নারায়ণগঞ্জের সাত খুন মামলার বিচার চলাকালে পাবলিক প্রসিকিউটর (পিপি) এবং আসামিপক্ষের আইনজীবীরা এক হয়ে আদালতকক্ষ থেকে সাংবাদিকদের বের করে দিয়েছেন বলে যে খবর বেরিয়েছে, তা গভীর উদ্বেগজনক।এ ঘটনা কার্যত প্রকাশ্য আদালতে স্বাধীন বিচারকার্য পরিচালনায় মৌল নীতির পরিপন্থী। এ রকম ঘটনার আশঙ্কা থেকেই আমরা এ মামলার বিচারকার্য নারায়ণগঞ্জ থেকে রাজধানীর কোনো আদালতে স্থানান্তরের যুক্তিকে সমর্থন করেছিলাম।
এই মামলার ভুক্তভোগী পরিবার ও সাক্ষীদের প্রতি আসামিপক্ষের অব্যাহত হুমকি ও হয়রানিমূলক তৎপরতা থেকে এ ঘটনাকে বিচ্ছিন্ন করে বিবেচনা করা যাচ্ছে না। সামনে নিহত নজরুল ইসলামের স্ত্রীর সাক্ষ্য ও জেরার তারিখ ধার্য আছে, এদিন জেরার নামে আসামিপক্ষের আইনজীবীরা তাঁকে হয়রানি করতে পারেন। সাংবাদিকেরা উপস্থিত থাকলে সেটা করা কঠিন হতে পারে। এই হৃদয়বিদারক হত্যাকাণ্ড মামলার আসামিপক্ষের আইনজীবীদের সামাজিক অবস্থান একটি বিরাট স্বার্থের সংঘাত সৃষ্টি করেছে। এই মামলার অন্যতম প্রধান আসামি নূর হোসেনের প্রধান আইনজীবী হলেন আওয়ামী লীগের একজন সুপরিচিত নেতা। আইনজীবী হিসেবে আদালতে রাখা তাঁর সব বক্তব্য গণমাধ্যমে এলে সেটা তাঁর ও দলের জন্য বিব্রতকর হতে পারে। যেমন, অভিযোগ গঠনের দিনের শুনানিতে তিনি বলেছেন, রিমান্ডে নির্যাতন করে ১৬৪ ধারায় তাঁর নিরীহ মক্কেলদের জবানবন্দি লেখানো হয়েছে। গণমাধ্যমকর্মীদের ব্যাপারে পিপির অবস্থানের সঙ্গে আসামিদের আইনজীবীদের যোগসাজশের আশঙ্কা তাই নাকচ করা যাচ্ছে না।
আইন ও বিচারমন্ত্রী আনিসুল হক বলেছেন, এটা পিপির কাজ নয়। কিন্তু এ বিষয়ে পিপির বক্তব্য অস্পষ্ট। তিনি সাংবাদিকদের চলে যেতে আদালতের বরাত দিয়েছেন। আবার বলেছেন, তিনি ‘হালকাভাবে’ কিছু সময়ের জন্য তাঁদের চলে যেতে বলেছিলেন। সর্বোচ্চ পেশাগত নৈতিকতা ও শুদ্ধতা প্রদর্শন করা পিপির কর্তব্য, কিন্তু তাঁর এই আচরণ এর সঙ্গে সংগতিপূর্ণ নয়। সংশ্লিষ্ট আদালত কিংবা আইন মন্ত্রণালয় এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে পারে। বার কাউন্সিলের নির্বাহী কমিটিও স্বপ্রণোদিতভাবে বিষয়টি আমলে নিতে পারে।