পুলিশের গুলি-বাণিজ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ পুলিশ বাহিনীর কতিপয় সদস্যের বিরুদ্ধে নানা ধরনের অপকর্মের অভিযোগ ছিল আগে থেকেই, অধুনা যুক্ত হলো আগ্নেয়াস্ত্র ও গুলি বিক্রি করে দেওয়া। বিষয়টি আর অভিযোগের মধ্যে নেই, অভিযুক্তরা দায় স্বীকার করে নিয়েছেন। প্রকাশিত খবরে জানা যায়, গত মঙ্গলবার রাজারবাগ পুলিশ লাইনস থেকে একটি অবৈধ রিভলবার, একটি ম্যাগাজিন ও এক হাজার ১০০টি গুলি উদ্ধার করেছে কর্তৃপক্ষ। গ্রেপ্তার হয়েছেন পুলিশের উপপরিদর্শক এসআই জাহিদ ও কনস্টেবল আবু সায়েম। এর আগে ২৪ অক্টোবর ৫০০টি গুলিসহ কাফরুল এলাকা থেকে গ্রেপ্তার হয়েছিলেন পুলিশের নায়েক প্রেম চাকমা ও জেনাল চাকমা। যেসব গুলি উদ্ধার করা হয়েছে, তা পুলিশের মালখানার নয় বলে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে যে বক্তব্য দেওয়া হয়েছে, তাতে সংশ্লিষ্টদের অপরাধের মাত্রা কমে না। এখানে গুলির উৎসের চেয়েও গুরুত্বপূর্ণ, কীভাবে একটি পেশাদার বাহিনীর সদস্যরা এ ধরনের অস্ত্র ও গুলি কেনাবেচার কাজে লিপ্ত হয়। ডিএমপির কমিশনারের মুখপাত্র মনিরুল ইসলাম বলেছেন, উদ্ধারকৃত গুলি সন্ত্রাসীদের কাছ থেকে উদ্ধার করাও হতে পারে। সন্ত্রাসীদের কাছ থেকে উদ্ধার করা গুলি কি পুলিশ বিক্রি করে দিতে পারে? প্রেম চাকমা ও জেনাল চাকমার সঙ্গে একটি পাহাড়ি সংগঠনের সম্পর্ক থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। কিন্তু অন্য অভিযুক্ত পুলিশ সদস্যদের সঙ্গে কাদের সম্পর্ক আছে, তা-ও খতিয়ে দেখা দরকার। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীটির পুরো শৃঙ্খলা ভেঙে পড়ার উপক্রম হয়েছে। পুলিশ বাহিনীর সদস্যরাই যদি অস্ত্র বা গুলি বেচাকেনায় নিয়োজিত থাকেন, তা হলে তাঁরা অপরাধ দমন করবেন কীভাবে? বিষয়টি হালকা করে দেখা উচিত নয়। দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে যাতে কেউ এ ধরনের অপরাধ করতে না পারে, সে ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। একটি রাষ্ট্রীয় বাহিনীর প্রধান শক্তি সদস্যদের নৈতিক বল। সেটি যখন ভেঙে পড়ে তখন তার কাছে অপরাধ দমন বা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি আশা করা যায় না। পুলিশ সদর দপ্তরে অবৈধ অস্ত্র ও গুলি আটক হওয়ার পর কর্তৃপক্ষের টনক নড়বে কি?