পাহাড়ি-বাঙালি সংঘর্ষ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি রাঙামাটিতে কী ঘটেছিল? পত্রিকার খবর অনুযায়ী, ‘পাহাড়ি-বাঙালি সংঘর্ষ’। বেশির ভাগ পত্রিকায়ই খবরটি পরিবেশিত হয়েছে গুরুত্বের সঙ্গে। ‘পাহাড়ি-বাঙালি সংঘর্ষ’ কথাগুলো আছে বেশির ভাগ পত্রিকার শিরোনামেই—আমাদের সময়, আমার দেশ, ইত্তেফাক, ইনকিলাব, জনকণ্ঠ, নয়া দিগন্ত, বাংলাদেশ প্রতিদিন, যুগান্তর, সকালের খবর, সমকাল, সংবাদ, bdnews24.com/বাংলা। কালের কণ্ঠে শিরোনামে না থাকলেও ‘পাহাড়ি-বাঙালি সংঘর্ষ’ কথাগুলো আছে খবরের বিবরণে। এদিক থেকে প্রথম আলোর শিরোনাম বা বিবরণে যা একটু ভিন্নতা আছে। পত্রিকাটির চোখে ঘটনাটি ছিল ‘বাঙালি-আদিবাসী সংঘর্ষ’। তবে সব মিলিয়ে দেখা যাচ্ছে, একটা সংঘর্ষ যে ঘটেছিল, যার ভেদরেখা ছিল জাতিগত পরিচয়ের সীমানা, এই ভাষ্যই সব বাংলা পত্রিকার খবরে উঠে এসেছে। ইংরেজি পত্রিকাগুলোর বেলায়ও অনেকটা তাই, যেখানে এক পক্ষের পরিচয় দেওয়া হয়েছে আলাদা আলাদা শব্দে, hill people (New Age), indigenous people (Daily Staৎ, Daily Sun), tৎibal (Independent), Pahaৎi (bdnews24.com), তবে অন্য পক্ষের পরিচয় বর্ণনায় ‘বাঙালি’ শব্দটা ব্যবহার করা হলেও (Bengali, Bengalee দুই রকম বানানে) প্রথমোক্ত তিনটা পত্রিকাতেই এই পক্ষের পরিচয় আরও সুনির্দিষ্টভাবে শনাক্ত করা হয়েছে ‘settleৎ’ হিসেবে। টেলিভিশনের খবর আমি দেখিনি। সেখানে সংবাদ পরিবেশনে কোনো ভিন্নতা বা বিশেষত্ব ছিল কি না জানি না। ‘পাহাড়ি-বাঙালি’ (বা আদিবাসী-বাঙালি) ভেদরেখার বাইরে গিয়ে কোনো চ্যানেল যদি সংবাদ পরিবেশন করে থাকে, তবে সেটাই একটা খবর হতে পারত। অনেক বছর আগে একবার নিজের চোখে দেখেছিলাম, কীভাবে আসলেই তুচ্ছ একটি ঘটনা ব্যাপক সাম্প্রদায়িক সংঘর্ষে (বা তেমন বর্ণনার আড়ালে কিছু সংঘবদ্ধ চক্রের পরিকল্পিত সন্ত্রাসের) রূপ নিতে পারে। খাগড়াছড়িতে আমাদের বাড়ির অদূরে বেশ ঢালু এবং বাঁক খাওয়া একটা রাস্তা বেয়ে নামতে গিয়ে একটা রিকশা উল্টে গিয়েছিল। ঘটনাচক্রে রিকশাচালক ছিল একজন বাঙালি এবং রিকশা আরোহী দুজন ত্রিপুরা তরুণ। তাদের একজন রাগের মাথায় রিকশাওয়ালার গায়ে হাত তোলে, অমনি আশপাশে থাকা দোকান ও