পুলিশের সদস্য হাবিবুর রহমান সাত খুন মামলার চার্জশিটভুক্ত আসামি থাকার পরও কর্মরত ছিলেন পুলিশে এবং মামলা চলাকালে ‘পলাতক’ অবস্থায় পদোন্নতিও পেয়েছেন। মামলার রায়ে কারাদণ্ড পাওয়ার পরও তিনি মুক্ত থেকেছেন এবং উপভোগ করেছেন পুলিশের এএসআইয়ের চাকরি। কীভাবে এমন মারাত্মক গাফিলতি সম্ভব হলো? কে বা কারা এ সময়ে খুনের আসামিকে রক্ষা করে গেল?
হাবিবুর রহমান সাত খুনের ঘটনায় জড়িত হন র্যাব বাহিনীর সদস্য থাকা অবস্থায়। মামলার পর র্যাব থেকে আসামিদের প্রত্যাহার করে যার যার বাহিনীতে পাঠানো হয় এবং হাবিবুর আবার যুক্ত হন পুলিশ বাহিনীতে। ২০১৫ সালের এপ্রিল মাসে মামলার চার্জশিট দাখিল হওয়ার পরও তাঁকে ‘পলাতক’ দেখানো হয়। এই পলাতক আসামিদের বিষয়ে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয় এবং তাঁদের তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ সদর দপ্তরসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট সব দপ্তরে থাকার কথা। এখানে ভুল হওয়ার কোনো সুযোগও থাকার কথা নয়। তারপরও হাবিবুর রহমান পুলিশে কাজ করে গেছেন, পদোন্নতি পেয়েছেন এবং সর্বশেষ বরিশাল নৌ-পুলিশে কর্মরত ছিলেন। গত শুক্রবার গ্রেপ্তার হওয়ার আগ পর্যন্ত এই ‘পলাতক’ আসামি বহাল তবিয়তে মুক্ত জীবনযাপন করে গেছেন।
অথচ হাবিবুর রহমান পলাতক ছিলেন না, ছিলেন পলাতকদের ধরার কথা যাদের, সেই পুলিশ বাহিনীতেই। পত্রিকার বিজ্ঞাপন, মামলার প্রক্রিয়া এবং প্রশাসনের অভ্যন্তরীণ নির্দেশ কোনো কিছুই পুলিশ সদর দপ্তরের নজরে না পড়ার কারণ নেই। দ্বিতীয় দায় সংশ্লিষ্ট রেঞ্জের ওসির, যাঁর অধীনে তিনি পদায়িত ও বাহিনীতে ন্যস্ত ছিলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ই–বা কী করেছে? একজন খুনি অথবা খুনের সহযোগীর পুলিশের পোশাকে ‘সুরক্ষিত’ থেকে যাওয়ার এ ঘটনাকে হালকাভাবে দেখার সুযোগ নেই। এটা কি স্রেফ গাফিলতি? পুলিশ সদর দপ্তরের উচিত বিষয়টি ব্যাখ্যা করা।
হাবিবুর রহমানের গ্রেপ্তার ও সাজাভোগ নিশ্চিত করার মাধ্যমেই এ ঘটনা শেষ হয়ে যেতে পারে না। হাবিবুরের শাস্তি তিনি পাবেন, কিন্তু পুলিশ বাহিনীর যাঁদের গাফিলতির কারণে তাঁর ‘পলায়ন’ ও পদোন্নতি নিশ্চিত করা গেছে, তঁাদেরও চিহ্নিত ও বিচারের আওতায় আনতে হবে।