আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যয়ের পরিচ্ছন্ন হিসাব থাকা জরুরি। জনস্বার্থের কথা বলে তারা যেসব প্রকল্পে কোটি কোটি টাকা খরচ করে, সেসব জনস্বার্থে কতটা লাগছে, তারও পরিমাপ হতে হবে। ঢাকার রাস্তায় ৬১ কোটি টাকা ব্যয়ে সিসি ক্যামেরা বসানোসহ অন্য দুটি প্রকল্পের মোট ১০৯ কোটি টাকার পুরোটাই পানিতে গেছে! প্রকল্পগুলো চালু করায় যত দেরি হবে, তত অপচয় বাড়বে। তা ছাড়া রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণব্যবস্থা যুগোপযোগী না করায় সড়কে দুর্ঘটনা ও মৃত্যুর ঘটনা বাড়তেই থাকবে।
গত রোববারের প্রথম আলোর সংবাদ জানাচ্ছে, ১৯৯৮ সালে ঢাকার রাস্তায় সিসি ক্যামেরা বসানোর পরিকল্পনা নেওয়া হয়। এর কাজ ২০০৩ সালে শুরু হয়ে শেষ হয় ২০১০ সালে। কিন্তু এখনো ঠিকাদারের কাছ থেকে প্রকল্পটি বুঝে নেওয়াই হয়নি। বুঝে নিতে গেলে যদি দুর্নীতি ও অনিয়মের প্রশ্ন ওঠে, এই ভীতি থেকে সম্পূর্ণ প্রকল্পটি বিফল হতে দেওয়া যায় না।
দীর্ঘসূত্রতা ও ভুল পরিকল্পনার জন্য প্রকল্পের ব্যয় তিন দফা বেড়ে ২৭ কোটি থেকে হয় ৬১ কোটি টাকা। সমগ্র রাজধানীকে পুলিশের নজরাধীন করার লক্ষ্যে এত ঘি পোড়ানো হলেও রাধা কিন্তু নাচল না। ১৫৫টি সিসি ক্যামেরা এবং পুলিশ নিয়ন্ত্রণকক্ষে স্থাপিত ডিজিটাল প্রযুক্তির পুরোটাই অকেজো পড়ে থাকল। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিংবা পুলিশের শীর্ষ প্রশাসন এসব আমলেই আনল না! এর মধ্যে ২০০৭ সালে ২৮ ও ২০ কোটি টাকার আরও দুটি প্রকল্প ‘বাস্তবায়িত’ হলেও কার্যত এগুলো এখন অস্তিত্বহীন। এই তিন প্রকল্পের বরাদ্দের ৭০ শতাংশই ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো তুলে নিয়ে গেছে। কেবল তা-ই নয়, ব্রুনেই ও সিঙ্গাপুরের ঠিকাদারেরা বিক্রয়োত্তর সেবা-কাল তামাদি হওয়া এবং প্রকল্প বুঝে না নেওয়ার অভিযোগ করে দেশ থেকে পাততাড়ি গোটাতে ব্যস্ত।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সমীপে কয়েকটি সাধারণ প্রশ্ন: এই ব্যর্থতার দায় কে নেবে এবং কবে জনগণ এর সুফল পাবে?