রাজধানীর নতুন বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) প্রণয়নের জন্য গৃহীত প্রকল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিরা পুরান ঢাকার ঘিঞ্জি চেহারা ও জরাজীর্ণ অবস্থা বদলে দিতে ভূমি পুনঃ উন্নয়নের মাধ্যমে খণ্ড খণ্ড প্লটগুলোকে একত্র করে ব্লকভিত্তিক আবাসনব্যবস্থা গড়ে তোলার যে সুপারিশ করেছেন, তা ভেবে দেখার মতো। ঢাকাকে সামগ্রিকভাবে একটি পরিকল্পিত ও বাসযোগ্য নগর হিসেবে গড়ে তুলতে হলে নগর পরিকল্পনায় পুরান ঢাকাকে উপেক্ষা করার সুযোগ নেই।
আটটি মেট্রোপলিটন থানা এলাকা নিয়ে গঠিত পুরান ঢাকা নানা সমস্যায় জর্জরিত। এ এলাকার ভবনগুলোর বেশির ভাগই জরাজীর্ণ হয়ে পড়েছে। অননুমোদিত নকশায় নির্মিত পুরোনো আমলের ভবনগুলো ভূমিকম্পের মারাত্মক ঝুঁকিতে রয়েছে। এসব ভবনে বাস করছে কয়েক লাখ মানুষ। দু-একটি প্রধান সড়ক ছাড়া পুরান ঢাকার কোনো সড়ক ১০ ফুটের বেশি প্রশস্ত নয়। এসব সড়কে দুটি রিকশা পাশাপাশি চলাই দায়। অটোরিকশা বা ছোট গাড়ি ঢুকলে যানজট লেগে যায়। এসব সরু রাস্তার পাশেই গড়ে উঠেছে অসংখ্য বাণিজ্যিক প্রতিষ্ঠান, বাসাবাড়ি, আড়ত, মার্কেট, শিক্ষাপ্রতিষ্ঠান প্রভৃতি। ফলে মানুষের ভিড় লেগেই থাকে। সরু অলিগলি পেরিয়ে ৭০ শতাংশ বাড়িঘর পর্যন্ত পৌঁছে না অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসের গাড়ি। পুরান ঢাকার অলিগলিসহ প্রধান প্রধান সড়কে গড়ে উঠেছে রাসায়নিক পণ্যের বৈধ-অবৈধ গুদাম। এসব গুদামের কারণে ঘটছে অগ্নিকাণ্ডসহ নানা ধরনের দুর্ঘটনা। এই যখন পরিস্থিতি, তখন ড্যাপ প্রণয়ন কমিটির সদস্যদের সুপারিশকে অবশ্যই গুরুত্বের সঙ্গে নেওয়া উচিত।
ড্যাপ প্রণয়ন কমিটির সদস্যদের মতে, ছোট ছোট প্লটকে একত্র করার প্রক্রিয়ায় উন্নত বাসস্থান, প্রশস্ত সড়ক, উন্মুক্ত স্থান, বিনোদনকেন্দ্রসহ অন্যান্য নাগরিক সুবিধা নিশ্চিত করার সুযোগ বাড়বে। তবে পুরান ঢাকায় লালবাগ কেল্লা, আহসান মঞ্জিল, রূপলাল হাউস, আর্মেনীয় গির্জা, হোসেনী দালানসহ নানা ঐতিহ্যবাহী স্থাপনা রয়েছে। এসব স্থাপনার প্রত্নতাত্ত্বিক গুরুত্ব অনেক। এসব ঐতিহাসিক স্থাপনাকে যথাযথভাবে সংরক্ষণ করে ও এর সঙ্গে সমন্বয় করে পুরান ঢাকাকে কীভাবে ঢেলে সাজানো যায়, তা নিয়ে চিন্তাভাবনা জরুরি হয়ে পড়েছে। একটি সামগ্রিক পরিকল্পনার আওতায় কাজটি করতে হবে। এ ব্যাপারে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।