পুরান ঢাকার অভয় দাস লেন এলাকার একটি রাস্তা খানাখন্দে ভরে গেলেও তা সংস্কারের কোনো উদ্যোগ নেই। রাস্তাটির অবস্থা এতই খারাপ যে এখন চলতে গেলেই হোঁচট খেতে হয়। রিকশা উল্টে যাওয়ার ঘটনাও ঘটেছে। রাস্তাটি শেষবার মেরামত হয়েছিল ২০০৯ সালে। তারপর প্রায় সাত বছর আর সংস্কার করা হয়নি।
সোমবার প্রথমআলোয় প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, রাস্তাটি গেছে পুরান ঢাকার অভয় দাস লেন থেকে বেঙ্গল স্টুডিও ও আশপাশের এলাকার ভেতর দিয়ে। এই রাস্তা দিয়ে প্রতিদিন প্রচুর যানবাহন চলাচল করে। ছোটদের তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে ওই রাস্তার পাশে। শিক্ষার্থীরা বছরের পর বছর ঝুঁকি নিয়ে এই রাস্তা ব্যবহার করছে। বৃষ্টি হলে তো পানি জমেই। আর বৃষ্টি না হলেও ভাঙা রাস্তায় সব সময়ই পানি জমে থাকে। পানির নিচে রয়েছে বিপজ্জনক গর্ত। সম্প্রতি একটি কিন্ডারগার্টেন স্কুলের এক ছাত্র গর্তে পড়ে ব্যথা পায়। তাকে ধরতে গিয়ে তার মায়ের হাতে থাকা স্কুলব্যাগও গর্তে পড়ে যায় এবং বই, খাতা নষ্ট হয়।
প্রতিবেদন থেকে আরও জানা যায়, পাশের একটি রাস্তা মেরামত করা হয় প্রায় দুই মাস ধরে। ওই সময় আশপাশের সড়কগুলোয় মাঝেমধ্যেই যান চলাচল বন্ধ হয়ে যেত। এখানেই পরিকল্পনাহীনতার বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে। সেই রাস্তাটির সঙ্গে একই সময়ে এই রাস্তাটিও মেরামতের উদ্যোগ নেওয়া যেত। তাতে সার্বিকভাবে খরচ যেমন কমত, তেমনি এখন রাস্তাটি নতুন করে করতে গেলে জনগণকে যে ভোগান্তি পোহাতে হবে, তা থেকে নিস্তার পাওয়া যেত। কিন্তু তা করা হয়নি।
রাজধানীর ভেতরে একটি রাস্তা সাত বছরে সংস্কারের মুখ দেখবে না, এটা সত্যিই বিস্ময়কর। জনগণের দুর্ভোগ নিয়ে মাথাব্যথা থাকলে এমন হওয়ার কথা নয়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনসহ সংশ্লিষ্টদের প্রতি আবেদন, রাস্তাটি দ্রুত সংস্কার করে মানুষের দুর্ভোগ নিরসন করা হোক।