২৫ বছর আগে বাংলাদেশের পাহাড়ি মেয়েরা স্বৈরাচারী সামরিক শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গঠন করেছিল ‘হিল উইমেন্স ফেডারেশন’। পার্বত্য চট্টগ্রামের একমাত্র রাজনৈতিক নারী সংগঠন হিল উইমেন্স ফেডারেশনের রজতজয়ন্তী এ বছর! পাহাড়ে সাজ সাজ রব পড়ে যাওয়ার কথা। কিন্তু বিগত বছরের একের পর এক সহিংস ঘটনা রজতজয়ন্তীর আমেজকেই ম্রিয়মাণ করেছে।গত বছর পার্বত্য চট্টগ্রামসহ সারা দেশে আশঙ্কাজনক হারে নারীর প্রতি সহিংসতা বেড়ে যায়। সেপ্টেম্বরে সংঘটিত রাঙামাটির সাম্প্রদায়িক হামলার এক সপ্তাহের ব্যবধানে রামুতে বৌদ্ধ সম্প্রদায়ের ওপর সহিংস হামলার ঘটনাগুলো যেকোনো উৎসব উদ্যাপনের বোধ কেড়ে নিতে যথেষ্ট! এক রিপোর্টে দেখা যায়, ২০১২ সালে ৭৫ জন আদিবাসী নারী ও শিশু সহিংসতার শিকার হয়েছে, যার মধ্যে ৫৫ জন পার্বত্য চট্টগ্রামের। সহিংসতার শিকার ৭৫ জনের মধ্যে ৩০ জনই শিশু, যাদের বয়স ১৬ এর নিচে (সূত্র: কাপেং ফাউন্ডেশন রিপোর্ট, ২০১২)। এ পরিসংখ্যান নিঃসন্দেহে আদিবাসী নারী ও শিশুর জন্য অশনিসংকেত। অভিজ্ঞতায় দেখা যায়, পার্বত্য চট্টগ্রামে জাতিগত নিপীড়নের অন্যতম কৌশল হলো, নারীর প্রতি আঘাত হানা। গঠনলগ্ন থেকে হিল উইমেন্স ফেডারেশনের কার্যক্রম চালাতে গিয়ে এর প্রত্যেক কর্মীকে প্রতিনিয়ত এ মানসিক চাপ সামনে রেখে এগিয়ে যেতে হয়েছে। ফেডারেশনের কর্মীদের এ আশঙ্কা অবশেষে ১৯৯৬ সালে কল্পনা চাকমা অপহরণ ঘটনার মধ্য দিয়ে সত্য রূপ পেয়েছে। তবে কল্পনা অপহরণ ঘটনা পাহাড়ি নারীদের দমাতে পারেনি, বরং আপসহীন এ নেত্রীর চেতনার মধ্যে তাঁরা অধিকার আদায় আন্দোলনে প্রেরণার উৎস খুঁজে পেয়েছেন। পাহাড়ে যত বেশি দমন-পীড়ন বেড়েছে, তত বেশি নারীরা প্রতিবাদে সোচ্চার হয়েছেন আর নিজেদের মান-মর্যাদা সমুন্নত রাখতে স্বাধিকার আন্দোলনে শরিক হয়েছেন।উল্লেখ্য, ১৯৭৫ সালের ২১ ফেব্রুয়ারি পার্বত্য চট্টগ্রামের প্রথম নারী সংগঠন ‘পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি’ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে। ১৯৭৬ সালে পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র সংগ্রাম শুরু হলে সরকারের দমন-পীড়নও বেড়ে যায়। ফলে মহিলা সমিতির সদস্যদের পক্ষে সাংগঠনিক কাজ চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে এবং সমিতির কার্যক্রম ক্রমে সীমাবদ্ধ হয়ে যায়। পার্বত্য চট্টগ্রামের অধিকার আদায় আন্দোলনে পাহাড়ি নারীর প্রত্যক্ষ অংশগ্রহণ দীর্ঘদিন অনুপস্থিত ছিল। তবে ১৯৮৮ সালের ৮ মার্চ ‘হিল উইমেন্স ফেডারেশন’ গঠনের মধ্য দিয়ে এ বিরতির অবসান ঘটে। পার্বত্য চট্টগ্রামে নারীর প্রতি সহিংসতা ও অশোভন আচরণের প্রতিবাদে হিল উইমেন্স ফেডারেশনসহ বিভিন্ন নারী সংগঠনের পাশাপাশি তৃণমূল নারীদের নিয়ে গড়ে ওঠা ‘সাজেক নারীসমাজ’, ‘ঘিলাছড়ি নারী নির্যাতন প্রতিরোধ কমিটি’গুলোও বেশ সোচ্চার রয়েছে। এ তৃণমূল নারীরা ক্লারা জেটকিন কিংবা নারী দিবসের পটভূমির সঙ্গে হয়তো খুব বেশি পরিচিত নাও থাকতে পারেন, কিন্তু প্রতিদিনকার অভিজ্ঞতাই তাঁদের প্রতিবাদী হতে