জামায়াত-শিবিরের কর্মীদের হামলায় পুলিশ বাহিনীর সদস্যরা যেভাবে নাকাল হচ্ছিলেন, পুলিশের মাথা থেকে যেভাবে রক্ত গড়িয়ে পড়ছিল, তা দেখে আমরা সহমর্মিতা অনুভব করেছি। সাম্প্রতিক সময়ের নানা রকম রাজনৈতিক সহিংসতা, চোরাগোপ্তা হামলা ও নাশকতা সামাল দিতে ব্যস্ত পুলিশের প্রতি মনে মনে সমীহ ও সহানুভূতি দুই-ই জেগে ওঠে। কিন্তু ওই সহমর্মিতা ও সহানুভূতি সঙ্গে সঙ্গে মিলিয়ে যায়, যখন দেখি পুলিশের চোখের সামনে বিশ্বজিৎ দাসকে পিটিয়ে ও চাপাতি দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। অভিযোগ, ছাত্রলীগের নেতা-কর্মীরা রড-লাঠি দিয়ে মেরে ও চাপাতি দিয়ে কুপিয়ে খুন করেছেন নিরীহ পথচারী বিশ্বজিৎ দাসকে। কয়েক মাস আগে হরতালের সময় বিএনপির নেতা-কর্মীরা বাসে আগুন দিয়ে নির্মমভাবে পুড়িয়ে হত্যা করেছিলেন একজন বাসচালককে। আওয়ামী লীগ ও বিএনপি দেশের বড় দুটি রাজনৈতিক দল। বিপুল জনসমর্থন নিয়ে তারা কয়েক দফায় ক্ষমতায় এসেছে। মানুষের অধিকার প্রতিষ্ঠাই যদি দল দুটির লক্ষ্য হয়, তাহলে ছাত্রলীগের নেতা-কর্মীরা কেন পিটিয়ে ও কুপিয়ে মেরে ফেলেন বিশ্বজিৎ দাসকে, বিএনপির নেতা-কর্মীরা কেন অগ্নিদগ্ধ করে হত্যা করেন বাসচালককে? ছাত্রলীগের নেতা-কর্মীরা যখন পিটিয়ে ও কুপিয়ে হত্যা করছিলেন বিশ্বজিৎ দাসকে, মাত্র ১০-১৫ গজ দূরে দাঁড়িয়ে এ দৃশ্য দেখছিলেন পুলিশ বাহিনীর সদস্যরা। মনে পড়ছে আমিনবাজারের ঘটনা, যেখানে পুলিশের চোখের সামনে গ্রামবাসী পিটিয়ে মেরে ফেলেছিলেন ছয়জন কলেজছাত্রকে। মনে পড়ছে খিলগাঁও থানার ওসির কথা, যিনি থানার ভেতরে চাপাতি দিয়ে কুপিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কাদেরকে। আর নোয়াখালীর কোম্পানীগঞ্জের ঘটনা মনে পড়লে তো শিউরে উঠতে হয়। পুলিশভ্যান থেকে শামসুদ্দিন মিলনকে নামিয়ে পুলিশ তাকে পিটিয়ে মেরে ফেলতে বলল। মিলনকে পিটিয়ে মেরে তার মৃতদেহ আবার তুলে দেওয়া হলো পুলিশভ্যানে। এ কোন দেশে বাস করছি আমরা? যে পুলিশ বাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে জানমালের নিরাপত্তার, তারাই চাপাতি দিয়ে ছাত্রকে কোপাচ্ছে, তাদেরই চোখের সামনে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হচ্ছে নিরীহ পথচারীকে, অথচ তারা নির্বিকার!কয়েক দিন আগে তো পুলিশ এক জ্যেষ্ঠ সহকারী জজকে গ্রেপ্তার করে প্রকৃত বিচারের আগেই তাঁর ‘ট্রায়াল’ করে দিল। ৩ ডিসেম্বর প্রথম আলোর ৭-এর পাতায় ছাপা হওয়া খবরটির ভাষ্য অনুযায়ী, ভোলার জ্যেষ্ঠ সহকারী জজ জাবেদ ইমাম যশোর থেকে মাইক্রোবাসে করে ৩৪২ বোতল ফেনসিডিল নিয়ে ঢাকায় আসেন। নিউমার্কেট থানার পুলিশ ফেনসিডিলসহ বিচারক জাবেদ ইমামকে গ্রেপ্তার করে। এ ধরনের গুরুতর অসদাচরণের জন্য বিচারক জাবেদ ইমামকে সাময়িকভাবে বরখাস্ত ও তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছে আইন মন্ত্রণালয়। এ ধরনের একটি খবর পড়ার পর অনেকক্ষণ নিস্তব্ধ হয়ে বসে ছিলাম। কী করে একজন বিচারক এমন কাজ করতে পারেন? সেই অনেক কাল ধরে আমরা শুনে আসছি যে, বাবা-মা তাঁদের ছেলেকে জজ-ব্যারিস্টার বানাতে চান। শুধু শোনা কথা নয়, গল্প-উপন্যাসে যেমন পড়েছি, তেমনি উত্তম-সুচিত্রার ছবিতেও দেখেছি যে, সন্তানকে জজ-ব্যারিস্টার বানানোর জন্য বাবা-মায়ের কী প্রবল আকুতি! ২৫-৩০ বছর আগেও বিচারকদের সততা ও কর্মনিষ্ঠা অনেকটা প্রশ্নাতীত ছিল। কিন্তু এখন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতির সূচকে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত বিভাগগুলোর মধ্যে পুলিশ, বিচার ও শিক্ষা বিভাগই শীর্ষে। জ্যেষ্ঠ সহকারী জজ জাবেদ ইমামকে গণমাধ্যমের সামনে হাজির করে স্বীকারোক্তি নেওয়ার বিষয়ে ব্যাখ্যা চেয়ে পুলিশের পাঁচ কর্মকর্তাকে তলব করেছেন ঢাকার মহানগর হাকিম এম এ সালাম। তিনি আদেশে বলেন, ‘জ্যেষ্ঠ সহকারী জজ জাবেদ ইমামকে যেভাবে গণমাধ্যমের সামনে হাজির করা হয়েছে, তা আইনের পরিপন্থী। পুলিশ বিচার বিভাগকে জনগণের সামনে হেয়প্রতিপন্ন করতে এই “মিডিয়া ট্রায়াল” করেছে, যা গুরুতর অন্যায়। পুলিশ কোনো আসামিকে গণমাধ্যমের সামনে হাজির করে স্বীকারোক্তি নিতে পারে না। এর মাধ্যমে বিচারের আগেই তাঁকে অপরাধে অভিযুক্ত করা হয়েছে।’ (প্রথম আলো, ৪ ডিসেম্বর, ২০১২)জ্যেষ্ঠ সহকারী জজ জাবেদ ইমাম যে অভিযোগে গ্রেপ্তার হয়েছেন, তা যদি সত্যি হয়ে থাকে, তাহলে তা বিচার বিভাগের জন্য যেমন মর্মান্তিক, আমাদের সমাজের জন্যও তা দুর্ভাগ্যজনক। কিন্তু একটা ব্যাপারে আমাদের অনেক বেশি সতর্ক হতে হবে, আর সেটি হচ্ছে, পুলিশ যেন বিচারকের ভূমিকায় অবতীর্ণ না হয়। প্রতিবছরই পুলিশের হেফাজতে পুলিশের নির্যাতনে গড়ে শতাধিক লোক মৃত্যুবরণ করে। পুলিশের নির্যাতনে কারও মৃত্যু হলেই পুলিশ সঙ্গে সঙ্গে বলে দেয় যে, হার্ট অ্যাটাকে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে, অথচ এ কথা বলার কোনো আইনসংগত এখতিয়ার পুলিশের নেই। দীর্ঘদিন ধরে চলতে থাকা এই বেআইনি পুলিশি চর্চার পাশাপাশি আরেকটি বিষয়ে আমরা শঙ্কিত হয়ে পড়েছি। চুরি, ডাকাতি, ছিনতাই বা খুনের অভিযোগে কেউ পুলিশ বা র্যা ব কর্তৃক গ্রেপ্তার হওয়ার পর পুলিশ ওই গ্রেপ্তারকৃত ব্যক্তিদের গায়ে চোর, ডাকাত, ছিনতাইকারী বা খুনি লেখা কাগজ সেঁটে তাঁদের গণমাধ্যমের সামনে উপস্থাপন করছে। কী ভয়াবহ অবস্থা, একবার চিন্তা করুন! পুলিশ বিচারকের আসনে বসে গ্রেপ্তারকৃত ব্যক্তিদের গায়ে অপরাধের ‘লেবেল’ লাগিয়ে দিচ্ছে। ওই ব্যক্তিদের গণমাধ্যমের কাছে উপস্থাপন করে সুযোগ করে দিচ্ছে ‘মিডিয়া ট্রায়ালে’র। তাহলে তো আর আইন-আদালত বা বিচারব্যবস্থা, কোনো কিছুরই দরকার নেই। সংবিধান, দণ্ডবিধি, ফৌজদারি কার্যবিধি, সাক্ষ্য আইন—সবকিছুকে আমরা ব্রহ্মপুত্রের পানিতে ভাসিয়ে দিতে পারি। আর সরকারকে বলতে পারি, আদালত-ব্যবস্থা বিলুপ্ত করে দিন। আসুন, আমরা বাংলাদেশকে একটি পুলিশি রাষ্ট্র করে গড়ে তোলার জন্য সর্বশক্তি নিয়োগ করি! বাংলাদেশ সংবিধানের ৩৫(৪) অনুচ্ছেদে সুস্পষ্ট করে বলা হয়েছে, কোনো একটি অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে তাঁর নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না। ৩৫(৫) অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো ব্যক্তিকে নিষ্ঠুর, অমানবিক বা অবমাননাকর শাস্তি দেওয়া যাবে না বা কোনো ব্যক্তির সঙ্গে এমনতর ব্যবহার করা যাবে না। ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় বলা হয়েছে, কোনো অপরাধে অভিযুক্ত ব্যক্তি যদি স্বেচ্ছায় স্বীকারোক্তি দিতে চান, তাহলে তিনি ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে পারেন। জ্যেষ্ঠ সহকারী জজ জাবেদ ইমামের গায়ে ‘লেবেল’ লাগিয়ে তাঁকে গণমাধ্যমের সামনে উপস্থাপন করে এবং তাঁকে স্বীকারোক্তি দিতে বাধ্য করে পুলিশের কর্মকর্তারা সংবিধান ও ফৌজদারি কার্যবিধির বিধান লঙ্ঘন করেছেন। গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা ও মানবাধিকার সমুন্নত রাখার স্বার্থে প্রত্যাশা করব, পুলিশ যেন তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে। তাদের সামনে যদি নিরীহ কোনো পথচারী বা কলেজছাত্রকে কেউ পিটিয়ে মারতে থাকে, তাহলে তারা যেন তৎপর হয়। আর সবচেয়ে যা গুরুত্বপূর্ণ তা হচ্ছে, পুলিশ যেন কোনোভাবেই বিচারকের ভূমিকায় অবতীর্ণ না হয়। শেখ হাফিজুর রহমান: ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক, অপরাধবিজ্ঞান গবেষক।hৎkaৎ[email protected]