পুরান ঢাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পুরান ঢাকা থেকে কেমিক্যাল কারখানা সরানোর একটি নতুন নির্দেশের কথা আবার শোনা গেল। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন ঢাকাসীদের সেবা প্রদানে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে এক সমন্বয় বৈঠকে এ নির্দেশ দিয়েছেন। এই আদেশের যথাযথ বাস্তবায়ন হবে এমন আশা কি আমরা এবার অন্তত করতে পারি?
এ প্রসঙ্গে আমরা ২০১০ সালে পুরান ঢাকার নিমতলীতে একটি কেমিক্যাল কারখানায় ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের কথা স্মরণ করতে পারি। ১২৪ জনের প্রাণ কেড়ে নেওয়া ওই ঘটনার পর সেখান থেকে এ ধরনের সব কারখানা সরিয়ে ফেলার সিদ্ধান্ত হয়েছিল। জুন মাসে এই দুর্ঘটনার ছয় বছর পূর্তি হয়েছে, কিন্তু কারখানাগুলো এখনো সেখান থেকে সরেনি। দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের স্মরণে সেখানে স্মৃতিস্তম্ভ হয়েছে, কিন্তু এ ধরনের দুর্ঘটনা যাতে আর না ঘটে, সেই ব্যবস্থা নেওয়া হয়নি।
পুরান ঢাকার মতো একটি ঘনবসতিপূর্ণ ও সরু রাস্তাঘাটওয়ালা এলাকায় রাসায়নিক কারখানা বা গুদামের বিষয়টি খুবই বিপজ্জনক। নিমতলীর ঘটনায় সে অভিজ্ঞতা আমাদের হয়েছে। দীর্ঘ ছয় বছর পর পুরান ঢাকা থেকে কেমিক্যাল কারখানা সরিয়ে নিতে সেখানকার সিটি মেয়রের নতুন নির্দেশ কবে বাস্তবায়ন হয়, সেটাই এখন দেখার বিষয়।
আমরা আশা করতে চাই, নাগরিক সেবা প্রদানকারী বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় বৈঠকে ঢাকা দক্ষিণের মেয়র যে নির্দেশ দিয়েছেন তা অবিলম্বে বাস্তবায়িত হবে। এ জন্য বৈঠকে ফায়ার সার্ভিস, ডিএসসিসি ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের সমন্বয়ে কমিটি গঠন এবং দুই সপ্তাহের মধ্যে কাজ শুরু করার কথা বলা হয়েছে। আমরা মনে করি, এই কমিটি কঠোর অবস্থানে থেকে দায়িত্ব পালন করলে কাজটি কঠিন হবে না। সমন্বয় কমিটি বৈঠকে পুরান ঢাকার নাগরিক সুবিধা নিশ্চিত ও দুর্ভোগ লাঘবে আরও কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সায়েদাবাদে উড়ালসড়কের নিচ থেকে ট্রাকস্ট্যান্ডটি সরানোর বিষয়টিও এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। এ দুটি কাজ করা গেলে পুরান ঢাকার পরিস্থিতির কিছু কার্যকর উন্নতি নিশ্চিত হবে।