রাজপথের আন্দোলনের উদ্দেশ্য সরকার হলেও, আন্দোলনকারীদের মুখোমুখি হতে হয় পুলিশের। আর সেই পুলিশ এমনই পুলিশ, লাঠি-টিয়ার-বন্দুক ও হাতকড়া ছাড়া আর কিছুর ব্যবহারে অভ্যস্ত নয়। সম্প্রতি আদালত প্রাঙ্গণ থেকে রাজপথে সর্বত্র পুলিশের মারমুখী মনোভাব এক ভীতিকর পরিবেশ সৃষ্টি করেছে। রাজনৈতিক কর্মী থেকে শুরু করে পথচারী কিংবা আইনজীবী বা সাংবাদিক, সবাই এর শিকার হচ্ছেন। পুলিশের দায়িত্ব অরাজক পরিস্থিতিতে শান্তি ও আইনশৃঙ্খলা সমুন্নত রাখায় কাজ করা। কিন্তু বাস্তবে তাদের দ্বারাই অধিকতর অশান্তির ঘটনা ঘটছে, রাজনৈতিক প্রতিপক্ষ উসকানি পাচ্ছে। অপরাধে বাধাদানের পদ্ধতি যদি হিংসাত্মক হয়ে ওঠে, তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি মানুষ আস্থা হারিয়ে ফেলে। পুলিশ বাহিনীকে নিজেদের এখতিয়ার মনে করিয়ে দেওয়া তাই সময়েরই প্রয়োজন।অবস্থা দেখে মনে হচ্ছে, দমন-পীড়নের হাতিয়ার হয়ে উঠছে পুলিশ। লাঠির ব্যবহারই হয়ে উঠছে তাদের প্রধান কার্যক্রম। বিরোধী দলের কর্মীদের ওপর অতিরিক্ত বলপ্রয়োগের প্রতিক্রিয়ায় তাদের তরফে পাল্টা বলপ্রয়োগের কর্মসূচি আসে। পুলিশের তরফে আইনের অপব্যবহার এভাবে বিরোধী দলকেও আইনি পন্থার বাইরে পা ফেলতে প্ররোচিত করে। অথচ অপরাধের প্রতিকারে পুলিশের এই বাড়াবাড়ি পরিস্থিতিকে নাজুক করে তোলে। রাজনৈতিক মামলায় শত শত অজ্ঞাতনামা মানুষকে আসামি করে মামলা হলেও প্রকৃত অপরাধীকে চিহ্নিত করার উপযোগী তদন্ত প্রতিবেদন তৈরি হতে দেখা যায় না। এতে একদিকে যেমন আসল অপরাধীরা রেহাই পায়, অন্যদিকে ‘অজ্ঞাতনামা’দের তালিকা নিয়ে উৎকোচ-বাণিজ্য চলে।পুলিশের এই বেপরোয়া ক্ষমতাপ্রয়োগের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য কী? পুলিশ যা-ই করুক না কেন, তার পক্ষে সাফাই গাইতে হবে? গত বুধবার আদালত প্রাঙ্গণে পুলিশের হাতে আইনজীবী ও সাংবাদিকেরাও নিগৃহীত হয়েছেন। এ ঘটনার জন্য যেসব পুলিশ সদস্য দায়ী, তদন্তপূর্বক তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। সরকারকে মনে রাখতে হবে, ক্ষমতার অপপ্রয়োগ করে আইনি লোকজন পার পেয়ে গেলে তাঁরা আরও বেপরোয়া হয়ে উঠবেন। তখন পরিস্থিতি সামাল দেওয়া সত্যিই কঠিন হয়ে পড়বে।