পুলিশের বিপরীত আচরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন রক্ষার দায়িত্বে নিয়োজিত পুলিশ বাহিনীর সদস্যরা আইন প্রয়োগ করবেন। তাঁরা সেটি করতে গিয়ে কারও ওপর অমানবিক বা নির্দয় হতে পারেন না। কিন্তু গতকাল প্রথম আলো, ডেইলি স্টার ও সমকাল-এ যে তিনটি ছবি ছাপা হয়েছে, তাতে একদিকে পুলিশের নির্দয়তা, অন্যদিকে দায়িত্বে অবহেলার বিষয়টি স্পষ্ট।
প্রথম আলোর ছবিতে দেখা যায়, গাইবান্ধার সাঁওতালপল্লিতে হামলায় আহত এক সাঁওতাল যুবককে হাতকড়া অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়, যদিও উচ্চ আদালতের নির্দেশে পরে তাঁর হাতকড়াটি খুলে ফেলা হয়েছে। ডেইলি স্টার-এর ছবিতে দেখা যায়, গত সেপ্টেম্বরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ দুই পা হারানো এক আসামিকে আদালতে নিয়ে এসেছে হাতকড়া পরিয়ে। এরই পাশে দেখা যায়, তথ্যপ্রযুক্তি আইনের মামলায় সাংবাদিক প্রবীর সিকদারকেও ফরিদপুরের আদালতে হাজির করা হয় হাতকড়া পরানো অবস্থায়, যিনি অনেক আগে সন্ত্রাসী হামলায় একটি পা হারিয়েছেন।
এর বিপরীতে সমকাল-এ যে ছবি ছাপা হয়েছে, তাতে হাতকড়া প্যান্টের পকেটে ঢুকিয়ে ধর্ষণের মামলার এক আসামিকে বীরদর্পে ঢাকা মেট্রোপলিটন আদালত চত্বর থেকে পালিয়ে যেতে দেখা যাচ্ছে। অবশ্য গতকাল ওই আসামিকে বাড্ডা এলাকা থেকে ফের গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু পালানোর সময়ে আদালত অঙ্গনে পুলিশ সদস্যদের কোনো তৎপরতা লক্ষ করা যায়নি। এর পেছনে গূঢ় রহস্যটা কী? গত তিন বছরে সাতটি আদালত থেকে ১৫ জন এবং ঢাকার আদালত থেকে তিনজন আসামির পালানোর খবর সংশ্লিষ্ট ব্যক্তিদের কর্তব্যে চরম অবহেলার কথাই স্মরণ করিয়ে দেয়।
যেখানে পুলিশ দুই পা হারানো যুবক কিংবা এক পা হারানো সাংবাদিককে হাতকড়া পরিয়ে আদালতে নিয়ে আসতে পারে, সেখানে তাদের কাছ থেকে কীভাবে ধর্ষণ মামলার আসামি ও দুর্ধর্ষ সন্ত্রাসী পালিয়ে যায়? এতে প্রমাণিত হয় যে আইন সবার ক্ষেত্রে ন্যায্যতার ভিত্তিতে ও সমানভাবে প্রয়োগ করা হয় না।
গত রোববার আদালত থেকে আসামি পলায়ন ঘটনার সুষ্ঠু তদন্ত হোক। দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। একই সঙ্গে আইন প্রতিপালনের নামে শারীরিকভাবে চ্যালেঞ্জড ব্যক্তিদের প্রতি নির্দয় আচরণ বন্ধ করার দাবি পুনর্ব্যক্ত করছি। আইনের রক্ষকেরা কারও প্রতি সদয়, কারও প্রতি নির্দয় হতে পারেন না।