পুলিশি ঘেরাওয়ে বিএনপির অফিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল প্রথম আলোর প্রথম পাতায় নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনের রাস্তায় পুলিশের সাঁজোয়া যানের ছবি দেখে স্বভাবতই প্রশ্ন জাগে, ঢাকা শহরে ‘যুদ্ধ পরিস্থিতি’ চলছে কি না? গণতান্ত্রিক ব্যবস্থায় সভা-সমাবেশ করার অধিকার সবার আছে। কিন্তু সেই সভা-সমাবেশের নামে গাড়ি ভাঙচুর কিংবা অগ্নিসংযোগ চলতে পারে না। আবার কোনো রাজনৈতিক দলের অফিসে নেতা-কর্মীদের যাতায়াতে বাধা সৃষ্টিও সরকারের অগণতান্ত্রিক আচরণেরই বহিঃপ্রকাশ বলে মনে করি।বিএনপির কার্যালয়ের সামনে মঙ্গলবারের সমাবেশকে কেন্দ্র করে দুই পক্ষই যে বাড়াবাড়ি করেছে, সে বিষয়ে সন্দেহ নেই। বিএনপির নেতারা যে দাবি করেছেন, সরকারের মদদপুষ্ট লোকেরাই সেদিন গাড়িতে আগুন লাগিয়েছেন, তা কি তাঁরা প্রমাণ দিতে পারবেন? হঠাৎ সমাবেশ ডাকার যৌক্তিকতা নিয়ে খোদ বিএনপিতেই প্রশ্ন উঠেছে। নেত্রকোনায় দলের একজন কেন্দ্রীয় নেতার গাড়িবহরে হামলার প্রতিবাদ এক দিন পর হলে বিএনপির তেমন ক্ষতি হতো না।এই ঘটনায় পুলিশের বাড়াবাড়িও চোখে পড়ার মতো। বিএনপির যেসব কর্মী গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের সঙ্গে জড়িত ছিলেন, তাঁদের বিরুদ্ধে তারা আইনানুগ ব্যবস্থা নিতে পারত। কিন্তু সেই অজুহাতে অফিসের ভেতরে আশ্রয় নেওয়া নেতা-কর্মীদের ঘেরাও করে রাখার যুক্তি নেই। অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে হামলাকারী ও গাড়িতে অগ্নিসংযোগকারীদের শনাক্ত করা কঠিন নয়। গত দুই দশকের গণতন্ত্রচর্চায় বিএনপির আমলে আওয়ামী লীগের অফিস এবং আওয়ামী লীগের আমলে বিএনপির অফিস অবরুদ্ধ রাখার যে রাজনৈতিক সংস্কৃতি তৈরি হয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।নতুন স্বরাষ্ট্রমন্ত্রী শক্ত অবস্থানের মানুষ হিসেবে পরিচিত। কিন্তু তাঁর এই শক্ত অবস্থান আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আগ্নেয়াস্ত্র নিয়ে যাঁরা মহড়া দিয়েছেন, তাঁদের বেলায় দেখি না। সেখানে মঙ্গলবারে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ হলেও আটক হয়েছেন কেবল শিবিরের কর্মীরা। আর ঘটনায় মামলা করেছেন ছাত্রলীগের এমন নেতা, যিনি নিজ সংগঠনের কর্মী হত্যার আসামি। সেদিন বন্দুকযুদ্ধেও তাঁকে অস্ত্র উঁচিয়ে মহড়া দিতে দেখা গেছে। যেসব নেতা-কর্মীর নামে সুনির্দিষ্ট অভিযোগ আছে, সরকার তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে, সেটাই স্বাভাবিক। তাই বলে একজন যুবনেতা ও সাবেক সাংসদকে টানাহেঁচড়া করে গাড়ি থেকে নামানোর কী যুক্তি থাকতে পারে? বিরোধী দল থেকে ইতিমধ্যে অভিযোগ করা হয়েছে, আন্দোলন নস্যাৎ করতেই সরকার তাদের ওপর দমন-পীড়ন চালাচ্ছে। এই অভিযোগের সদুত্তরও মানুষ সরকারের কাছে জানতে চাইবে।স্বরাষ্ট্রমন্ত্রীসহ সরকারের নীতিনির্ধারকেরা কথায় কথায় বিএনপির আমলে রাজনৈতিক নিপীড়নের কথা বলেন। এসব যে সর্বৈব অসত্য ছিল, তা-ও নয়। এখন সরকারের কোনো কার্যক্রম বা পদক্ষেপ যাতে বিএনপির আমলের ‘দুঃশাসনের’ সঙ্গে তুলনীয় না হয়, সেই বিষয়ে তাঁরা সতর্ক থাকবেন আশা করি।বিরোধী দলের অফিস ঘেরাও করে গণতন্ত্র রক্ষা করা যায় না। বরং তাতে গণতন্ত্রই ঘেরাও হয়ে পড়ার আশঙ্কা থাকে।