পায়রা সমুদ্রবন্দরের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা সমুদ্রবন্দরের কার্যক্রম শুরু হওয়া এক সুসংবাদ। শনিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটির উদ্বোধন সম্পন্ন করেন। এটিই এখন দেশের তৃতীয় সমুদ্রবন্দর। তবে এই সমুদ্রবন্দর পূর্ণাঙ্গভাবে চালু হওয়ার কথা ২০২৩ সাল নাগাদ। পর্যায়ক্রমে এটিকে গভীর সমুদ্রবন্দরে রূপান্তরের পরিকল্পনা রয়েছে।
পায়রা বন্দরই বাংলাদেশ আমলে নির্মিত প্রথম সমুদ্রবন্দর। উদীয়মান অর্থনীতির দেশ হিসেবে গভীর সমুদ্রবন্দর বাংলাদেশের জন্য অপিরহার্য। সমুদ্র পরিবহনের ব্যাপক অবকাঠামো ছাড়া বাংলাদেশের অর্থনীতিকে পরের স্তরে নেওয়া কঠিন। বিদ্যমান চট্টগ্রাম ও মোংলা বন্দরের ধারণক্ষমতা তো কমই, তা ছাড়া পণ্য পরিবহনের খরচও বেশি। অন্যদিকে কম গভীরতার জন্য এসব বন্দরে বড় জাহাজ ভিড়তে পারে না। পায়রা সমুদ্রবন্দর তাই এক যুগান্তকারী পদক্ষেপ। বাংলাদেশের রপ্তানি বৃদ্ধি, পোশাকশিল্পকে আরও গতিশীল করা এবং দক্ষিণাঞ্চলের শিল্পায়নে এই বন্দরের নিয়ামক ভূমিকা কাঙ্ক্ষিত।
কিন্তু বাংলাদেশের একার অর্থায়নে পায়রা বন্দরের কাজ শেষ করা যাবে না। দ্বিতীয়ত, ভারত, চীন, জাপান ও আমেরিকা এ বন্দর উন্নয়নে দারুণ আগ্রহী। দেশগুলোর মধ্যে রয়েছে প্রতিযোগিতা। এ অবস্থায় বাংলাদেশ নিজস্ব অর্থায়নে পায়রা বন্দরের প্রথম ধাপের কাজ শেষ করে বন্দর চালু করল।
বঙ্গোপসাগর থেকে বের হলেই ভারত মহাসাগর। এ অঞ্চল এখন বিশ্বের অন্যতম ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নৌপথ। এ দিক থেকে পায়রা বন্দরের গুরুত্ব আন্তর্জাতিক বাণিজ্যেও অপরিসীম। আমরা আশা করব পর্যায়ক্রমে পায়রা বন্দরকে গভীর সমুদ্রবন্দরে রূপান্তরের প্রক্রিয়া স্বচ্ছভাবে এবং জাতীয় স্বার্থ রক্ষা করেই সম্পন্ন করা হবে। কেবল সব দিক রক্ষা করেই বাংলাদেশ তার ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে সমুদ্র বাণিজ্যের দ্বারা বিপুলভাবে লাভবান হতে পারে।
বাংলাদেশের সবাই আশা করে, পায়রা বন্দর দেশের অর্থনৈতিক অগ্রগতির নতুন দরজা উন্মোচন করুক এবং সফল হোক।