খালেদা জিয়া ভারত সফর করে এসেছেন। সরকার-সমর্থক ও বিরোধী উভয় মহলেই সফরটি গুরুত্বপূর্ণ মনে হয়েছে। ভারতীয় রাষ্ট্রীয় নীতিনির্ধারক ও সরকারের উচ্চমহল কেন তাঁকে প্রায় রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধানের মর্যাদা দিয়েছে, ভাবনায় এই বিষয়টিই প্রাধান্য পেয়েছে উভয় মহলেই। আমাদের ক্ষমতাসীন সরকারের কারও কারও এ নিয়ে দুর্ভাবনারও আভাস পাওয়া গেছে। তাঁদের একধরনের ‘গা-জ্বালা’ ভাবও পরিলক্ষিত হয়েছে। এ নিয়ে অনেক আলোচনা হয়েছে, সফরটি নিয়ে এখন নতুন করে বলার কিছু নেই। তবে সফরের অব্যবহিত পরে সংঘটিত তাৎক্ষণিক একটি ব্যতিক্রমী ঘটনা আমার মনে কৌতূহলের জন্ম দিয়েছে। তা হচ্ছে, ধর্মভিত্তিক কট্টর ভারতবিরোধী জামায়াত-শিবিরের দর্শনীয় ঝটিকা অভিযান। আমি নিজে খালেদা জিয়ার সফর ও জামায়াত-শিবিরের আকস্মিক একক শক্তির মহড়া প্রদর্শনের সামঞ্জস্য নিয়ে চিন্তাভাবনা করেছি। এ কি শুধু কাকতালীয়? একইভাবে ভাবছি, কেন জামায়াতের ঝটিকা হামলার প্রতি এই সরকারের পুলিশের অস্বাভাবিক সহনশীল মনোভাব। এমনকি তাদের অসহায়ত্বও পরিলক্ষিত হয়েছে। বক্তব্যটি বুঝতে বুধবারের কতিপয় সংবাদপত্রের একটিমাত্র শিরোনামই যথেষ্ট। সেটি হচ্ছে, ‘সার্জেন্টের মোটরসাইকেলে আগুন, পুলিশ নীরব দর্শক’।একাত্তরে পাকিস্তানি বাহিনীর দোসরের ভূমিকা গ্রহণের কারণে স্বাধীনতা অর্জনের অব্যবহিত পরে জামায়াত-শিবির গা-ঢাকা দিয়েছিল। বামপন্থীদের সংজ্ঞায় তারা ‘আন্ডারগ্রাউন্ডে’ গিয়েছিল, তথা প্রকাশ্য কার্যকলাপ বন্ধ ছিল। তাদের অনেকে দেশের অভ্যন্তরে অথবা বিদেশে ফেরারি ছিল। অনেকেই গ্রেপ্তার হয়ে কারাগারে গেছে। তবে কয়েক মাস পর বঙ্গবন্ধুর সাধারণ ক্ষমা প্রদর্শনের সুযোগ নিয়ে তাদের মধ্যম ও নিম্ন সারির পাতিনেতা ও সাধারণ কর্মীরা কিছুদিন পর আত্মপ্রকাশ করলেও দলটির পরিচিত ধর্মাশ্রয়ী রাজনৈতিক কর্মকাণ্ড প্রকাশ্যে পরিলক্ষিত হয়নি। বঙ্গবন্ধু হত্যা-পরবর্তী রাজনৈতিক পরিমণ্ডলে পরিবর্তন ও একটি অপশক্তির ক্ষমতায় আরোহণের পর তাদের প্রকাশ্য পুনরাগমন ঘটে। মোশতাকের স্বল্পকালীন শাসনের আমলে তারা কুয়োর ভেতর থেকে রাজনৈতিক অঙ্গনে ব্যাঙের মতো ঠ্যাং মেলেছিল। জিয়ার শাসনামলে তাদের পুরোনো রূপের পূর্ণ প্রকাশ ঘটে, কুয়োর ব্যাঙ একলাফে পুরোপুরি বেরিয়ে আসে। অতঃপর ১৯৭৬ সালে জেনারেল জিয়া যখন রাজনৈতিক দলগুলোকে সীমিত কর্মকাণ্ড করার জন্য নিবন্ধিত হওয়ার অনুমতি দিলেন, তখনো তারা জামায়াতে ইসলামী নাম ও পরিচয় আড়ালে রাখে। আইডিএল তথা ইসলামী ডেমোক্রেটিক দল নামে নিবন্ধিত হওয়ার পর, তাদের পূর্ণরূপে প্রকাশ ঘটে মন্থরগতিতে। তারপর ক্রমান্বয়ে তারা পুনর্জীবিত আওয়ামী লীগ অথবা জেনারেল জিয়ার নবগঠিত বিএনপির আড়ালে থাকার কৌশল অবলম্বন করে। সময় বুঝে পরজীবী লেবাসটি গায়ে জড়িয়ে রাখে।