নির্বাচনের আর মাত্র কয়েক দিন বাকি থাকতে পাহাড়ে রক্ত ঝরার ঘটনাটি আমাদের উদ্বিগ্ন করে তুলেছে। গত সোমবার খাগড়াছড়ির পানছড়ির পুজগাং বাজার এলাকায় গুলিতে দুই ব্যক্তি নিহত হন। যদিও খাগড়াছড়ি জেলা প্রশাসন বলেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আঞ্চলিক দুটি দল ইউপিডিএফ ও ইউপিডিএফ গণতান্ত্রিকের সংঘর্ষের ঘটনায় এই দুজন মারা গেছেন।
তবে ইউপিডিএফের দাবি, এটি নির্বাচনী সংঘাত। দলটি বলছে, জনসংহতি সমিতি (এমএন–লারমা) আওয়ামী লীগের হয়ে এই হত্যাকাণ্ড চালিয়েছে, যাতে ইউপিডিএফ নির্বাচন থেকে সরে যায়। ইউপিডিএফের দাবির সত্যাসত্য বিচারে না গিয়েও নির্দ্বিধায় বলা যায়, পাহাড়ে সংঘাত নতুন নয়। একসময় সেখানে যুদ্ধাবস্থা বিরাজ করছিল। এই প্রেক্ষাপটে ১৯৯৭ সালে পাহাড়ে শান্তি স্থাপনের লক্ষ্যে ঐতিহাসিক ‘পার্বত্য চট্টগ্রাম চুক্তি’ স্বাক্ষরিত হয়।
এর মধ্যে ২১ বছর পার হয়েছে। কিন্তু সেখানে প্রত্যাশিত শান্তি এখনো আসেনি। বরং খুন, অপহরণ, চাঁদাবাজি ও অগ্নিসংযোগ নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। কিছুদিন পরপরই সেখানকার পাহাড়ি জনগোষ্ঠীর সংগঠনগুলোর সদস্যরা দিনদুপুরে আগ্নেয়াস্ত্র নিয়ে পরস্পরকে আক্রমণ করে হত্যাকাণ্ড ঘটাচ্ছেন, কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কী করছে? সেখানে বিশেষ পরিস্থিতির কারণ দেখিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেনা মোতায়েন আছে। পার্বত্য জেলাগুলোতে এখন যুদ্ধ পরিস্থিতি নেই। তারপরও বিবদমান পাহাড়ি সংগঠনগুলো একে অপরের বিরুদ্ধে সশস্ত্র সংঘাতে লিপ্ত হচ্ছে। এর পেছনে জাতিগত স্বার্থ নয়, ব্যক্তি ও গোষ্ঠীগত স্বার্থই বেশি কাজ করছে। আমরা মনে করি, যেকোনো মূল্যে পার্বত্য এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা করতে হবে। সেখানে যাতে দেশি–বিদেশ পর্যটকেরা নির্ভয়ে যেতে পারেন, সেই নিশ্চয়তাও প্রশাসনকে দিতে হবে।
আমরা আশা করেছিলাম, পার্বত্য চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর ওই অঞ্চলে স্থায়ীভাবে শান্তি ফিরে আসবে। কিন্তু ওই চুক্তি বাস্তবায়নে দীর্ঘসূত্রতার সুযোগে চুক্তিবিরোধী পক্ষগুলো সক্রিয় হয়ে উঠেছে। রাজনৈতিকভাবে তারা স্থানীয়দের সমর্থন না পেয়ে সহিংসতার পথ বেছে নিয়েছে। অনেক সময় মানুষকে জিম্মি করে মুক্তপণ আদায় করছে। চুক্তির বাস্তবায়ন যত দ্রুত হবে, চুক্তিবিরোধী পক্ষগুলো তত দুর্বল হবে। ইউপিডিএফ শুরুতে পার্বত্য চুক্তির বিরোধিতা করলেও পরে বাস্তবতা মেনে নিয়েছে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সেখানে ইউপিডিএফ ও জনসংহতি সমিতির বিবদমান পক্ষগুলো একে অপরের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সেটি রাজনৈতিকভাবে বা ভোটের মাঠে সীমিত থাকলে সমস্যা নেই, কাউকে আইন নিজের হাতে তুলে নিতে দেওয়া যাবে না। বিশেষ পরিস্থিতি বলেই পাহাড়ে আইনশৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্টদের বিশেষ নজর রাখতে হবে।
ইউপিডিএফের অভিযোগ যদি সত্যও হয়, সে জন্য তারা প্রতিপক্ষকে শায়েস্তা করতে অস্ত্র হাতে তুলে নিতে পারে না। পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে হলে সব পক্ষকে সহনশীল হতে হবে।