পাহাড়ের রাজনীতিতে সহাবস্থান চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ লেখার শিরোনামটি পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সমপ্রতি প্রকাশিত একটি প্রচারপত্র থেকে নেওয়া। আসলে এটি শুধু নাগরিক কমিটির বক্তব্য নয়, পার্বত্য চট্টগ্রামের সব শান্তিপ্রিয় মানুষের বক্তব্য। পার্বত্য চট্টগ্রামের মানুষ কোনো দিনই সংঘাত চায়নি। তবে তাদের ওপর বারবার সংঘাত চাপিয়ে দেওয়া হয়েছে। পার্বত্য চট্টগ্রামে একসময় মধুর শান্তিপূর্ণ সহাবস্থান থাকলেও তা ক্রমান্বয়ে হারিয়ে যাচ্ছে। তাই এই শিরোনামটি পার্বত্য চট্টগ্রামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সব মানুষের দাবিও। পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক রাজনৈতিক দলগুলোর সহিংসতা বন্ধে পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির উদ্যোগে আজ ২৮ এপ্রিল তিন পার্বত্য জেলায় একই সময়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। রাঙামাটিতে শিল্পকলা একাডেমীর সামনে, খাগড়াছড়িতে চেঙ্গী স্কয়ারে এবং বান্দরবানে প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালিত হবে। সেই উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির পক্ষ থেকে প্রচার করা হয়েছে ‘রাজনৈতিক সংঘাত নয়, সহাবস্থান চাই’ শীর্ষক একটি প্রচারপত্র। দীর্ঘ দেড় দশক ধরে চলা ভ্রাতৃঘাতী সংঘাত অবসানে এটাই প্রথম প্রকাশ্যে নাগরিক উদ্যোগ। এ দেড় দশকে পার্বত্য চট্টগ্রামের অনেক সম্ভাবনাময় তরুণ-যুবক, সাধারণ মানুষ থেকে শুরু করে অর্পি চাকমা নামের দুই বছরের শিশুরও প্রাণহানি ঘটেছে (প্রথম আলো, ১৬ এপ্রিল ২০১১)। মা-বাবা হয়েছেন ছেলেহারা, নারী হয়েছেন স্বামীহারা আর ছেলেমেয়ে হয়েছে পিতৃহারা। কিন্তু প্রকাশ্যে কেউ ভ্রাতৃঘাতী সংঘাত বন্ধে তেমন সোচ্চারভাবে কথা বলতে পারেননি। তাই নাগরিক কমিটির এ সাহসী উদ্যোগ এখন সবার মুখে মুখে। সাড়া পড়েছে শহর-গ্রামে। পার্বত্য চট্টগ্রামে স্বাধিকার আদায়ের দাবিতে দীর্ঘ দুই যুগের বেশি সময় সশস্ত্র সংগ্রাম হয়েছে। সে সংগ্রামের অবসান ঘটাতে ১৯৯৭ সালে সরকারের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির ‘পার্বত্য চুক্তি’ সই হয়। কিন্তু চুক্তিকে ঘিরে আদিবাসীদের মধ্যে শুরু হয় বিভেদ। সেখান থেকে ভ্রাতৃঘাতী সংঘাত। এ সংঘাতের শিকার শুধু আদিবাসী নয়, স্থানীয় বাঙালিরাও। নাগরিক কমিটির প্রচারপত্রে বলা হয়েছে ‘ভ্রাতৃঘাতী সংঘাতে আমরা যেমন ধনে-জনে চরম ক্ষতির শিকার হচ্ছি, তেমনি মানসিকভাবেও পর্যুদস্ত হয়ে হতাশার প্রান্তসীমায় পৌঁছেছি। রাজনৈতিক প্রতিহিংসায় আজ আমরা অন্ধ, বেপরোয়া, নির্মম। আমরা হয়ে উঠেছি অনুভূতিহীন।’