এমনই চলছিল জামায়াতের স্বাধীন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সাময়িক তিরোধান ও সাবধানী পুনঃপ্রকাশের গতিধারা। এরপর তাদের সাহসিক আবির্ভাব ঘটল যখন বিএনপি শাসন অবসানের আভাস পেয়ে আওয়ামী লীগের পিছু পিছু রাজনীতির খেলার মাঠে অনুপ্রবেশ করল। সে সময় আমার সংবাদপত্রে কলাম লেখার সূচনা করেছিলাম, বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে কে কার সহায়কের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন, এই প্রশ্নটি সামনে এনে। অথবা কে কাকে ব্যবহার করছেন? এই প্রশ্নের উত্তর পাওয়া গেল যখন বিএনপি আবার ক্ষমতায় আসার পর তারা পূর্ণোদ্যমে লম্ফঝম্প দিতে লাগল। সেই লাফালাফি বেড়ে গেল যখন আওয়ামী রাজনীতিকে পেছনে ফেলে বিএনপির রাজনীতি এগিয়ে যেতে থাকল। অনেকের মতে, জামায়াত তখন বিএনপির চালিকাশক্তির আসনে বসল। উপরিউক্ত কারণে সাম্প্রতিক পরিবর্তিত পরিস্থিতিতে মনে দ্বন্দ্ব জেগেছে, এখন কি রাজনৈতিক অঙ্গনে জামায়াত-বিএনপি মৈত্রীর বন্ধনে সত্যিই ফাটল ধরেছে, নাকি এমনটি দেখানো হচ্ছে? খালেদা জিয়ার ভারত সফর আর জামায়াত-শিবিরের আকস্মিক তাণ্ডবরূপের একই সময়ের প্রকাশে কি ‘আদর্শ ও নীতির’ বৈপরীত্য দেখানো মাত্র? এই প্রেক্ষাপটে অসাম্প্রদায়িক ও প্রগতিশীল রাজনীতিবিদ, বুদ্ধিজীবীরা বিএনপিপ্রধানের সফরকালে তাঁর বক্তব্যগুলো পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করছেন। তাঁরা জামায়াতের আকস্মিক বাহ্যিক জঙ্গিপনা প্রকাশের সঙ্গে খালেদা জিয়ার ভারতনীতির ইউ-টার্ন, আকস্মিক গতি পরিবর্তনের সম্পর্ক বিশ্লেষণ করা প্রয়োজন মনে করছেন। একই সঙ্গে তাঁরা শিবির-জামায়াতের জঙ্গিরূপে আত্মপ্রকাশে আওয়ামী সরকারের বিচিত্র সহনশীলতার কারণ খুঁজতে অতীতে যাচ্ছেন।শহীদজননীর নেতৃত্বে ব্যারিস্টার শফিক আহমেদ, শাহরিয়ার কবির, মুশতারী শফী প্রমুখের কর্মতৎপরতায় প্রগতিশীল শক্তির মোর্চা গঠিত হলো। তাঁরা কিন্তু তখন সমধর্মী ও মুক্তিযুদ্ধের আদর্শের অনুসারী দলটির পূর্ণ সহযোগিতা পাননি। মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দলটি ঘাতক দালাল নির্মূল কমিটির সঙ্গে পুরোপুরি সংশ্লিষ্ট হওয়ার ব্যাপারে কেন জানি দ্বিধান্বিত ও বিলম্বিত কৌশল অবলম্বন করেছিলেন। অবশ্য পরবর্তী সময়ে তাঁরা বুঝতে পেরেছিলেন, একমাত্র মুক্তিযুদ্ধের চেতনাধারার ভূমিকাটির পুনঃপ্রতিষ্ঠাই তাঁদের আবার ক্ষমতায় আনতে পারবে। কিন্তু গত কয়েক দিনের শিবির-জামায়াতি তাণ্ডবে অদ্ভুত সহনশীলতা পরিলক্ষিত হওয়ায় এখন মনে হচ্ছে নতুন করে ক্ষমতায় ফিরে আসা দলটির এই বোধোদয়টি আবার বিলীন হয়ে গেছে। একটি টেলিভিশন টক