এশিয়ান কার্ডিয়াক অ্যান্ড জেনারেল হাসপাতাল নামে ঢাকার এক বেসরকারি হাসপাতালের দুজন চিকিৎসক ও ব্যবস্থাপনা পরিচালককে পুলিশ গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে রিমান্ডে নিয়েছে। ওই হাসপাতালে ২ অক্টোবর রাতে তিন ঘণ্টার মধ্যে তিন নবজাতকের মৃত্যুর পর সংবাদমাধ্যমে চাঞ্চল্য সৃষ্টি হওয়ার পরিপ্রেক্ষিতে পুলিশের এমন কঠোর পদক্ষেপ লক্ষ করা গেল। এ দেশে মানুষের মৃত্যু এবং তা নিয়ে সংবাদমাধ্যমের সোচ্চার না হওয়া পর্যন্ত যে কর্তৃপক্ষের টনক নড়ে না, এটাকে তার একটা দৃষ্টান্ত হিসেবে দেখা যায়।
ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিন নবজাতকের মৃত্যুর পর সেটির মালিক ও চিকিৎসকেরা পালিয়ে যান। সাংবাদিকেরা সারা দিন অপেক্ষা করেও সেখানে কর্তৃপক্ষ বা চিকিৎসকদের কাউকে পাননি। সেদিন বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর হাসপাতালটি বন্ধ করে দেয়। এই পরিস্থিতি থেকে স্পষ্ট হয়, হাসপাতালটির ওপর সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের কোনো নজরদারি ছিল না। সেটির লাইসেন্স নবায়ন করা হয়নি। সেখানে যে নবজাতকের নিবিড় পরিচর্যাকেন্দ্র (এনআইসিইউ) চালু করা হয়েছিল, সেটার কোনো অনুমোদনও ছিল না। বেসরকারি হাসপাতাল-ক্লিনিকগুলোর ওপর স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত নজরদারি থাকলে কোনো প্রতিষ্ঠান কি এভাবে চলতে পারে?
হাসপাতালের এমডি ও দুই চিকিৎসক দুই দিনের রিমান্ডেপর্যাপ্ত ও নিয়মিত নজরদারি যে নেই, তা স্পষ্ট হয়েছে এই চাঞ্চল্যকর ঘটনার পর স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালকের (হাসপাতাল) একটি বিজ্ঞপ্তির মাধ্যমে। গত রোববার দেওয়া ওই বিজ্ঞপ্তিতে আগামী ১০ দিনের মধ্যে দেশের সব বেসরকারি হাসপাতাল-ক্লিনিকের লোকবল ও যন্ত্রপাতির তালিকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে, তথ্যের অভাবে স্বাস্থ্য অধিদপ্তর ঠিকভাবে নজরদারি করতে পারছে না।
আসলে, এভাবে বিজ্ঞপ্তি দিয়ে বেসরকারি চিকিৎসা-প্রতিষ্ঠানগুলোর ওপর সঠিক নজরদারি করা সম্ভব হবে না। প্রয়োজন এগুলো নিয়মিতভাবে পরিদর্শনের স্থায়ী ব্যবস্থা করা। লাইসেন্সের সব শর্ত সঠিকভাবে অনুসরণ করা হচ্ছে কি না, কাগজে-কলমে কত লোকবল ও যন্ত্রপাতি দেখানো হচ্ছে, আর বাস্তব চিত্র কী—এসব সরেজমিনে পরিদর্শন করা এবং অনিয়ম-অবহেলা ধরা পড়ার সঙ্গে সঙ্গে আইনানুগ পদক্ষেপ নেওয়ার নিয়মিত ব্যবস্থা করতে হবে।