পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় শুকনো মৌসুমে ছয় মাস পানির কষ্ট লেগেই থাকে। এখন সেই সংকটের সঙ্গে যুক্ত হয়েছে পানিদূষণ। গত কয়েক মাসে সেখানে ডায়রিয়ার প্রকোপ বেড়ে যাওয়ার ঘটনা অশনিসংকেত দিচ্ছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগের অধ্যাপক অলক পালের তত্ত্বাবধানে রাঙামাটিতে চালানো এক সমীক্ষায় দূষণের বিষয়টি উঠে এসেছে। অপর দুই জেলা বান্দরবান ও খাগড়াছড়িতে সমীক্ষা না হলেও ডায়রিয়া রোগীর পরিসংখ্যান দুশ্চিন্তা তৈরি করেছে।
সমীক্ষায় দেখা গেছে, রাঙামাটিতে প্রতি মিলিলিটার পানিতে কলিফর্ম ব্যাকটেরিয়ার উপস্থিতি সহনীয় মাত্রা থেকে দুই থেকে তিন গুণ। পাওয়া গেছে ইকোলাই ব্যাকটেরিয়াও, যার মানে পানি দূষিত। এ ছাড়া পানির উপাদান সিওডি (রাসায়নিক অক্সিজেন চাহিদা) ও বিওডি (জৈব অক্সিজেন চাহিদা) ছিল গ্রহণযোগ্য মাত্রার চেয়ে অনেক বেশি। অন্যদিকে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের এপ্রিল পর্যন্ত চার মাসে রাঙামাটিতে পাঁচ সহস্রাধিক, বান্দরবানে প্রায় ৯ হাজার এবং খাগড়াছড়িতে ১২ হাজারের বেশি মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে।
প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, তিন জেলায় ৫০ থেকে ৬০ শতাংশ মানুষ পানি সরবরাহের আওতায় এসেছে। কিন্তু দুর্গম এলাকায় পানির জন্য রীতিমতো হাহাকার তৈরি হয়। খাগড়াছড়িতে ৫৯৩টি বিদ্যালয়ের মধ্যে ৬০ শতাংশ প্রতিষ্ঠানে পানির ব্যবস্থা রয়েছে। সেখানে শিক্ষার্থীরা চরমভাবে পানির কষ্টে আছে। রাঙামাটির চিকিৎসকেরা জানান, পানির সংকট বেড়ে গেলে ডায়রিয়ার প্রবণতাও বেশি দেখা দেয়। পানিতে ইকোলাই ও কলিফর্ম থাকার কথা স্বীকার করেছেন সেখানকার সিভিল সার্জন। শুধু ঝিরি নয়, হ্রদের পানিতেও কলিফর্ম রয়েছে।
পাহাড়ি উৎসের পানি দূষিত হচ্ছে নানাভাবে। প্রাকৃতিক উৎসগুলোর পানি যে পথে আসছে, সেখানে মানুষের বিচরণ বেড়ে যাওয়ায় পানির সঙ্গে মিশছে মলমূত্র। অবৈধভাবে পাথর তোলা ও প্রাকৃতিক বন ধ্বংসের ঘটনা বড় ধরনের প্রভাব ফেলছে এখানে। কৃষিকাজে ব্যবহৃত রাসায়নিক সার ও ওষুধও মিশছে ঝিরি-ঝরনায়। পর্যাপ্ত বৃষ্টি না হওয়া ও সরকারিভাবে পর্যাপ্ত নলকূপ না থাকায় সংকট দিন দিন বাড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সরকারিভাবে গভীর নলকূপ বসানো নিয়েও আছে অবহেলার অভিযোগ।
শুধু ডায়রিয়া নয়, পানিসংকটের কারণে পাহাড়ের বাসিন্দাদের কিডনি, মূত্রনালির সংক্রমণ, চর্মরোগও হচ্ছে। প্রতিবছর পাহাড়ে পানিসংকট হলেও তা সমাধানে সরকারি সংস্থার কার্যকর উদ্যোগ কম। তিন জেলা নিয়ে একেক এলাকায় একেক ধরনের ব্যবস্থা গ্রহণের কথা বলছেন বিশেষজ্ঞরা। পার্বত্য এলাকায় এ সংকট নিয়ে সরকারের সংশ্লিষ্ট মহল ও নীতিনির্ধারকদের মনোযোগী হওয়া উচিত। পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকতেই কার্যকর ব্যবস্থা নেওয়া হোক।