জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পুলিশের চেইন অব কমান্ড ভেঙে পড়ার দিকে মনোযোগ আকর্ষণ করেছেন। এটি একটি অত্যন্ত উদ্বেগজনক পর্যবেক্ষণ। পুলিশের মতো একটি শৃঙ্খলাপূর্ণ বাহিনীর প্রশাসনের প্রাণ হলো চেইন অব কমান্ড। তবে এর প্রতিকারের জন্য যে সুপারিশ করেছেন, তা কার্যকর হওয়ার সুযোগ সীমিত।
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পুলিশের মহাপরিদর্শকের প্রতি পুলিশের ওপর যথাযথ নির্দেশ প্রদানের অনুরোধ করেছেন। কিন্তু তাঁরই ভালো জানার কথা যে, চেইন অব কমান্ড না থাকা একটি বাহিনীতে যথাযথ নির্দেশ প্রতিপালন করানো যায় না। ব্যতিক্রম বাদে গোটা পুলিশ বাহিনী রাজনৈতিকীকরণের শিকার।
বাংলাদেশ পুলিশের নিয়োগ, বদলি ও পদোন্নতিকে পুরোপুরি রাজনৈতিক নিয়ন্ত্রণমুক্ত করা জরুরি। তদবির ও অন্যান্য বিবেচনা ব্যতিরেকে গুরুত্বপূর্ণ শহরগুলোর পুলিশ স্টেশনে বদলি হয় না। স্থানীয় সাংসদের তালিকা অনুযায়ী বদলি ঘটে। এ অবস্থায় পুলিশ বিভাগের শীর্ষ পদাধিকারীরা যে চেইন অব কমান্ড মেনে চলতে নিরুৎসাহিত হবেন, সেটাই স্বাভাবিক। এ অবস্থায় পুলিশের পেশাদারত্বের মানেরও অবনতি ঘটতে বাধ্য।
অধিকাংশ ক্ষেত্রে থানায় কেউ মামলা করতে গেলে কিংবা কেউ পুলিশের আশ্রয় চাইতে গেলে পুলিশ প্রধানত দুটি বিষয় বিবেচনা করে। অর্থ এবং তদবির। ইদানীং কেবল তদবিরের জোরে কাজ হয় না। দ্রুত ও কার্যকর প্রতিকার চাইলে দুই জোরই থাকতে হয়। আবার এর মধ্যেও প্রতিযোগিতা আছে। সে কারণে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সুপারিশও অগ্রাহ্য হলে তাতে অবাক হওয়ার কিছু থাকে না।
পুলিশ বিভাগে রাজনৈতিক বদলি ঠেকাতে হবে। ২০০৭ সালের পুলিশ অধ্যাদেশের খসড়ায় তাই যথার্থই নিয়োগ ও বদলিসংক্রান্ত তদবিরকে ফৌজদারি অপরাধ গণ্য করা হয়েছে। পেশাদারত্বে বিশ্বাসী পুলিশ কর্মকর্তারা এটা মানেন। তাঁরা অবিলম্বে সংস্কার চান। এই আইন পাস করতে সরকার যাতে বাধ্য হয়, সে জন্য মানবাধিকার কমিশনের পক্ষে সম্ভব সবকিছুই করতে হবে।