পাহাড়ধসের আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে আসন্ন পাহাড়ধসে সম্ভাব্য প্রাণহানি ও ক্ষয়ক্ষতি বিবেচনায় এখনই উপযুক্ত পদক্ষেপ নিতে হবে। বাংলাদেশে পাহাড়ধসে প্রাণহানিকে আর্থসামাজিক, পরিবেশগত এবং রাজনৈতিক সমস্যা হিসেবে চিহ্নিত করে আসছেন বিশেষজ্ঞরা। তবে সমস্যা রাতারাতি মিটবে না। কিন্তু যথা পদক্ষেপ মানুষের আকস্মিক মৃত্যু রোধ করতে পারে।

 ২০০৭ এবং ২০১৭ সালে বড় ধরনের দুটো পৃথক ভূমিধসে যথাক্রমে ১২৭ এবং ১৬৯ জন মানুষের প্রাণহানি ঘটে। ২০০৭ সালের ভূমিধসের আগে কিছু মানুষকে সরিয়ে নেওয়া হয়েছিল। কিন্তু ২০১৭ সালে সেই সতর্কতা মনে রেখে প্রশাসন দরকারি পদক্ষেপ নেয়নি। তারা ভূমিধসের পরেই কেবল মানুষকে সরিয়ে নিয়েছিল, এবার যেন তার পুনরাবৃত্তি না ঘটে। এবার বিশেষজ্ঞরা সতর্ক করে দিচ্ছেন যে জুনের শেষ সপ্তাহ এবং
মধ্য জুলাই পর্যন্ত ভূমিধসের মারাত্মক আশঙ্কা থাকবে। আবহাওয়া অধিদপ্তর দুদিন ধরে পাহাড়ে টানা ভারী বর্ষণ হবে, এ রকম একটি ভয়াল পূর্বাভাস দিয়েই তার দায়িত্ব শেষ করে। এতে তাদের দায়িত্ব পালন হয়। কিন্তু মানুষ বাঁচে না। তাই জেলা প্রশাসনকে এখনই প্রস্তুতিমূলক সব পদক্ষেপ নিতে হবে।

সংশ্লিষ্ট দপ্তরগুলোকে যৌথভাবে কাজ করতে হবে, যাতে ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়। ২০০৭ সালের ব্যাপকভিত্তিক ভূমিকম্পের পরে চট্টগ্রামের জেলা প্রশাসকের নেতৃত্বে একটি কমিটি হয়েছিল। সেই কমিটি ৩০টির বেশি সুপারিশ করেছিল। কিন্তু এক যুগের বেশি সময়ের পরে বিশেষজ্ঞরা বলছেন, সেই সুপারিশ অধিকাংশই বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল অত্যন্ত জটিল প্রকৃতির যেসব ঢাল রয়েছে, সেখানে বসবাসরত ব্যক্তিদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া। পাহাড় কাটা নিয়ন্ত্রণ করা, নতুন বন সৃজন করা।

রাজনৈতিকভাবে প্রভাবশালীদের সংকীর্ণ স্বার্থের কারণে এ ধরনের সুপারিশ অকার্যকর থেকেছে। এপ্রিল ও মে মাসে অন্তত ১৫ পাহাড় কাটা এবং ৪০০ ঘর তৈরি বা পাহাড় কাটার দায়ে সিডিএ-কে ১০ কোটি টাকা জরিমানার মতো কোনো পদক্ষেপে আসলে বিস্ময় নেই। সবটাই প্রকাশ্য-গোপনীয়। এর প্রমাণ কারও কখনো দৃষ্টান্তমূলক শাস্তি হয় না।

অন্যদিকে পাহাড়ের ঢালে থাকা জনগোষ্ঠীকে পুনর্বাসনের কিছু পদক্ষেপ নেওয়া হয়েছিল। দরকার ছিল পাহাড়ের আশপাশে জীবিকার পথ খোলা রেখে পুনর্বাসন করা। কিন্তু বাস্তবে দেখা গেছে, তাদের জন্য বাড়ি নির্মাণ করে দেওয়ার পরও সেখানে তারা থাকেনি। কারণ, পাহাড় থেকে যথেষ্ট দূর হওয়ার কারণে তাদের জীবিকার প্রশ্ন তীব্র হয়েছে। এর ফলে তারা আবার পাহাড়ে ফিরে গেছে।

আমরা আশা করব, সম্ভাব্য ক্রমাগত বর্ষণের ঝুঁকি বিবেচনায় নেবে কর্তৃপক্ষ। করোনাকাল চলছে। তাই সাময়িকভাবে হলেও মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে হলে উত্তম আগাম প্রস্তুতি নিতে হবে।