সরকারের এক হুজুগে সিদ্ধান্ত হাজার হাজার শিক্ষার্থীর শিক্ষাজীবনই কেবল অনিশ্চয়তার মুখে ঠেলে দেয়নি, পুলিশের কাঁদানে গ্যাসের শেলে গুরুতর আহত একজন শিক্ষার্থী দুই চোখের জ্যোতি হারাতে বসেছেন, যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।
ঘটনার ভিডিও ফুটেজে দেখা যায়, গত বৃহস্পতিবার শিক্ষার্থীরা ব্যানার নিয়ে শাহবাগমুখী সড়কে দাঁড়িয়ে বিক্ষোভ করছিলেন। তখন পুলিশের সদস্যরা গিয়ে তাঁদের ব্যানার কেড়ে নেন এবং একজন দৌড়ে এসে খুব কাছ থেকে শিক্ষার্থীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল ছোড়েন। সে সময়ই শান্তিপূর্ণ প্রতিবাদে অংশ নেওয়া তিতুমীর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র মো. সিদ্দিকুর রহমানের (২৩) দুই চোখ জখম হয়।
এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে কোনো রকম দুঃখ প্রকাশ না করে উল্টো অজ্ঞাতনামা ১ হাজার ২০০ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। এজাহারে তারা মিছিলকারীদের ছোড়া ফুলের টবের আঘাতে সিদ্দিকুর আহত হয়েছেন বলে কাহিনি ফেঁদেছে। এ ঘটনা প্রমাণ করে, সরকার বদলালেও পুলিশের ওপর ‘জজ মিয়া’ আছর ঠিকই রয়ে গেছে।
উল্লেখ্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেশনজটের দোহাই দিয়ে সাতটি সরকারি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হলেও যথাসময়ে শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হয়নি। বাধ্য হয়ে রাজধানীর সংশ্লিষ্ট কলেজের শিক্ষার্থীরা রুটিনসহ পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনের রাস্তায় অবস্থান নেন। একপর্যায়ে পুলিশ শিক্ষার্থীদের ওপর কাঁদানে গ্যাস ছোড়ে এবং তাঁদের লাঠিপেটা করে। সিদ্দিকুরের অস্ত্রোপচারের পর জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসকেরা জানান, তাঁর চোখের আলো ফেরার সম্ভাবনা কম। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দায়িত্ব জনগণের নিরাপত্তা দেওয়া, কারও চোখের জ্যোতি নিভিয়ে ফেলা নয়।
যেখানে পরীক্ষা পেছানোর দাবিতে হরহামেশা ছাত্ররা মিছিল করেন, সেখানে যথাসময়ে পরীক্ষা অনুষ্ঠানের দাবিতে রাস্তায় নামা ছাত্রদের ধন্যবাদ জানানো উচিত ছিল। সেটি না করে পুলিশ শিক্ষাব্রতীদের ওপর নিষ্ঠুরতা দেখিয়েছে। অন্যদিকে খুলনায় পুলিশ এক ব্যক্তিকে বাসা থেকে তুলে নিয়ে গিয়ে পরে জানায়, গণপিটুনিতে তাঁর দুই চোখ জখম হয়েছে। অথচ পরিবারের তরফে দাবি করা হয়েছে যে তাকে ধরে নিয়ে গিয়ে অর্থ দাবি করেছিল পুলিশ। এই দুজন যদি শেষ পর্যন্ত তাঁদের চোখ হারান, তবে এর দায় কে নেবে? এ ধরনের নানা ঘটনা ঘটে, কিন্তু এর কোনো প্রতিকার মেলে না। পুলিশ কি জবাবদিহির বাইরে থাকা একটি সংস্থা?
আমরা পুলিশের কাঁদানে গ্যাসের শেলে আহত সিদ্দিকুরের উন্নত চিকিৎসার দাবি জানাই। প্রয়োজনে তাঁকে বিদেশে পাঠানো হোক। একই সঙ্গে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে চিহ্নিত দায়ী ব্যক্তিদের শাস্তি দাবি করছি।