পুলিশের ওপর হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনের আগে সরকারবিরোধী আন্দোলনের নামে যারা পুলিশের ওপর হামলা চালিয়েছে, সরকার তাদের জামায়াত-শিবির ও স্বাধীনতাবিরোধী শক্তি বলে চিহ্নিত করেছিল। কারও কারও বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন সরকারবিরোধী অান্দোলন নেই। জামায়াত-শিবিরকে মাঠেও দেখা যাচ্ছে না। তার পরও পুলিশের ওপর কেন হামলার ঘটনা ঘটল?
প্রথম আলোর খবর অনুযায়ী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে কর্তব্যরত পুলিশের ওপর ছাত্রলীগের কর্মীরা হামলা চালালে পুলিশের চার সদস্য আহত হন। বেশ কিছুদিন আগেই সন্ত্রাসসহ নানা অভিযোগে ছাত্রলীগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা কমিটি বিলুপ্ত করা হয়। এখন দেখা যাচ্ছে, তারা মোটেই বিলুপ্ত নয়, বরং প্রকাশ্য হয়ে পুলিশের ওপর হামলা চালাচ্ছে। ছাত্রলীগের এক নেতা বলেছেন, তাঁর সমর্থক কেউ হামলা চালাননি। আবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলেছেন, ভুল বোঝাবুঝির কারণে এটি হয়েছে। ভুল বোঝাবুঝির কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর ছাত্রলীগ হামলা চালিয়েছে, এ দাবি হাস্যকর। প্রকৃত ঘটনা হলো, ইংরেজি বিভাগের পরীক্ষা পেছানোর দাবিতে ছাত্রলীগের কর্মীরা হামলার চেষ্টা চালালে পুলিশ তাদের বাধা দেয়। ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সদস্যরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে না পেরে এখন পুলিশের ওপর চড়াও হয়েছেন। ঘটনাটি নিন্দনীয়। ছাত্রলীগের কর্মীদের হাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাই যদি নিরাপদ না হন, তাহলে সাধারণ শিক্ষার্থী ও শিক্ষক কীভাবে নিরাপদ বোধ করবেন?
জামায়াত-শিবিরের কর্মীরা যখন পুলিশের ওপর হামলা চালিয়েছেন, তখন বলা হতো, এসব স্বাধীনতাবিরোধীদের কাজ। আজ ছাত্রলীগের কর্মীরা যখন পুলিশের ওপর হামলা চালাচ্ছেন তখন কি বলা হবে, এই পুলিশ স্বাধীনতাবিরোধী শক্তির দোসর? না হলে কেন তাঁরা ‘স্বাধীনতার অতন্দ্র প্রহরী ছাত্রলীগের কর্মীদের’ আক্রমণের শিকার হবেন?
সরকার যদি বিশ্ববিদ্যালয়ে শান্তি ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে চায়, তাহলে তাদের উচিত হবে পুলিশের ওপর হামলাকারী ছাত্রলীগের সদস্যদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের হাতে সোপর্দ করা।