শোতে বলেছি, এত দিন বিএনপি ঘর থেকে বেরোলেই পুলিশ পেটাত আর এখন জামায়াত আপন মহিমায় উদ্ভাসিত হয়ে পুলিশকে পেটাচ্ছে। রহস্যটি কী? সেই রহস্য উদ্ঘাটন করতে হলে প্রথম আলোয় প্রকাশিত দুটি প্রতিবেদনকে গুরুত্ব দিতে হবে, (১) জামায়াতকে বিএনপি থেকে আলাদা করতে চায় সরকার এবং (২) জামায়াতকে পিটিয়ে-পটিয়ে সরকার দলে টানতে চায়। খালেদা জিয়ার ভারত সফরকালের সব মন্তব্য ও এই দুটি প্রতিবেদন একই আঙ্গিকে বিবেচনায় আনতে হবে। যদি বিএনপি নেত্রীর বক্তব্যটি গুরুত্ব দিতে হয় তাহলে ‘পেটানো-পটানোর’ কৌশলের সঙ্গে একাত্তরের খুনিদের বিচারের বিষয়টি নিয়েও দুশ্চিন্তা করতে হবে। কারণ, সরকারের কেউ কেউ বলেছেন, ‘জামায়াত তাদের নেতাদের জেল-ফাঁসি থেকে বাঁচাতে জঙ্গিরূপে আবির্ভূত হয়েছে।’ তার মানে কি এই যে ‘না-পেটানোর’ সঙ্গে একাত্তরের ঘাতক দালালদের বিচার আগামী নির্বাচন পর্যন্ত অর্থাৎ জামায়াতের বিএনপি-পক্ষ পরিত্যাগ পর্যন্ত বিলম্বিত করা নিয়ে সংশয়ের কোনো সম্পর্ক রয়েছে?তা-ই যদি হয় তবে আওয়ামী লীগের নীতিনির্ধারকদের বুঝতে হবে জামায়াতকে কাছে পেতে তাদের তাণ্ডবকে প্রশ্রয় দিয়ে নিজ দলের বিরাট সমর্থকগোষ্ঠী, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের মনে সন্দেহ ও সংশয়ের সৃষ্টি করা হচ্ছে। সমান্তরালভাবে প্রশ্ন দেখা দেবে জামায়াতি ভোট পাওয়ার জন্য অথবা বিএনপি থেকে দূরে সরিয়ে একঘরে করার পরিকল্পনা করা হচ্ছে, এমনটি মনে হবে নাকি? বিএনপি-বর্জিত নির্বাচনে জামায়াতকে অংশগ্রহণে বাধ্য অথবা প্ররোচিত করে, একটুখানি প্রশ্রয় দিয়ে আগামী নির্বাচনে অংশ নেওয়াতে পারলে বিতর্কিত হলেও দেশে-বিদেশে গ্রহণযোগ্য করা যাবে; এমন ধারণা থেকেই কি তাদের রুদ্র আবির্ভাবকে প্রশ্রয় দেওয়া হচ্ছে? পুলিশের একধরনের অদ্ভুত নিষ্ক্রিয়তা পরিলক্ষিতও হচ্ছে। কিন্তু আওয়ামী নীতিনির্ধারকেরা কি বুঝতে পারছেন, এতে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভূত বিরাট একটি নতুন প্রজন্মের ভোটব্যাংক আওয়ামী লীগ হারাবে। গত নির্বাচনের ভোটের হিসাবে জামায়াত পেয়েছে ৭ শতাংশ, আওয়ামী লীগ ৪৩ শতাংশ। আওয়ামী লীগের নির্বাচনী কৌশল নির্ধারকেরা কি এতই বেকুব যে জামায়াতের ৭ শতাংশের জন্য নিজেদের ২০-২২ শতাংশ হারাবে। এই বিচ্ছিন্ন শতাংশ বিএনপির ৩৩ শতাংশের সঙ্গে যোগও দিতে পারে। তাহলে যে বর্তমান আওয়ামী লীগের আম-ছালা দুটিই যাবে।