সরকারি কর্ম কমিশনের সদস্য এবং টেলিটকের পরিচালক কামাল উদ্দিন আহমেদ পদ্ধতিগতভাবে সংবিধান লঙ্ঘন করে চলছেন বলেই প্রতীয়মান হচ্ছে। আমরা আশা করব, নৈতিক কারণে তিনি অবিলম্বে দুই পদ থেকেই স্বেচ্ছায় পদত্যাগ করবেন। তবে তিনি তা থেকে বিরত থাকলে রাষ্ট্রপতির উচিত হবে এ বিষয়ে যথাযথ হস্তক্ষেপ করা।
সংবিধানের ৯৬ অনুচ্ছেদ অনুযায়ী বিচারপতিদের মতোই পিএসসির সদস্যদের শৃঙ্খলাজনিত বিষয় দেখভালের দায়িত্ব সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের। সংবিধানের ষোড়শ সংশোধনীতে আলোচ্য ৯৬ অনুচ্ছেদ বাতিল হয়। হাইকোর্ট ষোড়শ সংশোধনী বাতিল করেন। এর বিরুদ্ধে রাষ্ট্রের দায়ের করা আপিলের শুনানির শুরুতেই প্রধান বিচারপতি ও অ্যাটর্নি জেনারেলের একটি লড়াই আমরা প্রত্যক্ষ করেছি। এটা ধারণা করা যায় যে, এই বিষয়টির একটা চূড়ান্ত নিষ্পত্তি হতে আরও বেশ কিছুটা সময় লাগতে পারে।
গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হলো, সাংবিধানিক পদধারীদের জবাবদিহির প্রশ্নে দেশ একটা সাংবিধানিক শূন্যতার মধ্য দিয়ে যাচ্ছে কি যাচ্ছে না। আইনবিদদের কারও মতে শূন্যতা চলছে। কারও মত এর বিপরীত। তাঁদের যুক্তি: হাইকোর্টের রায় আপিল বিভাগে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ষোড়শ সংশোধনীতে বিলুপ্ত করে দেওয়া ৯৬ অনুচ্ছেদ অর্থাৎ প্রধান বিচারপতি এস কে সিনহা ও অপর দুই বিচারপতির (বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা ও বিচারপতি নাজমুন আরা সুলতানা) সমন্বয়ে গঠিত কাউন্সিল পুনরুজ্জীবিত অবস্থায় আছে। সাংবিধানিক পদাধিকারীদের জবাবদিহির ক্ষেত্রে কোনো শূন্যতার যেহেতু সুযোগ নেই, তাই শেষোক্ত মতই গ্রহণযোগ্য। পৌনে তিন বছর ধরে সাংবিধানিক পদধারীরা সাংবিধানিকভাবে ধরাছোঁয়ার বাইরে রয়েছেন এবং থাকবেন—এই মতে আমাদের সায় নেই।
পিএসসির একজন সদস্যের গুরুতর প্রশ্নবিদ্ধ আচরণকে শুধুই একটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখা সমীচীন হবে না। এই বিষয়ে প্রথম আলোর বুধবারের প্রতিবেদনকে একটি সতর্ক ঘণ্টা হিসেবেই দেখা সমীচীন। সংশ্লিষ্ট মহলের জানাশোনার মধ্যেই একজন সাবেক সরকারি আমলা সংবিধানের ১৪৭ অনুচ্ছেদ লঙ্ঘন করে মুনাফাভোগী টেলিটকের কার্যক্রম পিএসসিতে বসে সেরে নিচ্ছেন। উপরন্তু এ বিষয়ে তিনি আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে যেভাবে সাংবাদিকদের প্রলুব্ধ করার কসরত করেছেন, তা লজ্জাজনক। উভয় পদ থেকে তাঁর আশু অপসারণ কাম্য। আমরা একই সঙ্গে সব সাংবিধানিক পদে নিয়োগের জন্য একটি উন্মুক্ত শুনানিসাপেক্ষ স্বচ্ছ বাছাই প্রক্রিয়া চালু করার ওপর গুরুত্বারোপ করি।