পিলখানা হত্যাযজ্ঞের বিচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিলখানা হত্যাকাণ্ড
পিলখানা হত্যাকাণ্ড

আজ থেকে পৌনে নয় বছর অগে পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে যে নির্মম ও নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল, তার নজির আমাদের ইতিহাসে দ্বিতীয়টি নেই। সে সময় কেবল পিলখানা নয়, আঞ্চলিক অফিসগুলোতে তথাকথিত বিদ্রোহ সংঘটিত হয়েছিল। বিডিআরের নিজস্ব আইনে সেই বিদ্রোহের দায়ে ১৬ হাজার ৮৯৯ জন শাস্তি পেয়েছেন। এবার হত্যা মামলায় বিচারপতি মো. শওকত হোসেনের নেতৃত্বাধীন তিন সদস্যের হাইকোর্ট বেঞ্চ ১৩৯ জনের ফাঁসি, ১৮৫ জনের যাবজ্জীবন বহাল রেখেছেন এবং ২০০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন। এর আগে বিচারিক আদালতে ১৫২ জনের ফাঁসি ও ১৬০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল।

এখানে কতজনের ফাঁসি বা যাবজ্জীবন হয়েছে তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো সেই ঘৃণ্য অপরাধের বিচার হয়েছে। আমরা জানি, কোনো বিচারই স্বজনহারাদের বেদনা ঘোচাতে পারবে না। তবে তঁারা এটুকুই সান্ত্বনা পাবেন যে অপরাধের বিচার হয়েছে, অপরাধ করলে শাস্তি পেতে হয়। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার এটাই একমাত্র পথ।

আমাদের মনে রাখতে হবে, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানায় হত্যাযজ্ঞ চালানো হয়েছিল, তাতে ৫৭ জন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হয়েছিলেন। এমনকি তথাকথিত বিদ্রোহে যোগ না দেওয়ার কারণে তৎকালীন বিডিআরের অনেক সাধারণ সদস্যকেও জীবন দিতে হয়েছে। আরও দুর্ভাগ্যের বিষয় হলো একটি সুশৃঙ্খল বাহিনীর সদস্যরাই পরিকল্পিতভাবে এই নৃশংসতা ঘটিয়েছে।

তবে হাইকোর্টের রায়ই চূড়ান্ত নয়। এখানে রাষ্ট্রপক্ষ ও বিবাদীপক্ষ উভয়েরই আপিল অথবা রিভিউয়ের আবেদন করার সুযোগ আছে। বিবাদীপক্ষের আইনজীবীরা সেই ইঙ্গিতও দিয়েছেন। ন্যায়বিচারের স্বার্থে দ্রুত আপিল নিষ্পত্তি হয়ে অপরাধীরা শাস্তি পাবেন, সেটাই প্রত্যাশিত। পিলখানা ট্র্যাজেডির শিকার পরিবারের সদস্যরা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানিয়েছেন, তাঁরা দ্রুত রায় কার্যকর দেখতে চান।

এ প্রসঙ্গে আরেকটি বিষয়ের প্রতি দৃষ্টি দেওয়া উচিত। উচ্চ আদালত রায়ে বেশ কিছু পর্যবেক্ষণ দিয়েছেন, যা গুরুত্বের দাবি রাখে। নির্বাহী বিভাগের উচিত হবে সেগুলো আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। ভবিষ্যতে এ ধরনের হত্যাকাণ্ড বা ট্র্যাজিক ঘটনা রোধ করতেই সেটি প্রয়োজন বলে আমরা মনে করি। পিলখানার ঘটনায় দায়ের করা বিস্ফোরক মামলার নিষ্পত্তি বাকি রয়ে গেছে। সেই মামলারও দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া জরুরি।