সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত ১৪টি দেশের পুলিশপ্রধানদের সম্মেলনে জঙ্গিবাদসহ আন্তদেশীয় অপরাধ দমনে একে অপরের সঙ্গে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) নেটওয়ার্কে যুক্ত থাকার যে ঘোষণা এসেছে, তা খুবই গুরুত্বপূর্ণ। এই সম্মেলনে অপরাধের ধরন চিহ্নিত করা থেকে শুরু করে মানি লন্ডারিং, সাইবার ক্রাইম ও অর্থনৈতিক অপরাধ দমনে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর কথা বলা হয়েছে।
তবে কোনো সম্মেলনের ঘোষণা দেখেই বলা যায় না যে অপরাধ দমনে সংশ্লিষ্ট দেশগুলোর সহযোগিতার ক্ষেত্র প্রশস্ত হয়েছে। সম্মেলনে যেসব প্রস্তাব ও সুপারিশ নেওয়া হয়েছে, তার বাস্তবায়নের ওপরই এর সাফল্য নির্ভর করবে। সম্মেলন শেষে আইজিপি এ কে এম শহীদুল হক দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় যোগাযোগের মাধ্যমে এক দেশের জঙ্গি অন্য দেশে পালিয়ে থাকলে তাদের গ্রেপ্তার ও হস্তান্তরের সুযোগ তৈরি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। সহজ যোগাযোগব্যবস্থা এবং আধুনিক তথ্যপ্রযুক্তির যুগে যেখানে এক দেশের অপরাধীরা অন্য দেশে গিয়ে অপরাধ সংঘটন ও আশ্রয় গ্রহণের পাশাপাশি সেখানকার অপরাধীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলেছে, সেখানে অপরাধ দমনে নিয়োজিত বাহিনীগুলোর মধ্যে এ ধরনের সহযোগিতা খুবই জরুরি।
তবে এই সহযোগিতা কেবল কারিগরি বা প্রযুক্তির মধ্যে সীমিত রাখলে হবে না, রাজনৈতিক সহযোগিতার ক্ষেত্র অধিকতর সংহত ও প্রশস্ত করতে হবে। সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে যেসব বিরোধ আছে, সেগুলোর দ্রুত ও শান্তিপূর্ণ সমাধান আবশ্যক। এই সম্মেলনে প্রতিবেশী ভারত ও মিয়ানমারের অংশগ্রহণ বিশেষভাবে গুরুত্বপূর্ণ। অনেক সময় বাংলাদেশি অপরাধীরা যেমন অপরাধ করে প্রতিবেশী দেশে পালিয়ে যায়, তেমনি প্রতিবেশী ভারত ও মিয়ানমারের অপরাধীদের বাংলাদেশে অপরাধ সংঘটনের ঘটনাও ঘটছে। এ ব্যাপারে দেশগুলো কঠোর অবস্থান নিলে অপরাধীরা যে সুবিধা করতে পারে না, নারায়ণগঞ্জের সাত খুনের মামলার আসামি নুর হোসেনকে ফেরত পাঠানো তার প্রমাণ।
জঙ্গিবাদ এখন একটি বৈশ্বিক সমস্যা, কোনো দেশই এই বিপদ থেকে মুক্ত নয়। জঙ্গিগোষ্ঠী যেহেতু নির্দিষ্ট কোনো রাষ্ট্রীয় সীমানার মধ্যে আটকে না থেকে সুযোগ-সুবিধামতো সর্বত্রই আঘাত হানছে, তাই আন্তর্জাতিক ও আঞ্চলিক পর্যায়ে দেশগুলোর সহযোগিতা ছাড়া এককভাবে কোনো দেশের পক্ষে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন। ঢাকায় অনুষ্ঠিত পুলিশপ্রধানদের আন্তর্জাতিক সম্মেলন এই সহযোগিতাকে আরও দৃঢ় করার ক্ষেত্রে ভূমিকা পালন করবে বলে আমরা প্রত্যাশা করছি।