পুলিশি হেফাজতে নির্যাতন ও মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখন অব্যবহৃত নিবারণ আইন বাতিলে পুলিশ যে দাবি তুলেছে তা যতটা না অস্বাভাবিক, তার চেয়ে বেশি অস্বাভাবিক এ বিষয়ে নির্বাহী বিভাগের প্রতিক্রিয়া। সরকারপ্রধান পুলিশের মনোপীড়ার প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন, যা আমাদের অবাক করেছে। উপরন্তু এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নীতিনির্ধারকেরা মত দিচ্ছেন যে ‘এখন কী করা যায়, সেটা পর্যালোচনা করা হচ্ছে।’ যদিও জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান আইনটি সংশোধন বা প্রত্যাহার নিষ্প্রয়োজন বলে মত দিয়েছেন। কিন্তু নির্বাহী বিভাগের উচ্চপর্যায়ের যে দৃষ্টিভঙ্গির প্রমাণ মিলছে তা গভীর উদ্বেগজনক। এমনকি এতে সমাজে নির্যাতন আরও বাড়তে পারে।

বেসরকারি মানবাধিকার সংগঠনগুলো আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের কথিত নির্যাতনে কতজন আহত বা কতজনের অঙ্গহানি ঘটেছে, তার কোনো তথ্য সংরক্ষণ করছে না। গত তিন বছরে কথিত পুলিশি হেফাজতে ২০৫ হত্যাকাণ্ডের মধ্যে মাত্র ৪টি হত্যাকাণ্ডের বিষয়ে মামলার মামুলি খবর দিতে পেরেছে তারা এবং সেগুলোর ‘অগ্রগতি’ হতাশাব্যঞ্জক।

গ্রেপ্তার ও রিমান্ড বিষয়ে সুপ্রিম কোর্টের দেওয়া দিকনির্দেশনা অনুসরণে শিথিল মনোভাব দেখানো আইনের শাসনের পরিপন্থী। সরকার যদি কোনো কারণে নিজেদের তৈরি করা আইন নিজেরাই সংশোধন বা বাতিলের উদ্যোগ নেয়, তাহলে তা হবে একটি জাতির জন্য লজ্জার বিষয়। মনে রাখা প্রয়োজন, সর্বোচ্চ আদালতের নির্দেশনাও আইন। তাই উভয় আইন অব্যাহতভাবে উপেক্ষা করা বা প্রয়োগ না করা অগ্রহণযোগ্য ও অনৈতিক।