ভ্রাতৃঘাতী সংঘাতের কারণে পার্বত্য চট্টগ্রামের তরুণেরা মানসিকভাবে বিপর্যস্ত। অনেকেরই চলাচলে নানা সীমাবদ্ধতার মধ্যে থাকতে হয়। আঞ্চলিক রাজনৈতিক দলগুলোর দলবাজির কারণে তরুণ-যুবক এবং তৃণমূল পর্যায়ের মানুষেরা স্বাধীনভাবে তাঁদের মতামত তুলে ধরতে পারেন না। নীতি ও যুক্তির গণ্ডি হয়ে পড়েছে সীমাবদ্ধ। পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ানের মতে, ‘পাহাড়ের রাজনীতি এমন পর্যায়ে পৌঁছেছে যে এখানে রাজনৈতিক কোনো ভাষা নেই। এখানে কথা হয় অস্ত্রের ভাষায়।’ (প্রথম আলো, ২ এপ্রিল ২০১৩, পৃষ্ঠা-১৭) ১৯৯৭ সালের শেষ দিকে পার্বত্য চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের মধ্যে প্রথমবারের মতো একের অধিক আঞ্চলিক রাজনৈতিক দলের তৎপরতা শুরু হয়। এর আগে আদিবাসীরা দুই দলে বিভক্ত ছিলেন না। যদিও ১৯৮৩ সালে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রতিষ্ঠাতা সাবেক সাংসদ মানবেন্দ্র নারায়ণ লারমাকে হত্যার পর সমিতির দুটি পক্ষের মধ্যে সশস্ত্র সংঘাত হয়েছিল। চুক্তি পরবর্তী সময়ের বিভেদ পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের জীবনযাত্রার ওপর প্রচণ্ড প্রভাব বিস্তার করে চলেছে।পার্বত্য চুক্তিকে ঘিরে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) মধ্যে বিভেদ সৃষ্টি হয়। সেই সময় আদিবাসী সুশীল সমাজের একদল সদস্য গোপনে (যদিও পরে প্রকাশ হয়) দুই দলকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছিলেন। তবে সেই উদ্যোগে ছিল না নারী সমাজ, ছাত্র সমাজসহ সর্বস্তরের মানুষের সম্পৃক্ততা। নাগরিক কমিটির এবারের উদ্যোগে ইতিমধ্যে সর্বস্তরের মানুষ অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করতে শুরু করেছেন। সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে সংঘাতে লিপ্ত দলগুলোর ওপর চাপ সৃষ্টি করতে পারলে সংঘাত বন্ধ হতে বাধ্য। এ ছাড়া এবারের উদ্যোগে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করার এজেন্ডা নেই। তবে পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের নেতৃত্বাধীন তিনটি দলের প্রতি দাবি জানানো হয়েছে, নীতি আদর্শ যার যার থাকুক কিন্তু সহাবস্থানের মাধ্যমে যেন রাজনৈতিক ভাষায় কথা বলা হয়। রাজনীতি চর্চার মধ্যে যেন গণতান্ত্রিক নীতি আদর্শ মেনে চলা হয়। সবাই যেন নিজের মতামত ব্যক্ত করতে পারে এবং সব স্থানে নির্বিঘ্নে চলাচল করতে পারে।ভ্রাতৃঘাতী সংঘাত বন্ধে পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির এ উদ্যোগ সাধারণ মানুষের মনে সাহস জোগাবে। সাধারণ মানুষ মনে-প্রাণে আশা করে ভ্রাতৃঘাতী সংঘাত বন্ধ হোক। কিন্তু কোনো নেতৃত্ব না থাকায় বা কাউকে সাহস করে বলতে না শোনার কারণে বধির মানুষের স্বপ্নের মতো ছিল সংঘাত বন্ধে সাধারণ মানুষের প্রত্যাশা। সময় এসেছে শান্তিপ্রিয় মানুষের জেগে ওঠার। একটু প্রতিবাদী হয়ে সংঘাত বন্ধের দাবি জানানোর। সে কারণে সব শান্তিকামী মানুষের মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে সংঘাত বন্ধের দাবিতে শামিল হওয়া প্রয়োজন।হরি কিশোর চাকমা: সাংবাদিক।