পাহাড়ে আরও ধসের আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোতে গতকাল সচিত্র প্রতিবেদন ছাপা হয়েছে: বান্দরবান শহরের কালাঘাটার ফ্রান্সিঘোনা এলাকায় প্রায় ৭০ ফুট উঁচু একটা পাহাড় খাড়াভাবে কাটা হচ্ছে। পাহাড়টির কাটা অংশের পাশেই ঘরবাড়ি আছে, ধস নামলে সেগুলো সম্পূর্ণভাবে মাটিচাপা পড়বে। আমাদের বান্দরবান প্রতিনিধি জানিয়েছেন, ওই পাহাড়ের পাদদেশে আর নিচের স্তরে আরও অনেক ঘরবাড়িতে মানুষ বসবাস করছে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায়।

বান্দরবান জেলা প্রশাসন শুধু ওই শহরের আশপাশেই ৫০টির বেশি পরিবার চিহ্নিত করেছে, যারা পাহাড়ের পাশে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছে। কক্সবাজার জেলায় এই সংখ্যা অনেক বেশি, প্রায় তিন হাজার। কক্সবাজারের জেলা প্রশাসন প্রায় ৫০০ পরিবার চিহ্নিত করেছে, যাদের ঘরবাড়ির অবস্থান অতি ঝুঁকিপূর্ণ। অন্যান্য পার্বত্য জেলায়ও অনেক পরিবার পাহাড়ের পাশে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছে। প্রশাসন থেকে তাদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হচ্ছে, কিন্তু তারা সরে যাচ্ছে না। বৃষ্টি হলে কিছু পরিবার সাময়িকভাবে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেয়, কিন্তু বৃষ্টি থামলেই তারা তাদের ঘরবাড়িতে ফিরে যায়। সমস্যা হলো, পাহাড়ের পাশে বসবাসরত মানুষের অধিকাংশই দরিদ্র ও অশিক্ষিত। তঁারা জীবনের ঝুঁকি উপলব্ধি করতে পারছেন না। পাহাড়ধসে কারও মৃত্যু না হওয়া পর্যন্ত তঁারা তাঁদের বসবাসকে ঝুঁকিপূর্ণ মনে করছেন না।

তা ছাড়া তঁাদের যাওয়ার জায়গাও তেমন নেই। অস্থায়ী আশ্রয়কেন্দ্রগুলোতে সন্তানসন্ততিসহ বসবাসের উপযোগী সুবিধাদির অনেক অভাব। তবু জীবনের ঝুঁকি উপেক্ষা করে বিপজ্জনক অবস্থায় পাহাড়ের পাশে বসবাস করার চেয়ে আশ্রয়কেন্দ্রে যাওয়া শ্রেয়—এটা তঁাদের বোঝাতে হবে। এ দায়িত্ব স্থানীয় প্রশাসনের।

আবহাওয়া অধিদপ্তর আবারও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে, অর্থাৎ আরও পাহাড়ধসের আশঙ্কা রয়েছে। কিন্তু কোনোভাবেই যেন আর পাহাড়ধসে মানুষের মৃত্যু না হয়, তা নিশ্চিত করতে ঝুঁকিপূর্ণ ঘরবাড়ি থেকে মানুষকে সরিয়ে নিতে হবে। সেই সঙ্গে পাহাড় কাটা সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। পার্বত্য জেলাগুলোর প্রশাসন এ ক্ষেত্রে বিরাট ব্যর্থতার পরিচয় দিয়ে চলেছে। পাহাড় কাটা আইনত দণ্ডনীয় অপরাধ, আইনের যথার্থ প্রয়োগের মাধ্যমে এ অপরাধ অবশ্যই বন্ধ করা সম্ভব। পাহাড়ি এলাকায় বসবাসকারী মানুষকেও বুঝতে হবে যে পাহাড় কাটার মানে নিজের কবর খোঁড়া। নিজেদের স্বার্থেই এটা বন্ধ করা উচিত।