পুলিশের তল্লাশি অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 প্রথমআলোর খবর থেকে জানা যায়, এ পর্যন্ত ৬০টি ব্লক রেইড বা তল্লাশি অভিযানে ৪৬ জন আটক হয়েছেন, যাঁদের মধ্যে ৩৪ জন জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত এবং ৬ জন মাদকাসক্ত। তাহলে পুলিশ কি সুনির্দিষ্ট তথ্য ছাড়া এসব তল্লাশি অভিযান চালাচ্ছে? ব্লক রেইড দিয়ে মাদকাসক্ত ব্যক্তিদের আটক করারই বা কী যুক্তি? ব্লক রেইড ছাড়া কি তঁাদের ধরা যেত না?

ডিএমপির কমিশনার ব্লক রেইডে নিরীহ কাউকে হয়রানি করার অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে যে ঘোষণা দিয়েছেন, তার ওপর ভরসা রাখা যায় কি? এর আগে জঙ্গিবিরোধী অভিযানে পুলিশ সারা দেশে ১৬ হাজার মানুষকে গ্রেপ্তার করলেও তাদের মধ্যে সন্দেহভাজন জঙ্গি ছিল গুটিকয়েক। সেই অভিযানে অনেক নিরীহ মানুষ হয়রানির শিকার হলেও কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি।

 পুলিশের পাইকারি তল্লাশি অভিযানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন অল্প ভাড়া ও মেসবাড়ির বাসিন্দারা। এগুলো ব্লক রেইডের লক্ষ্যবস্তু হওয়ায় ঝামেলা এড়াতে মালিকেরা বাসিন্দাদের প্রতি বাসা ছাড়ার হুকুম দিয়েছেন। কোনো নির্দিষ্ট মেসবাড়িতে জঙ্গিরা আস্তানা গাড়লে সব মেসবাড়ির বাসিন্দাকে উচ্ছেদ করা কেবল অনৈতিক নয়, অমানবিকও। এ ব্যাপারে ডিএমপির কাছ থেকে বাড়ির মালিকদের প্রতি কঠোর বার্তাই যাওয়া উচিত।

যেখানে সরকার জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে জঙ্গিবিরোধী তল্লাশি অভিযান চালাচ্ছে, সেখানে অভিযানের নামে জনমনে ভয় পাইয়ে দেওয়া কোনো কাজের কথা নয়। জনগণকে আস্থায় নিয়েই তল্লাশি চালাতে হবে।