পুলিশের পরিচ্ছন্নতা অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিএমপির কয়েক ঘণ্টার এই অভিযানে শহরটি কতটা পরিচ্ছন্ন হয়েছে, তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো এর মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি হয়েছে। সিএমপি কমিশনার যথার্থই বলেছেন, শহর সুন্দর থাকলে মানুষের মনও সুন্দর থাকে। বন্দরনগরকে পরিচ্ছন্ন রাখতে সব শ্রেণি ও পেশার মানুষ যত্নশীল হবে আশা করি। পুলিশ সদস্যদের বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের কারণে পুলিশ বিভাগ সম্পর্কে জনমনে যে নেতিবাচক ধারণা সৃষ্টি হয়েছে, সিএমপির এই উদ্যোগ যে সেটা লাঘবের চেষ্টা, তা স্পষ্ট। তবে, তারা এও প্রমাণ করল যে সরকারের একটি বিভাগ জনগণের কল্যাণে তার বিভাগীয় দায়িত্বের বাইরেও কাজ করতে পারে।

বলা জরুরি যে চট্টগ্রাম শহরের রাস্তাঘাট পরিচ্ছন্ন রাখার দায়িত্ব চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি)। সংস্থাটির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা কী করছেন? কয়েক বছর আগেও বন্দরনগরের অবস্থা এতটা শোচনীয় ছিল না। গত চার বছরে সিটি করপোরেশন কর্তৃপক্ষ নগরের উন্নয়নে কী করেছে, কী করতে পারেনি, কেন পারেনি—তা জানার অধিকার নগরবাসীর আছে। কেবল লোকবলস্বল্পতার দোহাই দিয়ে তারা নীরব দর্শকের ভূমিকায় অবতীর্ণ থাকতে পারে না।

যেখানে পুলিশ বিভাগের সদস্যদের নিরীহ মানুষের ওপর বলপ্রয়োগ করতে দেখা যায়, নিজের অনৈতিক কর্মকাণ্ড আড়াল করতে নিরপরাধ মানুষের পায়ে গুলি করে পঙ্গু করতেও দ্বিধা করেন না, সেখানে সিএমপির এই পরিচ্ছন্নতা অভিযানকে আমরা সাধুবাদ জানাই। একই সঙ্গে এ কথাটিও স্মরণ করিয়ে দেব যে তাঁদের মূল কাজ যে আইনশৃঙ্খলা রক্ষা তথা চট্টগ্রাম নগরকে অপরাধমুক্ত রাখা, সেই ব্যাপারে সিএমপির সদস্যদের সর্বোচ্চ সজাগ থাকতে হবে।