প্রখ্যাত লেখক–সাহিত্যিকদের জীবনী পড়লে একটি বিষয় লক্ষ করা যায়, কোনো না কোনো পাঠাগারকে ঘিরে তাঁরা বড় হয়ে উঠেছেন। ছোটবেলা থেকে পাঠাভ্যাসই তাঁদের লেখালেখির জগতে নিয়ে আসে। সেসব পাঠাগারের কারণে মফস্বল বা গ্রামের অগ্রগামী সমাজের কথাও তাঁদের জবানিতে আমরা পাই। পাঠাগারের সেই স্বর্ণযুগ এখন আর নেই। অনলাইন যুগ আসার আগে থেকেই নানা কারণে মানুষের মধ্যে পাঠাভ্যাসে ছেদ পড়েছে। এখন স্মার্টফোনের কারণে সেটি আরও পড়তির দিকে। এমন সময়ে টাঙ্গাইলের এক গ্রামে একটি পাঠাগারের খবর আমাদের উচ্ছ্বসিত করে।
প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, ‘বাতিঘর’ নামে পাঠাগারটির অবস্থান টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়নের চৌরাকররা গ্রামে। কামরুজ্জামান সোহাগ নামে একজন পুলিশ কর্মকর্তা এটির উদ্যোক্তা। ছেলেবেলা থেকেই বই পড়তে পছন্দ করতেন তিনি। কিন্তু তাঁর গ্রামের ছেলেমেয়েদের মধ্যে বই পড়ার চল ছিল না। তখন নিজ গ্রামে পাঠাগার গড়ার স্বপ্ন দেখেন তিনি। মাধ্যমিকের পর গ্রাম ছেড়ে টাঙ্গাইল শহরে চলে যান কামরুজ্জামান। সেখান থেকে উচ্চমাধ্যমিক পাস করে ভর্তি হন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। কিন্তু ভুলে যাননি পাঠাগারের স্বপ্ন। ২০১০ সালে নিজ গ্রামে গড়ে তোলেন ‘বাতিঘর’। সেই পাঠাগার এখন আলো ছড়াচ্ছে গ্রামে।
বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে কামরুজ্জামান এখন বাংলাদেশ পুলিশে উপপরিদর্শক (এসআই) পদে চাকরি করছেন। কর্মরত আছেন পুলিশ সদর দপ্তরে। গ্রাম থেকে দূরে থাকলেও পাঠাগার পরিচালনার জন্য গ্রামের শুভানুধ্যায়ীদের নিয়ে একটি কমিটি করে দিয়েছেন তিনি। তাঁদের নেতৃত্বেই পরিচালিত হচ্ছে এই পাঠাগার। শুরুতে ছেলের পাগলামি মনে করত কামরুজ্জামানের পরিবার। পরে পাঠাগারের প্রতি গ্রামের শিক্ষার্থীদের আগ্রহ দেখে তাঁরাও যুক্ত হয়ে পড়েন এর সঙ্গে। পাঠাগারের জন্য ছেড়ে দেন ঘরের একটি কক্ষ।
বন্ধুবান্ধব, বিশ্ববিদ্যালয়ের ঘনিষ্ঠদের কাছ থেকে বই সংগ্রহ দিয়ে শুরু। বর্তমানে পাঠাগারে বইয়ের সংখ্যা আট শতাধিক। সদস্য ১০১ জন। যেখানে আছে স্কুলশিক্ষার্থী থেকে একেবারে বয়স্ক মানুষও। কারও পাঠাগারে আসতে অসুবিধা হলে ফোন করলেও বই পৌঁছে দেওয়া হয়। গ্রামের অধিবাসী চৌধুরী মালঞ্চ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন জানান, বাতিঘর পাঠাগার গ্রামের তরুণসমাজের মধ্যে পাঠাভ্যাস তৈরিতে ভূমিকা রাখছে। পাঠ্যবইয়ের পাশাপাশি শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের বই পড়তে পারছে।
পাঠাগারের জন্য গ্রামে একটি স্থায়ী জায়গা নেওয়ার চেষ্টা করছেন কামরুজ্জামান। যেখানে হবে পাঠাগারের নিজস্ব ভবন। একজন পুলিশ কর্মকর্তা হিসেবে কামরুজ্জামানের এমন কার্যক্রম নিঃসন্দেহে প্রশংসনীয়। তাঁর অনুপ্রেরণায় আরও মানুষ এগিয়ে আসুক। প্রতিটি গ্রামে অন্তত একটি পাঠাগার গড়ে উঠুক। আলোকিত সমাজ গড়তে ভূমিকা রাখুক সেই পাঠাগার।