বাড়িঘরের বাঙালিরা তেড়ে আসে। আমি পাড়ার মাঠে ফুটবল খেলতে বেরিয়েছিলাম মাত্র। ‘মার মার’ রব শুনে ও ছোটাছুটি দেখে কিছু তরুণ বন্ধুসহ আমরা সাহস করে এগিয়ে যাই এবং সৌভাগ্যবশত স্থানীয় একজন সুপরিচিত (ত্রিপুরা) নেতাও তখন মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। আমরা সবাই মিলে ঘটনাটার নিষ্পত্তি করতে পেরেছিলাম সেদিন বড় ধরনের কোনো সহিংসতা ছড়ানোর আগেই। এখানে উল্লেখ করা দরকার, বাতাসে সেদিন আগে থেকেই সাম্প্রদায়িক উত্তেজনা ভেসে বেড়াচ্ছিল। কারণ, রামগড় না কোথায় একটা বড় ধরনের সহিংসতা ঘটে গিয়েছিল দু-এক দিন আগেই। যথারীতি সেই ঘটনার বয়ানও ঘুরছিল ‘পাহাড়ি-বাঙালি’ ভেদরেখাকে ঘিরেই। আমি প্রায় এক যুগ আগে (২০০১ সালে) আমার একটি প্রবন্ধে লিখেছিলাম, ‘যে সমস্যাকে “পাহাড়ি-বাঙালি দ্বন্দ্ব” হিসেবে আমরা প্রায়ই উল্লেখ করে থাকি, তা তো আসলে ছিল রাষ্ট্রের সমর্থনপুষ্ট জাতিগত আগ্রাসন বা সরাসরি রাষ্ট্রীয় আগ্রাসন (অন্তত অধিকাংশ পাহাড়ির দৃষ্টিকোণ থেকে)।’ এত দিন পরে পড়তে গিয়ে নিজের বিশ্লেষণের একটা সীমাবদ্ধতা চোখে পড়ছে। ওই উদ্ধৃতিতে যে বাস্তবতাকে ‘ছিল’ বলে অতীতের খাতায় লিখে দিয়েছিলাম, বিগত এক যুগের তিক্ত অভিজ্ঞতায় আমরা জেনেছি যে এটি মোটেও আমাদের পিছু ছাড়েনি।তবে শুধু রাষ্ট্রযন্ত্রকে বা রাজনীতিবিদসহ রাষ্ট্রক্ষমতার সঙ্গে প্রত্যক্ষভাবে সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর দোষ চাপিয়ে দেওয়া বোধ হয় আর যথেষ্ট নয়। এ দেশের মিডিয়া আমাদেরকে সংবাদ শিরোনামের পেছনের বাস্তবতা অনুধাবনে কতটা সহায়তা করছে? নাকি তাদের সংবাদ পরিবেশনার মধ্যেও একই সমস্যা শিকড় গেড়ে ফেলেছে? পরিবেশিত সব খবরেই কমবেশি বলা হয়েছে, ব্যাপকভাবে ছড়িয়ে পড়া সহিংসতার সূত্রপাত একটা ‘তুচ্ছ’ ঘটনাকে কেন্দ্র করে। এই সহিংসতার স্বরূপ কী ছিল? এটা কি আসলেই ‘সংঘর্ষ’ ছিল, নাকি ‘আক্রমণ’? বাঙালি আক্রমণকারী কি সবাই প্রচলিত অর্থে ‘সেটলার’ ছিল? আর সহিংসতায় অংশ নেওয়া ব্যক্তিরা যদি বেছে বেছে শুধু জাতিগত ভিন্নতার ভিত্তিতেই আক্রমণের লক্ষ্যবস্তু খোঁজে, তাহলেও কি সেটাকে ‘পাহাড়ি-বাঙালি সংঘর্ষ’ বলা যায়? এই শিরোনামে ঘটনার খবর পরিবেশনের মাধ্যমে