দেশে সমুদ্র গবেষণার প্রয়োজন আছে, সেই গবেষণার জন্য একটি ইনস্টিটিউট প্রতিষ্ঠার প্রয়োজনও আমরা অস্বীকার করছি না। কিন্তু সেই ইনস্টিটিউট প্রতিষ্ঠার জন্য পাহাড় কাটতে হবে এমন কোনো কথা নেই। অথচ কক্সবাজার গণপূর্ত বিভাগ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের নামে রামু উপজেলার পর্যটন এলাকা পেঁচার দ্বীপে তিনটি পাহাড় পুরো এবং সাতটি পাহাড় আংশিক কেটে ফেলেছে। গতকাল বুধবার প্রথম আলোর প্রথম পাতায় এ সংক্রান্ত সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রকল্প এলাকাটি অপূর্ব সৌন্দর্যের লীলাভূমি, যেখানে রয়েছে সাগর ও পাহাড়ের মেলবন্ধন। সমুদ্র গবেষণার নামে এই প্রাকৃতিক সৌন্দর্যকে হত্যা করার অধিকার গণপূর্ত বিভাগের নেই। যেকোনো স্থাপনা নির্মাণের আগে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিতে হয়। চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের পরিচালকের বক্তব্য অনুযায়ী, এ ক্ষেত্রে ছাড়পত্র দেওয়া হয়নি। বরং পাহাড় কাটা বন্ধের নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু গণপূর্ত বিভাগ যে সেই নোটিশকে বিন্দুমাত্র আমলে নেয়নি, প্রথম আলোর প্রতিবেদনই তার প্রমাণ। জানি না এর পরও কর্তৃপক্ষের চৈতন্যোদয় হবে কি না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক স্থানটিকে ইনস্টিটিউটের জন্য উপযুক্ত বলে দাবি করেছেন। একইভাবে তিনি পাহাড় না কেটে স্থাপনা নির্মাণের কথা বলেছেন। যে এলাকার পুরোটাই পাহাড়শ্রেণীর সেই এলাকায় পাহাড় না কেটে কীভাবে স্থাপনা নির্মাণ সম্ভব? গণপূর্ত বিভাগ এ ধরনের তুঘলকি সিদ্ধান্ত কেন নিল? তারা যে ৪০ একর জমিতে এই প্রকল্প নিয়েছে তার পুরোটাই পাহাড়ি জমি, ফলে পাহাড় বাঁচিয়ে ইনস্টিটিউট নির্মাণের সুযোগ নেই। অতএব পেঁচার দ্বীপের সৌন্দর্য ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষার স্বার্থেই অপেক্ষাকৃত সমতল স্থানে গবেষণা ইনস্টিটিউটটি করা হোক। অবিলম্বে পাহাড় কাটা বন্ধ হোক। সমুদ্র গবেষণার জন্য ইনস্টিটিউট হোক—আমাদের কাম্য। কিন্তু তা পাহাড় কেটে বা ধ্বংস করে নয়। যেকোনো স্থাপনা নির্মাণ করতে হবে যথাসম্ভব প্রকৃতিকে বাঁচিয়ে। মনে রাখা প্রয়োজন, উন্নয়নের নামে আমরা প্রকৃতির ওপর অনেক অত্যাচার করেছি। এখন যেকোনো নির্মাণ ও স্থাপনার আগে পরিবেশের ভারসাম্যের কথাটি মাথায় রাখতে হবে। কেননা প্রকৃতিরও সহ্যক্ষমতার একটা সীমা আছে।