পুরোনো ব্যাধি জলাবদ্ধতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবার্ষিক যানজটের পাশাপাশি বর্ষার জলাবদ্ধতা ঢাকাবাসীর জন্য নগর কর্তৃপক্ষের উপহার বলেই ধরে নিতে পারি। তারা প্রতিশ্রুতি ভাঙলেও বৃষ্টি কথা রাখে। যুগের পর যুগ গত হয়, কারও জবাবদিহি নেই। শুধু খামখেয়ালি নগরায়ণ ও অকেজো ব্যবস্থাপনার খেসারত দিয়ে যান নগরবাসী। তাঁরা কর দেন, ভোট দেন। প্রতিদানে পান অসহনীয় দুর্ভোগ। কোনো আশ্বাসই বাস্তবায়িত হয় না। এই দুরবস্থার দায় সম্পূর্ণতই ওয়াসা ও সিটি করপোরেশনের হলেও রাজধানী নিয়ে সরকারের উদাসীনতাও লক্ষণীয়।
বৃষ্টি আশীর্বাদ। বৃষ্টি ও বন্যা আসবে এবং তা রাজধানীকে ধুয়েমুছে সাফ করে দেবে—এটাই স্বাভাবিক। শুধু নগরের মলিনতা ও আবর্জনাই বৃষ্টির পানিতে বিধৌত হবে না, এ সুবাদে রাজধানীর পয়োনিষ্কাশনব্যবস্থাও নবায়িত হবে। কর্তৃপক্ষের গাফিলতি, অনিয়ম ও দুর্নীতির জন্য যা হওয়া উচিত, তা হয় না। তাই রাজধানীর বিস্তৃত অঞ্চলের সড়ক, মাঠ যে ডুবে আছে, অনেক এলাকার ঘরবাড়ি, দপ্তর ও দোকান যে ডুবে আছে, তার দোষ প্রকৃতির নয়। জলাবদ্ধতায় রাজধানীর লাখ লাখ মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত। রাজধানীর এমন দুর্দশায় সরকার কীভাবে নীরব দর্শকের ভূমিকা পালন করতে পারে। কিন্তু বছরের পর বছর সেটাই হয়ে আসছে।
বহু বছর যাবৎ রাজধানীর পানি ও পয়োনিষ্কাশনব্যবস্থা হালনাগাদ হয়নি। মিরপুরের ৯০ শতাংশ এলাকায় ওয়াসার ড্রেনেজ লাইন নেই। যে খালগুলো দিয়ে বর্ষার পানি বুড়িগঙ্গা, তুরাগ প্রভৃতি নদনদীতে প্রবাহিত হতে পারত, সেসব দখল ও ভরাট। রাজধানীর চারপাশের যে কৃষিজমি প্লাবন অববাহিকা হিসেবে সংরক্ষিত থাকার কথা, সেগুলোতে আবাসন প্রকল্প ও ইটভাটা করা হয়েছে। ওয়াসা ও দুটি সিটি করপোরেশনের কাজের মধ্যে সমন্বয় নেই। বর্ষার আগে ড্রেনগুলো পরিষ্কার করা হয় না।
গলদ যখন সবখানে, তখন কিছু ড্রেন বানানো আর কিছু মেশিন বসালেই সমাধান আসবে না। সমন্বিত মহাপরিকল্পনার পাশাপাশি নগর-ব্যবস্থাপকদের, মেয়রদ্বয়কে এবং সরকারকেও জবাবদিহি ও স্বচ্ছতার মধ্যে আনতে হবে। কিন্তু বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে? ঢাকার নতুন দুই মেয়র আদর্শ ঢাকা এবং সমাধান যাত্রার প্রতিশ্রুতি দিয়েছিলেন। জলাবদ্ধ রাজধানী কি তাঁদের সেই অঙ্গীকারকে পরিহাস করছে না?