুখে দুর্বল মনোবলের আফগান নিরাপত্তা বাহিনীর সদস্যরাও নিজ পছন্দের ওয়ার লর্ডদের আঞ্চলিক বাহিনীতে মিশে যেতে পারেন। ভবিষ্যতের কেন্দ্রীয় সরকার, যে খুব সার্থকভাবে দেশজুড়ে তার প্রভাব বিস্তার করতে পারবে বলে মনে হয় না। সরাসরি পাশ্চাত্য মদদপুষ্ট কেন্দ্রীয় সরকার যা করতে ব্যর্থ হয়েছে, পাশ্চাত্য সেনা প্রত্যাহারের পরে সেই ব্যর্থতা ব্যাপকতর হওয়ারই সম্ভাবনা বেশি।আসলে আফগানিস্তানের কেন্দ্রীয় সরকারের প্রশাসনিক কাঠামোও নড়বড়ে। সরকারি কর্মকর্তাদের অনেকেই বিভিন্ন মেয়াদের চুক্তিতে কর্মরত রয়েছেন। তাঁদের অনেকেরই ভরণপোষণ চলে পাশ্চাত্যের সাহায্যের বিভিন্ন প্রকল্পের অর্থ থেকে। প্রকল্পগুলোর সময়সীমা শেষ হলে এসব কর্মকর্তার চুক্তিও বাতিল করতে হবে। অগণতান্ত্রিক এবং প্রশাসনিক অবকাঠামোহীন একটি দুর্বল সরকারের কাছ থেকে ‘গভর্নেন্স’ অথবা সুশাসন মোটেই আশা করা যায় না।অতএব, এই অস্থিতিশীল ভূখণ্ডটির ওপর আবারও নজর পড়বে রাশিয়া এবং মধ্য এশিয়ার প্রতিবেশী রাষ্ট্র তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান আর পশ্চিমে অবস্থিত প্রতিবেশী ইরানের। পূর্বে রয়েছে তালেবান-আক্রান্ত পাকিস্তান। আর রয়েছে অদূরবর্তী ভারত আর চীন। তারা আফগানিস্তানের বিভিন্ন উপজাতি আর গোষ্ঠীর মধ্যে সখ্য প্রতিষ্ঠা করতে চাইবে। তালেবান-আক্রান্ত পাকিস্তানের, তালেবানদের সঙ্গে সম্পর্ক খারাপ না হওয়ার একটি কারণ রয়েছে। কারণ, তালেবানদের মাধ্যমেই আফগানিস্তান পাকিস্তান তার প্রভাব ধরে রাখতে পারবে। এতে আবার পাকিস্তানের তালেবানীকরণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ভারতকে সেদিকে তীক্ষ নজর রাখতে হবে। এদিকে যুক্তরাষ্ট্র এবং পাশ্চাত্যের মৌন সম্মতিতে ভারত উত্তর আফগানিস্তানের অতালেবানদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে চাইবে। মধ্য এশিয়ার জ্বালানি সম্পদের মূল্য এবং চাহিদা যতই বাড়বে, সেই জ্বালানি ভান্ডার আর দক্ষিণে সমুদ্রপথের পথে পড়া হতভাগ্য এই দেশটির ভূরাজনৈতিক গুরুত্ব যাবে বেড়ে।আর এসবের মধ্যে আফগানিস্তানের সাধারণ জনগণের ভোগান্তি বৃদ্ধিই পাবে। হয়তো তখন তারা তালেবানদের মধ্যযুগীয় শাসনকে মেনে নিয়েই তালেবানদের ক্রোড়ে পাবে নিরাপত্তার নীড়। হয়তো বা আফগানিস্তানের দেশ হিসেবে সংহতিতে ধরবে চিড়। এককথায় গত এক দশকেরও বেশি সময় ধরে আফগানিস্তানে গণতন্ত্র প্রতিষ্ঠার প্রচেষ্টা, কাল ক্ষয়, অর্থ ক্ষয় এবং প্রাণ ক্ষয় সত্ত্বেও একটি আধুনিকমনা সমাজ গঠনের সব পদক্ষেপই ভেস্তে গেল। তা আবারও এই প্রমাণই রাখে যে বহির্বিশ্বের হস্তক্ষেপ আফগানিস্তানের জনগণের জন্য মঙ্গল আর শান্তি বয়ে আনতে ব্যর্থ হয়েছে। ইতিহাসের শিক্ষাও তাই। কিন্তু তা থেকে আমরা, এই বাংলাদেশেরও কতটুকু শিখেছি। ফারুক চৌধুরী: সাবেক পররাষ্ট্রসচিব। কলাম লেখক। [email protected]