পুরান ঢাকার পানি সমস্যা
পানির সমস্যা ঢাকার হররোজ হলেও গ্রীষ্ম মৌসুমে তার প্রকোপ বাড়ে। প্রায়ই বিভিন্ন এলাকায় ওয়াসার পানি সরবরাহে ছেদ পড়ার সংবাদ পাওয়া যায়। যথারীতি ওয়াসা কর্তৃপক্ষ নিজেদের চেষ্টার ত্রুটি নেই বলে দাবি করে এবং যথারীতি পানিসংকট এক এলাকা থেকে আরেক এলাকায় পরিভ্রমণ করে। জোড়াতালি দেওয়া এই ব্যবস্থা আর কতকাল চলবে, চলতে পারে, সেই প্রশ্ন কি সরকার কখনো করে?নবাবপুরবাসীর অভিযোগ, প্রায় দুই সপ্তাহ ধরে তাঁদের এলাকায় পানি সরবরাহ বন্ধ। একে তো গরম, তার ওপর রোজার সময় হওয়ায় মানুষের দুর্ভোগ অসহনীয় হয়ে উঠছে। এলাকার রাস্তা সংকীর্ণ হওয়ায় সেখানে গাড়িতে করে জরুরিভাবে পানি সরবরাহ করাও সম্ভব হচ্ছে না। দুর্ভোগ থেকে বিক্ষোভ দানা বাঁধছে। ওয়াসার সংশ্লিষ্ট কর্তামহলের ব্যাখ্যা হলো, সুরিটোলা পাম্পে পর্যাপ্ত পানি উত্তোলিত না হওয়ায় ঘাটতি হচ্ছে। এর অনেক কারণ থাকতে পারে। প্রথমত, কারিগরি ত্রুটি, ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়া, দ্বিতীয়ত বিদ্যুৎ ঘাটতির জন্য গভীর নলকূপ চলতে না পারা ইত্যাদি। দেড় কোটি জনসংখ্যার শহরে যে রকম বহুমুখী ও আধুনিক পানি সরবরাহের ব্যবস্থা থাকা দরকার, তা নেই। সরকারের দিক থেকেও জনস্বার্থসংশ্লিষ্ট ব্যাপারে বড় পরিকল্পনা ও বিনিয়োগের লক্ষণও দেখা যাচ্ছে না। ঢাকার নদীগুলো উত্তরোত্তর এতই সংকীর্ণ, অগভীর ও দূষিত হচ্ছে যে চাহিদামাফিক পানির জোগানের সামর্থ্য তারা হারিয়ে ফেলেছে। সায়েদাবাদের পানি শোধনাগারের সামর্থ্যও সীমিত। আরও দূরের নদী থেকে পানি আনার পরিকল্পনার কথাও শোনা গেলেও সেটি কতটা বাস্তবসম্মত, ভেবে দেখতে হবে। কেবল ভূগর্ভস্থ পানির ওপর নির্ভর করার দিন শেষ। সে ক্ষেত্রে ঢাকার বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, বালু ও তুরাগকে দখল ও দূষণমুক্ত করে সজীব রাখা দরকার ছিল। দ্বিতীয়ত, বৃষ্টির পানি ধরে রাখার ব্যবস্থা দরকার। সমস্যা থাকলে তার সমাধান আছে। কিন্তু তার জন্য চাই সদিচ্ছা ও যথাযথ পরিকল্পনা। পানি সমস্যা দিনকে দিন আরও ঘনীভূত হচ্ছে। সুতরাং, এ ব্যাপারে এখনই যদি দীর্ঘমেয়াদি বিস্তৃত উদ্যোগ না নেওয়া হয়, তাহলে তা গভীর অসন্তোষ ও বিশৃঙ্খলার জন্ম দিতে পারে।