পুরস্কৃত করুন, নিরাপত্তা দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অখ্যাত নিরস্ত্র সাধারণ মানুষ যদি ব্লগার ওয়াশিকুরের খুনিদের হাতেনাতে না ধরত, তাহলে হয়তো অভিজিতের খুনিদের মতো এরাও অধরাই থেকে যেত। অন্তত অতীতের অভিজ্ঞতা তা-ই বলে। সাধারণ মানুষের এই কৃতিত্বের বিপরীতে পুলিশের ব্যর্থতা শোচনীয়। খুনিদের তৃতীয়জন এখনো পলাতক। তাদের নির্দেশদাতা ‘মাসুম ভাই’কে সশরীরে ধরা তো যায়ইনি, তদন্তেও বিশেষ অগ্রগতির লক্ষণ নেই।
রোববারের প্রথম আলোয় সময়ের আলোচিত তিন সাহসী সম্পর্কে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। যে রফিক হোসেন চিৎকার শুনে পলায়মান খুনিদের ধাওয়া করেন, তিনি কাভার্ড ভ্যানের চালক; দুর্ঘটনায় হাত ভেঙে বেকার হয়ে আছেন। তাঁর আহ্বানে পুলিশ সদস্য শাহিন মিয়া ধাওয়ায় শামিল হন। তবে মরিয়া খুনিদের পথ আটকে দেন যিনি, তাঁর নাম লাবণ্য—সমাজে হিজড়া হিসেবে পরিচিত। খেয়াল করার বিষয়, অভিজিতের ঘটনায় খুনিরা সামনে দিয়ে দৌড়ে পালালেও পুলিশ নিজে থেকে সক্রিয় হয়নি। দ্বিতীয় বিষয়, রফিক আর লাবণ্য দুজনই শ্রমজীবী প্রান্তিক সমাজের মানুষ। তাঁরা হয়তো ওয়াশিকুরের জীবন বাঁচাতে পারেননি, কিন্তু হাতেনাতে পাকড়াও করে অপরাধীদের কঠিন বার্তা দিয়েছেন যে জনতা রুখে দাঁড়ালে নিস্তার নেই। এ ঘটনা থেকে প্রমাণিত হয় নাগরিক নজরদারি ও সজাগ প্রহরার কোনো বিকল্প নেই। অধিকাংশ মানুষ এভাবে অন্যায়-অপরাধের বিরুদ্ধে জোট বেঁধে দাঁড়ালে অন্ধকারের শক্তিকে পরাস্ত করা কঠিন হবে না।
আমাদের অতি আত্মকেন্দ্রিক সমাজে রফিক ও লাবণ্যরা সক্রিয় সামাজিক মানুষের উদাহরণ। পুলিশের এএসআই শাহিন মিয়াও পরিস্থিতির ডাকে সাড়া দিয়ে পুলিশ বাহিনীর মুখরক্ষা করেছেন। আমরা আশা করি, পুরস্কৃত করে জনগণের তরফে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবে। তা ছাড়া, তাঁদের জীবনের নিরাপত্তা নিয়েও উদ্বিগ্ন হওয়ার কারণ রয়েছে। এদিকটা যেন মোটেই অবহেলা করা না হয়। রফিক ও লাবণ্যকে জীবনে প্রতিষ্ঠিত হতে সাহায্য করাও সরকারের দায়িত্ব।