আমি অন্যভাবেও জামায়াতের আকস্মিক ঝোড়ো আন্দোলনের ব্যাখ্যা করছি। এক. খালেদা জিয়া যে ভারতকে আশ্বস্ত করে এসেছেন তার দল জঙ্গিপনাকে প্রশ্রয় দেবে না, তা বিশ্বাসযোগ্য করানোর জন্য জামায়াতকে সাময়িকভাবে আলাদা করে দেখানো হচ্ছে। বিএনপি কোনো জঙ্গিপনায় নেই, জামায়াতই আসল হোতা—এমনটি দেশ-বিদেশে বিশ্বাস করানোর চেষ্টা হচ্ছে, তা-ও হতে পারে। সে জন্যই কি জামায়াত যখন মাঠে তাণ্ডব করছে, তখন বিএনপি দূরত্ব বজায় রাখছে? নিজেরা দূরে অবস্থান নিয়ে ভারতকে বোঝাচ্ছে, উগ্র ভারতবিরোধী জামায়াতের সঙ্গে তাদের সম্পর্ক ছিন্ন হয়েছে। তাই খালেদা জিয়ার ভারত সফরের শেষে জামায়াতের মাঠের তাণ্ডবের সম্পর্কটি কাকতালীয় নয়, বিরোধী দলের দুই ভিন্ন ফ্রন্টে পরিকল্পিত সাঁড়াশি আক্রমণ বলা যেতে পারে।আওয়ামী নীতিনির্ধারকেরা শিবির-জামায়াতের আচম্বিত তৎপরতা উপরিউক্ত আলোকে দেখেননি। তাই সরকারের পুলিশ বিএনপির রিমোট কন্ট্রোলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে বাসে আগুন দেওয়ার জন্য মামলা করে, পুলিশের হোন্ডা পোড়ানো প্রত্যক্ষ করেও দূরে থাকে। আরও একটি বিশ্লেষণ হচ্ছে, নির্বাচন যতই ঘনিয়ে এসেছে, ততই মারাত্মক রাজনৈতিক সংঘর্ষ ও সংঘাত ঘটবে, সর্বমহলে এমন একটি বিশ্বাস প্রাধান্য পাচ্ছে। আওয়ামী লীগের নীতিনির্ধারকদেরও এই দুশ্চিন্তা রয়েছে। সেই সংঘাত তথা রক্তক্ষয়ী সংঘর্ষে জামায়াত-শিবির যথাসময়ে বিএনপির ‘পাইওনিয়ার ফোর্স’ সম্মুখ বাহিনীর ভূমিকা নেবে। তারই রিহার্সেল দিল গত কয়েক দিন।আওয়ামী লীগের উচ্চতর মহলের এ সম্পর্কীয় দুর্ভাবনা হচ্ছে, সম্ভাব্য একতরফা নির্বাচনকালীন ও পূর্ববর্তী সহিংস সমরে সমানে-সমানে লড়াই করার সামর্থ্য আওয়ামী লীগের যোদ্ধাবাহিনী হারিয়ে ফেলেছে। এর একটি হালকা ব্যাখ্যাও আছে বৈকি। জামায়াত-শিবিরের ‘মরলে শহীদ, বাঁচলে গাজি’ হুংকারের মোকাবিলা করতে হলে আওয়ামী যুবক-ছাত্রদেরও মাথাটি সামনে বাড়িয়ে ‘শহীদ’ অথবা ‘গাজি’ হতে হবে। কিন্তু তাদের মনে এই চিন্তাটিও থাকবে, আমি যদি শহীদই হয়ে যাই তাহলে গত চার বছরে আমি যে কামাই করলাম, তা খাবে কে? ১৯৯৮ সালে বিএনপি ক্যাডার বাহিনীর এই ভাবনাটির কারণেই দলটি আওয়ামী লীগের লগি-বৈঠার মোকাবিলা করতে পারেনি অথবা করেনি। পূর্ববর্তী পাঁচ বছর রুজি-রোজগার করা বিএনপির যুব-ছাত্র ক্যাডারদের মাঠে দেখা যায়নি।এখন আওয়ামী সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের আসল দুশ্চিন্তা হতে পারে, জামায়াতকে ঘরের কাছে আনতে গিয়ে নিজের ঘর ভাঙবে। ‘নিজেদের’ সরকারের চার বছরের কর্মকাণ্ডে যারা দলের প্রতি বীতশ্রদ্ধ, সেই উপেক্ষিত আওয়ামী লীগ অনুসারীদের মনেও নতুন একটি ভাবনার উদয় হতে পারে। বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী, দীর্ঘ ৬০ বছর সাম্প্রদায়িক দলগুলো সম্পর্কে বিরাগ মনোভাবাপন্ন উদার গণতান্ত্রিক আদর্শে বিশ্বাসী আওয়ামী সমর্থক-শুভাকাঙ্ক্ষী অনেকেই বিএনপি এখন জামায়াতের সম্পৃক্ততামুক্ত হয়েছে—এমন ধোঁকাবাজির ফাঁদে পড়তে পারে।এবিএম মূসা: সাংবাদিক ও কলাম লেখক।