আমরাও কি অন্য একটা পর্যায়ে সহিংসতার প্রসারে অংশ নিচ্ছি না? এখানে আমি ঘটনার বিবরণ-অনুধাবন-বিশ্লেষণের মধ্য দিয়ে মানুষের সাধারণ মানবিক চেতনাকে ভেঙে ফেলার কথা বলছি। ধরা যাক, রাঙামাটি শহরে পাহাড়ি-বাঙালি মিলিয়ে মোট ৬০ হাজার মানুষ বাস করে। এদের মধ্যে কতজন সহিংসতা চায় বা জাতিগত ভিন্নতার কারণে আরেকজনের গায়ে চাপাতির কোপ মারতে প্রস্তুত? যারা অপরাধী কর্মকাণ্ডে সরাসরি লিপ্ত বা নেপথ্যের মদদদাতা, তাদের সংখ্যা কত হবে: ৬? ৬০? ৬০০? বা বড়জোর ৬০০০? যতই হোক, ৬০ হাজারের তুলনায় অতি নগণ্য সংখ্যা। তা হলে তাদের আচরণের দায় কেন বাকি সবার ওপর চাপানো হবে ‘পাহাড়ি-বাঙালি সংঘর্ষ’ হিসেবে? এ ধরনের ঘটনায় হতাহতের সংখ্যা বা ভেঙে ফেলা, পুড়ে যাওয়া ঘরবাড়ির সংখ্যা দিয়ে ক্ষয়ক্ষতির মাত্রা নিরূপণ করা হয়। কিন্তু আসল ক্ষতিটা অন্য জায়গায়। মনের ভেতরে আমাদের মানবিক চেতনা মরে যায়, আমরা আস্থাহীনতায় আরও ডুবে যেতে থাকি এবং চেহারা, পোশাক বা ভাষার ভিন্নতা দিয়েই আরেকজনের দিকে তাকাতে থাকি সন্দেহের চোখে। অন্যদিকে যে ভ্রান্ত রাষ্ট্রীয় নীতিমালার কারণে এমন অবিশ্বাসের বিষবৃক্ষ শিকড়-ডালপালা ছড়িয়ে আরও জেঁকে বসে পড়ছে, তার দিকে তাকানোর অবকাশ মেলে না মনের বাঘগুলো নিয়ে সবাই ত্রস্ত থাকাতে।২২ সেপ্টেম্বর সংঘটিত রাঙামাটির ঘটনা ফেসবুকে প্রথম দেখার পর আমি মাঝেমধ্যে আপডেট জানার জন্য বিভিন্ন জনের পোস্ট পড়ার চেষ্টা করেছি। অনেকেই ‘পাহাড়ি-বাঙালি’ (বা আদিবাসী-বাঙালি, জুম্ম-বাঙাল ইত্যাদি) ভেদরেখাকে স্বতঃসিদ্ধ ধরে নিয়েই পরিস্থিতির বিবরণ-বিশ্লেষণ চালিয়ে গেছেন। তবে দু-একজন ঠিকই মূল কারণগুলোর দিকেও নজর দিয়েছেন। প্রশ্ন উঠেছে, ‘পাহাড়ি-বাঙালি সংঘর্ষ’ শিরোনামে সংবাদ পরিবেশন উদ্দেশ্যপ্রণোদিত কি না। উদ্দেশ্যপ্রণোদিত না হোক, এমন শিরোনাম যে আমাদের চোখে আঁটা ঠুলিগুলোকেই আরও মজবুত করে, তাতে সন্দেহ নেই। আমাদের সংবাদকর্মীরা, সম্পাদকেরা আরও দায়িত্বশীলভাবে বিষয়টির প্রতি নজর দেবেন, তা অবশ্যই কাম্য। আর আমাদের চোখের ঠুলিগুলো খুলে দেওয়ার ক্ষেত্রে এ দেশের বিদ্বৎ সমাজ কী ভূমিকা রাখছে, সেটিও ভাবার বিষয়। প্রশান্ত ত্রিপুরা: নৃবিজ্ঞানী ও উন্নয়নকর্মী।