পাসের হার বৃদ্ধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গত মঙ্গলবার এক সেমিনারে ‘পাসের হার বৃদ্ধি মানে শিক্ষার মান কমা নয়’ বলে যে মন্তব্য করেছেন, তা দেশবাসীকে পুরোপুরি আশ্বস্ত করতে পারবে বলে মনে হয় না। সেমিনারটি ছিল ‘সরকারি ও বেসরকারি পর্যায়ে মাতৃভাষাভিত্তিক প্রাথমিক শিক্ষার অবস্থা বিশ্লেষণ ও করণীয় নির্ধারণ’ নিয়ে। শিক্ষামন্ত্রী শিক্ষার মান নিয়ে জনমনে যে প্রশ্ন আছে, সেটি না এড়িয়ে উত্তর দেওয়ার চেষ্টা করেছেন—এ জন্য ধন্যবাদ পেতে পারেন। কিন্তু প্রশ্ন হলো, তাঁর এই উত্তরে জনমনের শঙ্কা ও সংশয় দূর হবে কি না? গত কয়েক বছরে বিভিন্ন পাবলিক পরীক্ষায় পাসের হার উল্লেখযোগ্য পরিমাণ বেড়েছে। এর পেছনে শিক্ষাব্রতীদের পাঠদানে ও গ্রহণে আগ্রহ কতটা আর পরীক্ষার খাতা উদারভাবে নিরীক্ষণের অলিখিত নির্দেশ কতটা কাজ করেছে, সেই প্রশ্ন আছে। উদারভাবে খাতা দেখে অধিকসংখ্যক পরীক্ষার্থীকে পাস করিয়ে দেওয়া হলে উপকারের চেয়ে ক্ষতির আশঙ্কা বেশি। শিক্ষায় ফাঁকি বা গোঁজামিলের সুযোগ নেই। শিক্ষার মান বাড়ানোর পূর্বশর্ত মানসম্পন্ন শিক্ষক নিয়োগ এবং পাঠদানের বিষয়ে নিবিড় তদারকি। দুই ক্ষেত্রেই সরকার পিছিয়ে আছে। এ অবস্থায় শিক্ষার মান বাড়ানো কেবল দুরূহ নয়, অসম্ভব ব্যাপার। শিক্ষামন্ত্রী বলেছেন, পাসের হার বৃদ্ধি মানে শিক্ষার মান কমা নয়। কিন্তু তিনি এ কথা জোর দিয়ে বলতে পারেননি যে পাসের হারের সঙ্গে মানও বেড়েছে। সরকার তৃতীয় শ্রেণী পর্যন্ত মাতৃভাষায় শিক্ষা দেওয়ার যে উদ্যোগ নিয়েছে, তা প্রশংসনীয়। এতে নৃতাত্ত্বিক সংখ্যালঘু শিক্ষার্থীদের ঝরে পড়ার হার কমে যাবে। তবে ঝরে পড়ার হার শূন্যে নিয়ে আসার জন্য মাতৃভাষায় শিক্ষার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ আর্থসামাজিক উন্নয়ন। সেমিনারে পঠিত নিবন্ধে বাঙালি শিশুদের ৯৫ শতাংশ বিদ্যালয়মুখী বলে উল্লেখ করা হয়েছে। কিন্তু তাদের কত ভাগ মূলধারার শিক্ষা নিচ্ছে, কত ভাগ মাদ্রাসায় যাচ্ছে, সেই তথ্য পরখ করলে প্রাথমিক শিক্ষার গলদটি বেরিয়ে আসবে। আমরা আশা করব, সব শিক্ষার্থী পাস করুক, ঝরে পড়ার হার শূন্যে নেমে আসুক। কিন্তু সেটি হতে হবে খাতা উদারভাবে নিরীক্ষণ করে নয়, পাঠদান ও গ্রহণের গুণে।