পাসপোর্ট সেবায় সমস্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাসপোর্ট নিয়ে সাধারণ মানুষের ভোগান্তি আগের চেয়ে নিশ্চয়ই বেশ কমেছে। কিন্তু এটা পরিতাপের বিষয় যে পাসপোর্টকেন্দ্রিক কিছু দুর্ভোগ এখন পর্যন্ত গভীর উদ্বেগের কারণ হয়ে আছে। গত মঙ্গলবার ঢাকায় বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের কার্যক্রম নিয়ে দুদকের গণশুনানিতে ভুক্তভোগীদের বর্ণনায় সেই সত্যই ফুটে উঠেছে।
পাসপোর্ট তৈরি ও সরবরাহব্যবস্থার ডিজিটালকরণ অর্থাৎ প্রযুক্তি ব্যবহারের ফলে পাসপোর্ট-সংক্রান্ত জাল-জালিয়াতি যথেষ্ট হ্রাস পেয়েছে। কিন্তু পাসপোর্ট তৈরি ও সরবরাহ–প্রক্রিয়ার যেখানেই যন্ত্রনির্ভরতার পরিবর্তে মানুষের হাত এখনো নিয়ামক শক্তি, সেখানেই ঘাপলা লেগে আছে। পুলিশ ভেরিফিকেশন এর অন্যতম। এই কাজের সঙ্গে পুলিশ বিভাগের যে স্তরের সদস্যরা জড়িত, তাঁদের একটি বড় অংশ ঘুষ গ্রহণে রীতিমতো মুখিয়ে থাকেন। কিন্তু সে জন্য দোষী ব্যক্তিরা শাস্তি পান বলে জানা যায় না। মিরপুরের রূপনগরের মনির হোসেনের মতো ভুক্তভোগীর সংখ্যা নগণ্য নয়, যাঁদের বিষয়ে পুলিশ টাকা পেলে ইতিবাচক, না পেলে নেতিবাচক রিপোর্ট দিয়ে থাকে। পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রে হয়রানির জলজ্যান্ত প্রমাণ মিলল দুদকের গণশুনানির পরদিনই। উচ্চ আদালতের এক বিচারপতির স্ত্রীর কাছ থেকে তাঁর দুই সন্তানের পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য ঘুষ চাওয়ার পর পুলিশের বিশেষ শাখার এক এএসআইকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
চাহিদার তুলনায় পাসপোর্ট সরবরাহ নেটওয়ার্ক যথেষ্ট সবল নয়। এ কারণে পাসপোর্টকে ঘিরে দালাল–শ্রেণির দৌরাত্ম্য কমেনি। অসাধু পুলিশ সদস্য ও দালালদের শাস্তি নিশ্চিত করতে না পারলে জনগণের ভোগান্তি কমবে না। একই সঙ্গে পাসপোর্ট তৈরি ও সরবরাহ–প্রক্রিয়ায় অগ্রাধিকার ভিত্তিতে প্রযুক্তির ব্যবহার আরও বাড়াতে হবে। পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক অনলাইন ফরম পূরণ ও অনলাইন ভেরিফিকেশন ব্যবস্থা চালুর মতো যেসব বিষয়ে প্রস্তাব করেছেন, তার দ্রুত বাস্তবায়ন আবশ্যিক। উপরন্তু পাসপোর্ট তৈরি ও বিতরণব্যবস্থার যথেষ্ট বিকেন্দ্রীকরণ দরকার। নাগরিকেরা যাতে নিজ জেলা সদর থেকেই তাঁর পাসপোর্ট সংগ্রহ বা নবায়ন করতে পারেন, সেটাও দেখা জরুরি।