পাহাড়ধসে চার সেনাসহ ১৪০ জনের অকালমৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা তাদের শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করি। উদ্ধারকাজে সেনাবাহিনীর দুই কর্মকর্তা ও দুই সৈনিকের আত্মাহুতি দায়িত্ববোধ ও কর্তব্যপরায়ণতার এক স্মরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।
এটা গভীর উদ্বেগজনক যে গত ১১ বছরে গড়ে পাহাড়ধসে প্রতিবছর ৩০ জন মানুষের মৃত্যু ঘটেছে। নয়নাভিরাম পার্বত্য অঞ্চল যেন এখন এক মৃত্যু উপত্যকা। ২০০৭ সাল-পরবর্তী দশকে শুধু একটি বছর (২০১৬) প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি। বিশেষজ্ঞরা অতিবৃষ্টিজনিত পাহাড়ি ঢল ছাড়াও পাহাড় কেটে অপরিকল্পিত বসতি স্থাপন এবং গাছপালা উজাড় করার কারণে পাহাড়ধসের ঘটনা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে বলে আশঙ্কা ব্যক্ত করেছেন। কিন্তু এতে কোনো নতুনত্ব নেই। এসব সমস্যা চিহ্নিত এবং তার প্রতিকারে প্রশাসনকে আমরা ভাবলেশহীন দেখতেই অভ্যস্ত। এখন প্রশ্ন হলো, নিহত ব্যক্তিদের অধিকাংশই দরিদ্রশ্রেণির, তাদের এত মৃত্যু দণ্ডমুণ্ডের কর্তাদের বিচলিত ও কর্মচঞ্চল করবে কি না।
পার্বত্য অঞ্চলের ভূমির মালিকানা জটিলতা না মেটালে পাহাড়ের জনজীবন, বসতি, জীববৈচিত্র্য ও কৃষির মতো গুরুত্বপূর্ণ বিষয়ের পরিবেশবান্ধব ব্যবহার নিশ্চিত করা যাবে না। এটা লক্ষণীয় যে মৃত্যুর মিছিলে এবার উল্লেখযোগ্যসংখ্যক পাহাড়িও রয়েছেন। বান্দরবানের জেলা প্রশাসক মূলত ‘প্রাকৃতিক কারণেই এ ধস’ বলে যে মন্তব্য করেছেন, তা গ্রহণযোগ্য নয়। এলোপাতাড়ি বাঙালি বসতি এবং বাছ-বিচারহীন চাষাবাদ ও জীবন-জীবিকা পাহাড়কে নানাভাবে ক্ষতবিক্ষত করে চলেছে। পাহাড়ধসে নিশ্চয় কিছু আশু প্রাকৃতিক কারণ থাকবে, কিন্তু পার্বত্য জনজীবনের উপযুক্ত রক্ষাকবচগুলো স্বমহিমায় টিকে থাকলে এত বেশি প্রাণহানি ও ক্ষয়ক্ষতি যে এড়ানো যেত, সেই যুক্তি দুর্বল নয়, বরং যথেষ্ট প্রবল।
পাহাড়ধসের মতো বিয়োগান্ত ঘটনা রোধে তাই একটি সমন্বিত স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিতে হবে। এটা দুঃখজনক যে বাঙালি বসতিস্থাপনকারীদের পাহাড়ে বসতি স্থাপনের জন্য সরকারিভাবে নেওয়া হলেও তাদের কখনোই পার্বত্যবান্ধব উপায়ে বসতি স্থাপন ও চাষাবাদের মতো কলাকৌশল শেখানো হয়নি। জুমচাষ প্রকৃতি ও পরিবেশের জন্য ক্ষতিকর কি না, তা-ও খতিয়ে দেখা জরুরি। তেমন কিছু হলে বিকল্প চাষাবাদ পদ্ধতি বা ক্ষুদ্র জাতিসত্তার জীবন-জীবিকার কী হবে, তার ব্যবস্থা করার দায়িত্ব সরকারের। আরও বিপর্যয় এড়াতে পাহাড়ের প্রাকৃতিক শৃঙ্খলার পুনরুজ্জীবন জরুরি।