শিখিয়েছে। সাজেক এমন একটি দুর্গম এলাকা, যেখানে আধুনিকতার চাকচিক্য নেই, আছে শুধু অপার প্রাকৃতিক সৌন্দর্য। কিন্তু এ প্রকৃতিনির্ভর জনপদ বারবার হিংস্রতার থাবায় আক্রান্ত হয়েছে। পাহাড়ের কঠিন এ বাস্তবতা নারীকে প্রকৃতিগতভাবেই প্রতিবাদী ও প্রতিরোধমুখী করে তুলেছে। একটি বিশেষ গোষ্ঠী পাহাড়ি নেত্রী কল্পনাকে অপহরণ করে তাঁর প্রতিবাদী কণ্ঠকে রোধ করে দিতে চেয়েছিল, কিন্তু আজ বাঘাইছড়ি থেকে ঘিলাছড়ি, ফেনী-তাইন্দং থেকে থানচি—সর্বত্র হাজারো কল্পনার প্রতিবাদী কণ্ঠ পাহাড়ে পাহাড়ে প্রতিধ্বনিত হচ্ছে।২০০৯ সালে নিরাপত্তা বাহিনীর এক সদস্য দ্বারা রাঙামাটির ঘিলাছড়িতে এক পাহাড়ি গৃহবধূ শ্লীলতাহানির শিকার হলে ওই এলাকার নারীরা এর প্রতিবাদে রাস্তা অবরোধসহ লাগাতার কর্মসূচি দিয়ে পার্বত্য চট্টগ্রামে এক অনন্য নজির সৃষ্টি করেছিল। অনুরূপভাবে ২০১০ সালে সাজেক নারীসমাজের নেতৃত্বে সাজেকের নারীরা সড়ক অবরোধের মতো কর্মসূচি পালন করেছে। সাম্প্রতিক কালে পার্বত্য চট্টগ্রামসহ সারা দেশে নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে তিন পার্বত্য জেলার নারী সংগঠনগুলো ‘নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ আন্দোলন, পার্বত্য চট্টগ্রাম’ নামে একটি জোট গঠন করেছে। এ জোট রাঙামাটির কাউখালীর স্কুলছাত্রী তুমাচিং মারমার হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তির দাবি এবং নারীর প্রতি সহিংসতা বন্ধের প্রতিবাদে গত ২৭ জানুয়ারি তিন পার্বত্য জেলায় সড়ক অবরোধের কর্মসূচি সফলভাবে পালন করেছে।সম্প্রতি শাহবাগ আন্দোলনের মধ্য দিয়ে মানবতাবিরোধী ও যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সারা দেশে গণজোয়ার সৃষ্টি হয়েছে। বর্তমান তরুণ প্রজন্ম আবারও এ দেশের আমজনতার মাঝে মুক্তিযুদ্ধের চেতনাকে নতুন করে জাগিয়ে দিয়েছে। স্বাধীনতার চার দশক পর মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু হয়েছে। এটি নিঃসন্দেহে ইতিবাচক একটি পদক্ষেপ। আমরা মনে করি, যে অসাম্প্রদায়িক চেতনা ধারণ করে শাহবাগ জাগরণ শুরু হয়েছে, এ অসাম্প্রদায়িক মঞ্চ থেকে কেবল একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের বিচার নয়, স্বাধীনতার পর থেকে আজ অবধি পার্বত্য চট্টগ্রামসহ সারা দেশে সংখ্যালঘু জাতিসত্তার ওপর যেসব মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে এবং সেসব ঘটনায় জড়িতদের বিচারের দাবিও সামনে তুলে আনা জরুরি। হিল উইমেন্স ফেডারেশনের রজতজয়ন্তীতে আমাদের দাবি থাকবে, চুক্তিপূর্ব ও পরবর্তী সময়ে পার্বত্য চট্টগ্রামে যেসব ঘটনা বিশেষত; লংগদু, লোগাং, নানিয়াচর গণহত্যা, নারী ও শিশুধর্ষণ ও হত্যা, বাবুছড়া-বাঘাইছড়ি-রাঙামাটির সাম্প্রদায়িক হামলা, কল্পনা চাকমা অপহরণসহ এযাবৎকালে পাহাড়ে সংঘটিত সব মানবতাবিরোধী অপরাধে জড়িত ব্যক্তিদের মুখোশ উন্মোচন করে তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হোক। ইলিরা দেওয়ান: হিল উইমেন্স ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক।[email protected]