চলন্ত বাসে আবারও নারী লাঞ্ছনার ঘটনার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে মামলা হয়েছে এবং অভিযুক্ত ব্যক্তিকে পুলিশ আটকও করেছে। সম্প্রতি এ ধরনের বেশ কটি ঘটনার খবর গণমাধ্যমে এসেছে। গণপরিবহন যে নারীর নিরাপত্তাহীনতার নতুন ক্ষেত্র হয়ে উঠেছে, একের পর এক ঘটনা চোখে আঙুল দিয়ে সেটাই দেখিয়ে দিচ্ছে।
মানিকগঞ্জ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী গাবতলীগামী শুকতারা পরিবহনের একটি বাসে উঠে চালকের সহকারীর আগ্রাসী যৌন আচরণের কবলে পড়েন। বাসটিতে তখন ১০-১২ জন যাত্রী ছিলেন এবং মেয়েটি বসেছিলেন বাসের সামনের আসনে। বাসচালকের সহযোগী এক যুবক তাঁর পাশের খালি আসনটিতে বসে তাঁকে উত্ত্যক্ত করতে থাকেন। খেয়াল করার বিষয়, যা ঘটেছে তা যাত্রীদের চোখের সামনেই ঘটেছে এবং মেয়েটি আত্মরক্ষার চেষ্টায় কাউকে পাশে পাননি।
সাহসী ছাত্রী পুলিশে অভিযোগ করায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করা গেছে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই আক্রান্ত মেয়েরা থানা-পুলিশ করেন না। কখনো লোকলজ্জায়, কখনো অধিকতর হেনস্তা হওয়ার ভয়ও কাজ করে। কিন্তু এর তো প্রতিকার ও প্রতিরোধ হতে হবে।
নারীরা শিক্ষা ও কর্মের প্রয়োজনে আগের চেয়ে বেশি বাইরে আসছেন। সমাজ ও অর্থনীতির উন্নতির স্বার্থেই তাঁদের এই চলাচলকে নিরাপদ করতে হবে। সাধারণত, স্বল্প দূরত্বের সাধারণ বাসেই এ ধরনের ঘটনা বেশি ঘটতে দেখা যায়। সে কারণে এসব রুটে পুলিশের নজরদারি, সচেতনতামূলক প্রচার ইত্যাদি বাড়াতে হবে। অন্য যাত্রীরাও এসব ঘটনার নীরব দর্শক থাকতে পারেন না। আর পরিবহন মালিকপক্ষের এ ব্যাপারে বাসের সব কর্মচারীকে কঠোর নির্দেশ দিতে হবে। প্রতিটি বাসে অভিযোগ জানানোর জন্য ফোন নম্বর বড় করে লিখে রাখতে হবে। এ ব্যাপারে স্বেচ্ছাসেবী সংগঠন তথা এনজিওগুলোরও করণীয় রয়েছে।
আমরা বিশ্বাস করি, পুলিশ, মালিক, যাত্রীরা মিলে সজাগ ও প্রতিবাদী থাকলেই নারীকে আর এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হবে না।